সবকিছুতেই সেরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল লেখাপড়া নয় বিতর্ক কিংবা সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায়ও তাক লাগানোর মতো সাফল্য আছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের। গত কয়েক বছর ধরে ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে জেলায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছে এই বিদ্যাপীঠ।এই সাফল্য কী করে সম্ভব হলো? এমন প্রশ্নের উত্তরে বিদ্যালয়ের অধ্যক্ষ লে. কর্নেল আবু ছালেহ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনা শতভাগ ঠিক থাকলে কৃতকার্যের হারও শতভাগ হবে। ছাত্র, শিক্ষক ও অভিভাবকের মধ্যে নিবিড় যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা ছিল বলেই এমন ভালো ফলাফল সম্ভব হয়েছে। অভিভাবকদের মতে, জেলার বহু ঐতিহ্যবাহী ও পুরোনো বিদ্যালয়কে পেছনে ফেলে খুব অল্প সময়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা এই শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের মূলমন্ত্র শৃঙ্খলা।এবারে এসএসসি পরীক্ষায় বান্দরবান জেলার ১৯টি বিদ্যালয়ের ৫১ জন পেয়েছে জিপিএ-৫। আর এর মধ্যে ২৭ জনই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের। এ বছর এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৭ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। ২৭ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ১৯ জন বিজ্ঞান ও আটজন ব্যবসায় শিক্ষা বিভাগের।ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কর্তৃপক্ষ জানায়, ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি বান্দরবানের ক্যান্টনমেন্ট এলাকায় এই শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু। ২০১০ সাল থেকে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত চার বছরের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয়ের মাত্র একজন অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ইয়াকুব আলী জানান, চট্টগ্রাম বিভাগে ২০১২ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২০তম ও এসএসসিতে ১৭তম স্থান অধিকার করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। বর্তমানে এই শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যালয় ও মহাবিদ্যালয় শাখায় এক হাজার ১০০ শিক্ষার্থী লেখাপড়া করছে। এদের মধ্যে ১৩৫ জনের জন্য রয়েছে আবাসিক সুবিধা।