সবকিছু মেলে মারমা বাজারে
এমন কোনো জিনিস নেই যা মারমা বাজারে পাওয়া যায় না। বনের ফলমূল, লতাপাতা, জুমের টাটকা সবজি, খেতের বেগুন, সামুদ্রিক তাজা মাছ—এমনকি পানীয় তৈরির উপকরণ মলিসহ সবকিছু, এক চক্কর ঘুরলে এ বাজারেই ক্রেতারা পেয়ে থাকেন। এ জন্য জেলা শহরের আদিবাসী-বাঙালি সবাই মারমা বাজারের ওপর নির্ভরশীল। রাসায়নিকমুক্ত বৈচিত্র্যপূর্ণ তাজা খাবারের জন্য বাজারটি দোহাজারি, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গার পাইকারদের কাছেও পরিচিতি। গুরুত্বপূর্ণ এ বাজারটির নিজস্ব কোনো জমি নেই। একসময় বিশাল এলাকাজুড়ে বাজার বসলেও এখন বান্দরবান জেলা শহরের সড়কের ওপর মধ্যমপাড়ার শেষ প্রান্তে অল্প পরিসরে এই বাজার বসে। নির্দিষ্ট কোনো স্থান না থাকায় ধীরে ধীরে বাজারটি উঠে যাবে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। রোববার ও বুধবার সপ্তাহে দুই দিন নির্দিষ্ট হাটবার হলেও প্রতিদিন সকাল এবং বিকেলে বাজার বসে। মধ্যমপাড়ার প্রধান সড়কে ও বালাঘাটা ফেরিঘাট সড়কের ওপর আশপাশের পাড়া থেকে আসা দরিদ্র আদিবাসী নারীরা সারবেঁধে বিভিন্ন পণ্য সাজিয়ে বিক্রি করেন এই বাজারে।বাজারে আসা সিমং মারমা বলেন, ‘মারমা বাজারে বাঁশকরুল (কচিবাঁশ), বন করলা, খনা, শিমুলফুল, তারা, বেতের আগা, হাড়গাজা, ঝিরি-ঝরনার শামুক, ঝিনুক, পাথুরে কাঁকড়া, কচ্ছপ, গুইসাপ, পাহাড়ি চিংড়িসহ বনের ও খেতের হরেক রকম পণ্য পাওয়া যায়। বৈচিত্র্যপূর্ণ এসব খাদ্যদ্রব্য তরতাজা ও রাসায়নিকমুক্ত হওয়ায় বহু ক্রেতা দূর-দূরান্ত থেকে এখানে বাজার করতে আসেন।’ বাঁশকোরক (বাঁশকরুল) ও পাথুরে কাঁকড়া নিয়ে আসা সানুচিং মারমা জানান, তাঁরা জঙ্গল ও ঝিরি-ঝরনা থেকে তরিতরকারি সংগ্রহ করেন। বন থেকে বাঁশকরুল সংগ্রহ করে কেজি ১০০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি করেন। বাজারে এসব আদিবাসী তরিতরকারির সরবরাহ ভালো হওয়ায় দাম কমেছে। পাঁচটি কাঁকড়া বিক্রি হচ্ছে ৫০ টাকায়। পাইনছাড়া থেকে আনন্দ বালা চাকমা জুমের সাবারাং ও ফুউজি (জুমে উৎপাদিত এক ধরনের মসলা) নিয়ে এসেছেন। চট্টগ্রামের পাইকারের কাছে এসব সবজি বিক্রি করেছেন বলে জানালেন। মারমাদের প্রিয় সবজি লহ (বনে পাওয়া একধরনের গন্ধযুক্ত লতানো ঔষধি গাছের পাতা) নিয়ে এসেছেন উম্যাচিং মারমা। বললেন, এখন বন উজাড় হয়ে যাওয়ায় আর আগের মতো লহ পাওয়া যায় না। আদিবাসীদের খাবার-দাবার নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন উচিংপ্রু মারাম ও লাকি চাকমা। তাঁরা বলেন, ‘মারমা বাজারে জুম, বনাঞ্চল, নদী ও ঝরনা থেকে সংগ্রহ করা শতাধিক আদিবাসী তরিতরকারি এ বাজারে বিক্রি হয়। তবে বনাঞ্চল থেকে সংগ্রহ করা হতো এ রকম অনেক খাবার এখন আর পাওয়া যায় না।’ জানা গেছে শত বছরের প্রাচীন মারমা বাজারটি প্রথমে মগবাজার নামে বর্তমান ট্রাফিক মোড়ের কাছাকাছি হিন্দুমন্দির এলাকায় একটি বটগাছ তলায় বসত। মারমা নারীরা বাজারে বনের ও জুমের টাটকা শাকসবজি বিক্রি করতে আসেন। এ ছাড়া বন্য শূকর, সম্বর হরিণ, মায়া হরিণ ও বিভিন্ন প্রাণীর মাংসও পাওয়া যায় এই বাজারে।আদিবাসী প্রবীণেরা জানান, বান্দরবানে থানা ও মহকুমা হওয়ার সময়ে মাত্র কিছু সংখ্যক বাঙালি ব্যবসায়ী এখানে বসবাস করতেন। তাঁরাও বেশির ভাগ মৌসুমভিত্তিক ব্যবসার জন্য আসতেন। ১৯৭১ সালে স্বাধীনতার সময়েও বান্দরবানের বর্তমান জেলা শহরে মাত্র শ খানেক বাঙালি পরিবার ছিলেন। তখন বান্দরবানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মারমারাই বাজারের মূল ক্রেতা ছিলেন। বাজারের নামকরণ করা হয় মগ বাজার বা মারমা বাজার। মারমা বাজারের ব্যবসায়ী মংচহ্লা মারমা ও মানুপ্রু মারমা আক্ষেপ করেন বলেন, এই বাজারকে কেন্দ্র করে বান্দরবান জেলা শহর গড়ে উঠেছে। অথচ এ বাজারের নামে কোনো জমি নেই। বালাঘাটের ফেরিঘাটমুখী একটা রাস্তায় এখন এই বাজার বসে। বাজার দূরে সরে যাওয়ায় এখন অনেক ক্রেতা সেদিকে যেতে চান না। তাঁরা অনুকূল জায়গায় বাজারটি সরিয়ে নেওয়ার দাবি জানান। বাজারের চৌধুরী চহ্লাপ্রু জিমি বলেন, জেলা শহরের প্রত্যেক মানুষ মারমা বাজারের ওপর নির্ভরশীল হলেও এই বাজারের নামে আলাদা কোনো জায়গা নেই। এটি বান্দরবান বাজারের একটি অংশ হিসেবে ধরে নেওয়া হয়। বাজার ফান্ড কর্মকর্তা যতন মারমা সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘মারমা বাজার নামে কোনো বাজার না থাকলেও এটি উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।’