একজন শিক্ষার্থীর পড়াশোনা সম্পর্কে খোঁজ নিতে এসেছেন তাঁর বাবা। প্রতিষ্ঠানের পরিচালক সবিনয়ে ওই অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করেন কম্পিউটারের মনিটরের দিকে। সেখানে শিক্ষার্থীর শ্রেণীকক্ষে উপস্থিতি, পরীক্ষার ফলাফল, গুণগত মান ইত্যাদি সবই উল্লেখ রয়েছে। আর নিজের চোখে এসব দেখে মুগ্ধ হন অভিভাবক। এই প্রতিষ্ঠানটি হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন কম্পিউটার ইনস্টিটিউট। প্রতিষ্ঠানের পরিচালকের কক্ষে বসেই বোঝা গেল এখানে সবই প্রযুক্তিনির্ভর। পরিচালক তাঁর কক্ষে বসেই তদারকি করতে পারছেন শিক্ষক-শিক্ষার্থীদের সব কার্যক্রম। তাঁর কম্পিউটারে জমা আছে সবার তথ্য। ক্লাসের বিবরণ, পরীক্ষার সময়, ফলাফল বিবরণী ইত্যাদি। শিক্ষার্থীর নাম, ব্যাচ জানাতে পারলে সহজেই তাঁর সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিতে পারবেন তিনি। সিটি করপোরেশন কম্পিউটার ইনস্টিটিউটের পরিচালক আনিস আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা এখানে প্রযুক্তির পরিপূর্ণ ব্যবহারের চেষ্টা করেছি। এতে সার্বিকভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা, মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।’ তিনি আরও জানান, প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে দেশের প্রথম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে সিটি করপোরেশন কম্পিউটার ইনস্টিটিউট। এ বছর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এ স্বীকৃতি দিয়েছে। ২০০৪ সালে নিউমার্কেটের সামনে আলকরণ বিপণিকেন্দ্রের পঞ্চম ও ষষ্ঠ তলায় গড়ে ওঠে এই ব্যতিক্রমী শিক্ষাপ্রতিষ্ঠান। কী কী কোর্স চলছে: তিন মাস, ছয় মাস ও এক বছর মেয়াদের তিনটি কোর্স রয়েছে। তিন মাসের কোর্সগুলো হচ্ছে: সার্টিফিকেট ইন গ্রাফিক্স ডিজাইন, সার্টিফিকেট ইন প্রফেশনাল নেটওয়ার্ক ও সার্টিফিকেট ইন হার্ডওয়্যার অ্যান্ড ট্রাবল শুটিং। ডিপ্লোমা কোর্সের মধ্যে রয়েছে: ডিপ্লোমা ইন কম্পিউটার স্টাডিজ, ডিপ্লোমা ইন গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ও ডিপ্লোমা ইন প্রফেশনাল নেটওয়ার্কিং। এ ছাড়া এক বছর মেয়াদের দুটি কোর্স রয়েছে। এগুলো হচ্ছে অ্যাডভান্সড ডিপ্লোমা ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও অ্যাডভান্সড ডিপ্লোমা ইন নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি। শ্রেণীকক্ষ ও অন্যান্য সুবিধা: এখানে কম্পিউটার রয়েছে ৯৫টি। শ্রেণীকক্ষের সংখ্যা পাঁচটি। এ ছাড়াও একটি হার্ডওয়্যার ল্যাব, লেকচার ল্যাব, লাইব্রেরি, নামাজের স্থান আছে আলাদাভাবে। রয়েছে নিজস্ব জেনারেটরের ব্যবস্থা। প্রতিটি শিক্ষার্থী আলাদা আলাদাভাবে কম্পিউটার ব্যবহার করতে পারে। তারা ক্লাসে এসে প্রথমে নিজেদের উপস্থিতি নিশ্চিত করে। আর এটা করা হয় নিজস্ব আইডি ও পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারে লগ ইনের মাধ্যমে। আবার ক্লাস শেষে বেরিয়ে যাওয়ার সময়ও অনুরূপভাবে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ আউট করে। ইনস্টিটিউটের সময়সূচি: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মোট ২০টি ব্যাচে ভাগ করে ক্লাস নেওয়া হয়। শুক্রবার সাপ্তাহিক ছুটি। পরীক্ষার প্রশ্নমালা তৈরি: পরীক্ষার প্রশ্নমালা তৈরিতেও ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয়। ইনস্টিটিউটের সংরক্ষিত ‘কোশ্চেন ব্যাংক’ থেকে প্রশ্ন নির্বাচন করে বিভিন্ন ব্যাচের উপযোগী প্রশ্নমালা তৈরি করা হয়। যাতে কম্পিউটারে বসেই সেসব প্রশ্নের জবাব দিতে পারে শিক্ষার্থীরা। এসব ডেটার ব্যাকআপও রাখা হয় যাতে কোনো কারণে সমস্যা দেখা দিলে প্রশ্নপত্র ছাপিয়ে বিতরণ করা যায়। পরীক্ষা-পদ্ধতি ও অন্যান্য সুবিধা: এখানে কোনো পর্যবেক্ষণের প্রয়োজন পড়ে না। নকলের সুযোগ থাকে না। কারণ শিক্ষার্থীরা নিজ নিজ কম্পিউটারে নাম ও পাসওয়ার্ড লিখে নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে বসেন। সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে তা বন্ধ হয়ে যাবে। এরপর ভুলশুদ্ধের ভিত্তিতে কম্পিউটার জানিয়ে দেবে ফলাফল। আর সেই ফলাফল গিয়ে জমা হয় ডেটা ব্যাংকে। সেগুলো পরবর্তীকালে ব্যাচের অন্যান্য ফলাফলের সঙ্গে যুক্ত হবে। এভাবে স্বয়ংক্রিয়ভাবে একজন শিক্ষার্থীর উপস্থিতি, প্রোফাইল, বিভিন্ন ফি জমা দেওয়ার হালনাগাদ বিবরণ, পিভিসি, পড়াশোনার মান সবই জমা হবে কম্পিউটারে। পরে এক ক্লিকেই সব বেরিয়ে আসবে। শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা: ইনস্টিটিউটে সব মিলিয়ে বর্তমানে বিভিন্ন কোর্সে ৮০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন বলে জানা গেছে। ইনস্টিটিউটের পরিচালকসহ শিক্ষকের সংখ্যা ১৪ জন। এর বাইরে রয়েছেন ছয়জন অফিস সহকারী, একজন হার্ডওয়্যার টেকনিশিয়ানও চারজন পিয়ন।ভবিষ্যৎ পরিকল্পনা: ইনস্টিটিউটে চার বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে অনুমোদন চেয়ে ঊর্ধ্বতন মহলে লেখালেখি করেছেন প্রতিষ্ঠানের পরিচালক আনিস আহমেদ। তিনি এ ব্যাপারে আশাবাদী। যোগাযোগ: সিটি করপোরেশন কম্পিউটার ইনস্টিটিউট, আলকরণ বিপণিকেন্দ্র। ফোন: ৬২৬২৪২। ই-মেইল: [email protected]ওয়েবসাইট:www.cccibd.org