সব সড়কেই খানাখন্দ, দুর্ভোগের শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সোনাগাজী পৌর এলাকার ১২টি সড়ক। পথ চলতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার লোকজনকে। জানা যায়, পৌরসভার নয়টি ওয়ার্ডের ১২টি সড়ক দীর্ঘদিন সংস্কার হয়নি। সড়কগুলো হলো—শহীদ নুরুল হক সড়ক, জহির উদ্দিন চৌধুরী সড়ক, চর গণেশ বক্সআলী ভূঁঞা বাড়ী সড়ক, শেখ ইসহাক সড়ক, চর গনেশ সড়ক, তুলাতলী মাঝির দোকান সড়ক, তুলাতলী সড়ক, সোনাগাজী হাসপাতাল হয়ে তুলাতলী সড়ক, তুলাতলী পোস্টমাস্টার বাড়ি সড়ক, আল হেলাল একাডেমি সড়ক, মহিলা মাদ্রাসা সড়ক ও বাখরিয়া সড়ক। পৌর এলাকার বাসিন্দারা জানান, প্রতিটি সড়ক খানাখন্দে ভর্তি। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে পায়ে হাঁটাও দায় হয়ে পড়েছে। বৃষ্টি হলে তো দুর্ভোগের শেষ থাকে না। ছোট-বড় গর্তে পানি জমে থাকে। তখন বেশি জরুরি না হলে রাতে এলাকার লোকজন এসব সড়কে চলাফেরা করতে চায় না। ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ রাসেল জানান, তাঁর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া মেয়ে গত কয়েক দিন আগে বিদ্যালয়ে যাওয়ার পথে গর্তে পড়ে পায়ে ব্যথা পায়। ফলে সে দুই দিন বিদ্যালয়ে যেতে পারেনি।রিকশাচালক বেলাল হোসেন বলেন, ‘সোনাগাজী পৌর শহরের সব রাস্তায় এখন গর্ত। যাত্রী নিয়ে এসব সড়কে গেলে রিকশার ক্ষতি হয়। ভাড়ার টাকাটা মেরামতেই চলে যায়। ফলে নিজের জন্য যেটুকু থাকে তা দিয়ে পরিবারের জন্য প্রয়োজনীয় চালসহ বাজার করা কষ্টকর হয়ে পড়ে।’ পৌরসভার ৮ নম্বরের ওয়ার্ড কাউন্সিলর শেখ কলিম উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসী বেশ কিছুদিন ধরে দুর্ভোগের কথা বলে আসছে। বেশি ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা করে পৌর মেয়র ও সহকারী প্রকৌশলীকে দেওয়া হয়েছে। অচিরেই এসব সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’ সোনাগাজী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাইফুল আজিম জানান, পৌর এলাকার অনেকগুলি সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এগুলোর মধ্যে পাঁচটি সড়কের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে ঠিকাদার নিয়োগ করে কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্তু বর্ষার অজুহাতে ঠিকাদাররা কাজ শুরু করতে দেরি করছে। অবশিষ্ট সড়কগুলোও সংস্কারে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এক্ষেত্রে আগে অর্থ বরাদ্দ পেতে হবে।সোনাগাজী পৌর মেয়র মো. জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ভাঙা সড়ক সংস্কার ও মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে অধিক ক্ষতিগ্রস্ত পাঁচটি সড়কের দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে।’