প্রথম বিভাগ ফুটবল লিগ শেষ। শেষ হয়েছে প্রিমিয়ার ক্রিকেট লিগও। এম এ আজিজ স্টেডিয়ামে বসেছে জাতীয় প্রমীলা চ্যাম্পিয়নশিপ আসর। বসেছিল দাবার আসরও। তার পরও কান পাতলেই হাহাকার শোনা যায়, ‘ঝিমিয়ে পড়েছে ক্রীড়াঙ্গন’। বিবর্ণ ক্রীড়াঙ্গনের সবকিছু ছাপিয়ে রং ছড়িয়েছে চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেটের আসর। যার কথা অনেক দিন মনে রাখবে চট্টগ্রামের ক্রিকেট-ভক্তরা। কিন্তু বিশ্বকাপ ক্রিকেট ছাড়া বছরের অন্য সব আয়োজন ছিল দর্শকশূন্যতায় নিষ্প্রাণ। ফুটবল বা ক্রিকেটশৈলীর টানে নাওয়া-খাওয়া ভুলে মাঠের দিকে ছুটে যাওয়া সেই নবীন প্রবীণ দর্শকেরা কোথায়! শ্রোতা ছাড়া যেমন গানের আসর জমে না, ঠিক তেমনি দর্শক ছাড়া খেলাধুলা প্রাণ পায় না। সে ক্ষেত্রে এসব আয়োজনকে নিছক কর্তব্যপালন কিংবা দায়সারা বলে মনে হয়। চট্টগ্রাম জেলা ফুটবল সংস্থার কর্মকর্তা আ ন ম ওয়াহিদ দুলাল বললেন, দর্শকখরার পেছনে খেলার মানের পাশাপাশি আকাশ-সংস্কৃতির একটি প্রভাব রয়েছে। দর্শক থাকুক আর না-ই থাকুক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কিংবা চট্টগ্রাম জেলা ফুটবল সংস্থা বিদায়ী বছরে তাদের নানা আয়োজনের কথা ভেবে সাফল্যের হাসি হাসতেই পারে। তবে বিদায়ী বছরে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন উজ্জ্বল হয়েছে বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের সফল অংশীদার হয়ে, তার সঙ্গে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের সাফল্যগাথা। বিশ্বকাপের উদ্বোধনী ভেন্যু ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ কেলেঙ্কারির পর চট্টগ্রামে ইংল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে জয় বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখিয়েছে বাংলাদেশকে। তেমনি ‘সৌভাগ্যের মাঠ’ খেতাবও পেয়েছে চট্টগ্রামের নতুন এই বিশ্বকাপ ভেন্যু। বিশ্বকাপের পর গত অক্টোবরে একই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের জয়টিও এসেছে এই ভেন্যুতে। আবার ডিসেম্বরে পাকিস্তানের কাছে পরাজয় এই সৌভাগ্যের মাঠে। তাতে চট্টগ্রামের বিশ্বকাপ ভেন্যুর কৃতিত্ব ম্লান হয়নি কোনোভাবেই।পরিসংখ্যান তাই জানাচ্ছে। গেল বছরে চট্টগ্রামে সব মিলিয়ে স্বাগতিকেরা চারটি আন্তর্জাতিক একদিনের ম্যাচে অংশ নিয়ে তিন জয় পেয়েছে।আন্তর্জাতিক আসরের মতো উজ্জ্বল নয় জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগীয় দলের পারফরম্যান্স। শীর্ষ চারে স্থান না পাওয়ার আক্ষেপ আছে। তবে নাফিস ইকবাল ও নাজিমউদ্দিনের একাধিক শতক এই আসরের বড় প্রাপ্তি। জাতীয় লিগে নাজিমের ব্যাটিং তাঁকে টেস্ট দলে সুযোগ করে দিয়েছে। আকরাম, নাফিস, তামিম, আফতাবদের পথ ধরে চট্টগ্রামের আরেকজন টেস্ট দলে ঢুকে গেল। পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট ঘরের মাঠে নাজিমের ব্যাটেও ছিল দীপ্তি। প্রথম ইনিংসে ৭৮ রান।বছরের শুরু থেকে ব্যস্ত ছিল এম এ আজিজ স্টেডিয়াম। কখনো খেলা কখনো বা মেলা অথবা গান নিয়ে। দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে বাকলিয়া একাদশ চ্যাম্পিয়ন হয়। প্রথম বিভাগে শিরোপা জেতে মুক্তিযোদ্ধা। আর প্রিমিয়ার ক্রিকেটে সেরা হয় শতদল জুনিয়র। বছরের শেষের দিকে এম এ আজিজ স্টেডিয়ামে বসেছিল চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলোর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল আসর।আরও একটি আসর নিয়ে মেতেছিল মিডিয়াজগৎ। কিষোয়ান স্ন্যাকস বিএসজেএ মিডিয়াকাপ ফুটবল টুর্নামেন্ট। যেখানে সংবাদকর্মীরা নিজেরাই খেলোয়াড় আবার নিজেরাই সংবাদ সংগ্রাহক।