সবকিছুতে এগিয়ে বিএনপির হায়দার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদের বিএনপি প্রার্থী ও বর্তমান মেয়র নুরুল ইসলাম হায়দারের বিরুদ্ধে মামলা রয়েছে ১৮টি। অন্যদিকে, আওয়ামী লীগের প্রার্থী আলমগীর চৌধুরীর নামে কোনো মামলা নেই। একইভাবে আয়, ধনসম্পদ ও শিক্ষাও এগিয়ে নুরুল ইসলাম হায়দার। মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে জমা দেওয়া দুই মেয়র প্রার্থীর হলফনামা পর্যবেক্ষণ করে এই তথ্য পাওয়া যায়।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, নুরুল ইসলাম হায়দারের বিরুদ্ধে থাকা ১৮টি মামলা কক্সবাজার জেলা ও দায়রা জজ, চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে। এর আগে কক্সবাজার ও বান্দরবান আদালতে আরও পৃথক পাঁচটি মামলা থেকে খালাস পেয়েছেন তিনি।
এ প্রসঙ্গে নুরুল ইসলাম হায়দার প্রথম আলোকে জানান, বিএনপি নেতা-কর্মীদের এলাকাছাড়া করতে গত কয়েক বছরে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে। এর থেকে তিনিও বাদ পড়েননি। বিভিন্ন আদালতে বিচারাধীন ১৮টি মামলায় তিনি জামিনে মুক্ত হয়ে নির্বাচন পরিচালনা করছেন।
অন্যদিকে, আলমগীর চৌধুরীর দাবি, তিনি পরিচ্ছন্ন ব্যক্তি। তাই তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই।
এ ছাড়া নুরুল ইসলাম হায়দারের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। আলমগীর চৌধুরী ‘স্বশিক্ষিত’। হলফনামায় দুই মেয়র প্রার্থীর পেশা উল্লেখ করা হয়েছে ব্যবসা ও মৎস্য চাষ।
ব্যবসা থেকে আলমগীর চৌধুরীর বার্ষিক আয় দেখানো হয়েছে দুই লাখ টাকা। মৎস্য চাষ থেকে আয় করেন আরও এক লাখ টাকা। নগদ টাকা আছে ৫০ হাজার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে দুই লাখ টাকা। রয়েছে একটি কার ও মোটরসাইকেল।
নুরুল ইসলাম হায়দার কৃষি খাত থেকে আয় করেন পাঁচ হাজার, ব্যবসা থেকে ৫০ হাজার ও পৌরসভার মেয়র হিসেবে ভাতা পান ২ লাখ ৪০ হাজার টাকা। তাঁর নগদ টাকা আছে দুই লাখ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৫০ হাজার এবং লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক কিস্তি দেন ২ লাখ ৪২ হাজার ৩৬৪ টাকা।
সম্পদের ক্ষেত্রে হায়দারের আছে ২৫ একরের রাবারবাগান, ফলদ ও বনজ চারা উৎপাদনের নার্সারি, সেমিপাকা বাড়ি ও ১০ একরের চিংড়ি জমি।
আর আলমগীর চৌধুরীর আছে আট একর চিংড়ি জমি। যৌথ মালিকানার ১ দশমিক ২০ একর জমি ও একটি পাকা বাড়ি।
সম্পদের দিক থেকে নুরুল ইসলাম হায়দারের স্ত্রীর আছে নগদ এক লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৫০ হাজার ও ডিপিএস বার্ষিক ২০ হাজার টাকা। স্বর্ণ ও পাথর নির্মিত অলংকার আছে ১০ হাজার টাকার।
আর আলমগীর চৌধুরীর স্ত্রীর আছে নগদ ৩০ হাজার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে দুই লাখ টাকা, মাসিক দুই হাজার টাকার ১০ বছর মেয়াদি ডিপিএস আছে একটি। স্বর্ণ আছে ১০ ভরি।
এদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী নুরুল ইসলাম হায়দার। তিনি বলেন, ‘অতীতের কর্মকাণ্ড আমলে নিলে এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে—তা বলা যাবে না। তার পরও আমরা মাঠে আছি। এর মধ্যে বিএনপি–সমর্থক ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধমকি তো চলছেই।’
এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী আলমগীর চৌধুরী বলেন, পরিবেশ-পরিস্থিতি ভালো। নৌকার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে। এসব দেখে বিএনপির নেতা-কর্মীরা ভীত। তাই নানা অজুহাতে তাঁরা অপপ্রচার চালাচ্ছেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০ মার্চ এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০১১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী (বর্তমানে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান) জাফর আলমকে পরাজিত করে মেয়র হন নুরুল ইসলাম হায়দার। নির্বাচনে হায়দার পান ১১ হাজার ২২৭ ভোট। জাফর আলম পেয়েছিলেন ৯ হাজার ৫০৯ ভোট।