চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে একটি স্বয়ংসম্পূর্ণ হূদেরাগ বিভাগের (কার্ডিয়াক সার্জারি) জন্য পাঁচ তলাবিশিষ্ট নতুন ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। সরঞ্জাম কেনাও শেষ। কিন্তু এখনো মেলেনি প্রয়োজনীয় জনবল। জনবল পেলে আগামী ডিসেম্বর নাগাদ চট্টগ্রামের একমাত্র সরকারি এই কার্ডিয়াক সার্জারি বিভাগে কম খরচে বাইপাস, ওপেন হার্টসহ সব ধরনের অস্ত্রোপচার সম্ভব হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২০০৯ সালের ১৬ এপ্রিল কার্ডিয়াক সার্জারি বিভাগ করার একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রস্তাব নিয়ে নানা দেন-দরবারের পর গত ৭ নভেম্বর স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক চমেক কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে কার্ডিয়াক সার্জারি বিভাগ স্থাপনের প্রস্তাবটি অনুমোদন করেন। প্রসঙ্গত, গত বছরের ২২ আগস্ট ‘চমেক হাসপাতালে তিন হূদেরাগ সার্জন অলস সময় পার করছেন’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।পরে এই সার্জারি বিভাগের জন্য সরঞ্জাম কেনা বাবদ নয় লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দও দেওয়া হয়। সিএমএসডির সহযোগিতায় দেশ ও দেশের বাইরে থেকে এসব সরঞ্জাম কেনা হয়। ইতিমধ্যে বেশির ভাগ সরঞ্জাম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে জানা গেছে। কিন্তু চট্টগ্রামে স্বতন্ত্র হূদেরাগ চিকিৎসার এই বিভাগটি পরিচালনার জন্য তিনজন চিকিৎসক (সার্জন) ছাড়া আর কেউ নেই। ওই দিক বিবেচনা করে এই বিভাগের জন্য ১৬২ পদ সৃষ্টির একটি প্রস্তাব চট্টগ্রাম থেকে পাঠানো হয়। এর মধ্যে কার্ডিয়াক সার্জারি বিভাগের পাশাপাশি শিশু সার্জন, কার্ডিওলজিস্ট, ভাস্কুলার সার্জারি, কার্ডিয়াক অ্যানেসথেসিস্ট (অবেদনবিদ), টেকনিশিয়ান ও সেবিকা রয়েছে। স্বতন্ত্র কার্ডিয়াক সার্জারি বিভাগ অনুমোদনের ক্ষেত্রে শুরু থেকে এই প্রস্তাবটি তৈরি ও উপস্থাপনের সঙ্গে যুক্ত ছিলেন চমেক হাসপাতালের সহযোগী অধ্যাপক নাজমুল হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কার্ডিয়াক সার্জারির অনুমোদন আমরা পেয়ে গেছি। যন্ত্রপাতিও কেনা শেষ। ভবন তো তৈরিই আছে। শুধু যন্ত্রপাতিগুলো বসাতে হবে। এখন শুধু জনবল পেয়ে গেলেই হয়। জনবলের প্রস্তাবটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর এখন অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন।’খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচ তলা পর্যন্ত ভবনটির মোট আয়তন ৩৫ হাজার বর্গফুট। ইতিমধ্যে চমেক কর্তৃপক্ষ একটি অবকাঠামো অনুযায়ী একটি পরিকল্পনাও সাজিয়েছে—কোন তলায় কী হবে। সে অনুযায়ী নিচতলায় থাকবে জরুরি বিভাগ ও অভ্যর্থনাকেন্দ্র। দ্বিতীয় তলায় ৩১ শয্যার করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও পোস্ট সিসিইউ ইউনিট। তৃতীয় তলায় থাকবে দুটি অস্ত্রোপচার কক্ষ ও ১২ শয্যার আইসিইউ ইউনিট। চতুর্থ তলায় ৪৮ শয্যার সার্জারি ওয়ার্ড। তার মধ্যে অর্ধেক নারী ও শিশুদের জন্য। এ ছাড়া পঞ্চম তলায় ৪৮ শয্যার কার্ডিওলজি ইউনিট।সরেজমিনে দেখা গেছে, এখন হাসপাতালের এই নতুন ভবনে যন্ত্রপাতি ও শয্যা বসানোর কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করা যাবে বলে জানা গেছে। ডিসেম্বরেই চট্টগ্রামে সব ধরনের হূদেরাগের অস্ত্রোপচার সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান।তিনি বলেন, ‘প্রস্তাব অনুযায়ী জনবল পেয়ে গেলে আমরা এই বছরই চালু করে দিতে পারব। যদি কিছু সংখ্যক জনবলও পাওয়া যায় তাহলে আমাদের কাজ শুরু করতে পারব। আশা করি জনবল পেয়ে যাব।’ এই ওয়ার্ডকে সামনে রেখে ডিসেম্বর থেকে দফায় দফায় আমেরিকা, ভারত, ফ্রান্স ও সিঙ্গাপুরের নামিদামী কার্ডিয়াক সার্জনরা চট্টগ্রাম আসবেন বলেও জানা গেছে। চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হূদেরাগ বিভাগে বর্তমানে এনজিওগ্রাম ছাড়া কোনো অস্ত্রোপচার করা যায় না। ফলে এই অঞ্চলের বেশির ভাগ রোগী ভারত, সিঙ্গাপুর, ব্যাংককসহ নানা দেশে ছুটছেন। চমেক হাসপাতালে এই সার্জারি ওয়ার্ড চালু হলে তখন ওই প্রবণতা কমে যাবে বলে তাদের আশা। এখানে ৪০ হাজার টাকায় বাইপাস ও ওপেন হার্ট এবং ১০ হাজার টাকায় ক্লোজড হার্ট অস্ত্রোপচার সম্ভব হবে বলে আশা করছেন নাজমুল হাসান। তিনি বলেন, ‘ইতিমধ্যে আমাদের কাছে ৮০টি হূদেরাগের ভালভ রয়েছে। যদি প্রয়োজনীয় জনবল পেয়ে যাই, তাহলে আমরা ভালভ অস্ত্রোপচার শুরু করে দিতে পারব।’