সবকিছু পড়ার লোভ সামলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৬তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি–৩: সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি, গণিত আর মানসিক দক্ষতা : পিএসসির নির্ধারিত তারিখ অনুসারে আগামী ৮ জানুয়ারি হচ্ছে বিসিএস ৩৬তম প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষার নানা দিক নিয়ে চাকরিবাকরিতে নিয়মিত পরামর্শ দিচ্ছেন ৩০তম বিসিএস পরীক্ষায় সম্মিলিতভাবে মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী সুশান্ত পাল।

আজকে থাকছে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি, গণিত আর মানসিক দক্ষতা নিয়ে।

‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ দিয়ে, অর্থাৎ সিভিল সার্ভিসে যোগ দেওয়ার প্রচণ্ড ইচ্ছা আর আবেগের সঙ্গে একটু বুদ্ধিশুদ্ধি যোগ করে সামনের কয়টা দিনকে খুবই ভালোভাবে কাজে লাগান। পাবলিক লাইব্রেরির সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেন, খুশি হয়ে গেলেন অনেক কিছু পড়ে ফেললেন ভেবে, কিন্তু যা যা দরকার, তা তা পড়লেন না, এর চেয়ে বাসায় ১২ ঘণ্টা ঠিকভাবে পড়ে বাকি সময় বিশ্রাম নেওয়াও অনেক ভালো।

সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি:
মাথায় রাখুন, আপনার বিজ্ঞানের বেসিক আপনাকে তেমন কোনো বাড়তি সুবিধা দেবে না।
যত বেশিসংখ্যক প্রশ্ন পড়বেন, ততই লাভ।
অন্তত তিনটি গাইড বইয়ের/ডাইজেস্টের সব প্রশ্ন পড়ে ফেলুন।
এ সময়ে রেফারেন্স বই না পড়লেই বরং ভালো।
বুঝে পড়ার কিছু নেই, বারবার পড়ুন। একটা বিষয় একবার বেশি রিভিশন দেওয়া মানেই অন্তত ৫ মার্কস বাড়ানো।
পেপারের কম্পিউটার ও প্রযুক্তি অংশটায় নিয়মিত চোখ রাখুন।

গণিত:
প্র্যাকটিস করার সময় কোনো বাড়তি কাগজে নয়, গাইডে প্রশ্নের পাশের ছোট জায়গাটিতে সমাধান করুন।
কিছু প্রশ্ন, অঙ্কটি করে নয়, বরং যে চারটি অপশন দেওয়া থাকে, সেগুলো থেকে দুটি বাদ দিয়ে বাকি দুটি থেকে ভাবলে অনেক কম সময়ে সমাধান করতে পারবেন।
শর্টকাট ফর্মুলা মনে রাখতে বেশি বেশি সমজাতীয় ম্যাথস প্র্যাকটিস করুন।
ম্যাথস প্র্যাকটিস করবেন একটানা। ‘কাগজ-কলমে নয়, মাথায়’ এই নীতিটি যত বেশি মানবেন, ততই লাভ!
আপনি প্রিলিতে কোন অংশে কত সময় দেবেন, এটা আগে থেকে ঠিক করে নেবেন। মডেল টেস্ট দেওয়ার সময় হাতের ঘড়ি দেখে মিলিয়ে নিন, আপনি কত সময়ের মধ্যে সব ম্যাথস সমাধান করতে পারেন। সময়টি ধীরে ধীরে কমান।
কোনো টেক্সট বই নয়, বরং অন্তত দুটি ভালো গাইড বইয়ের সব ম্যাথস শর্টকাটে সমাধান করে ফেলুন।

মানসিক দক্ষতা:
দু-একটি কনফিউজিং প্রশ্নের উত্তর ছেড়ে দিয়ে আসবেন।
প্রস্তুতি নয়, মাথা ঠান্ডা রাখা আর দ্রুত চিন্তা করার ক্ষমতার ওপর এ অংশের মার্কস নির্ভরশীল।
চার সেট গাইড বই আর সম্ভব হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইভিনিং এমবিএ ভর্তি পরীক্ষার অ্যানালাইটিক্যাল পার্টের প্রশ্নগুলো সমাধান করে ফেলুন।
প্রতিদিনই মডেল টেস্ট দেবেন গাইড থেকে, আর সময় পেলে ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে। প্রশ্ন সহজ হবে, আর আপনি বোকামি করে ভুল করবেন, এটি আগেই মেনে নিন। প্রিলির জন্য পড়বেন আর ভুলবেন, এরপর আবারও পড়বেন আর বারবার পড়েই যাবেন, এতে প্রশ্নোত্তরগুলোর একটি ছবি মাথায় ‘সেট হয়ে যাবে’। সবকিছু পড়ার সহজাত লোভ সামলান। ধরুন, আপনি আম খাবেন। আম খাওয়ার আগে আমের বৈজ্ঞানিক নাম জেনেও আপনি আম খেতে পারেন। কোনো সমস্যা নেই। তবে আমি মনে করি, আগে আমটা খেয়ে নিয়ে পরে আমের বৈজ্ঞানিক নাম জানার ইচ্ছাটা পূরণ করা ভালো। যদি আমের চৌদ্দগুষ্টি খবর নিতে গিয়ে আম খাওয়াটাই না হয়, তাহলে তো আর হলো না। যা যা পড়া দরকার, সেগুলোতে একবার চোখ বুলিয়ে যাওয়াটাই কঠিন হয়ে পড়ে, ফালতু জিনিসপত্র পড়ার টাইম কোথায়? একটু বুদ্ধি করে পড়াশোনা করুন। যেমন বিভিন্ন দেশের মুদ্রা ও রাজধানীর নাম কিংবা পুরো সংবিধান মুখস্থ করে ফেললে হয়তো ২-৩ মার্কস পাবেন, কিন্তু ওই একই চেষ্টায় অন্য কিছুতে দিলে আপনি অন্তত ২০ মার্কস বাড়াতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আত্মতুষ্টির চেয়ে মার্কস প্রাপ্তি বেশি জরুরি।