ফেনীর সোনাগাজী উপজেলায় দ্বিতীয় পর্যায়ে পাঁচ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হবে। এই পাঁচ ইউনিয়নের মোট ৫১টি ভোটকেন্দ্রের সবগুলোকে প্রশাসন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। তবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে, উপজেলার উপকূলীয় দুর্গম এলাকার ভোটাররা অভিযোগ করেছেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও জলদস্যুরা নির্বাচনকে কেন্দ্র করে তৎপর হয়ে উঠেছে। তাঁরা বিশেষ কিছু চেয়ারম্যান-সদস্য পদপ্রার্থীর হয়ে ভোট চাইছে। তাঁদের পছন্দের প্রার্থীদের ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ করছেন। অন্যথায় পরে হলেও ভোটারদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। তবে এসব ভোটার নিরাপত্তার অভাবে নিজেদের নাম প্রকাশ করতে চাননি। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দ্বিতীয় পর্বে চর মজলিশপুর, বগাদানা, মঙ্গলকান্দি, চর দরবেশ ও চর চান্দিয়া—এই পাঁচ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৫১টি। মোট ভোটার ৮৫ হাজার ১১২ জন। চেয়ারম্যান পদপ্রার্থী ৩৫ জন। তাঁদের মধ্যে চর মজলিশপুর ইউনিয়নে এয়ার আহম্মদ সাহাবুদ্দিন, আবু জাফর, মো. ফজলুল হক, মমিনুল হক, এম এ হোসেন, রবিউল হক ও এ কে এম তকি, বগাদানা ইউনিয়নে হাবিব উল্ল্যাহ পাটোয়ারী, কাজী মনছুর উদ্দিন, আবু ছালেহ, মো. বদরুদ্দোজা, মো. আবদুল হালিম, সাখাওয়াতুল হক, মো. জহিরুল আলম ও নাসির উদ্দিন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলকান্দি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. নুরুল ইসলাম, মো. জসিম উদ্দিন, কামরুল ইসলাম, দাউদুল ইসলাম, মো. নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, মো. হানিফ ও আমিরুল ইসলাম। আবুল কালাম আজাদ, মো. ইলিয়াছ, রফিকুল ইসলাম, নাফিজ উদ্দিন, আবদুর রহমান, জাহিদুল ইসলাম ও এম এম তালেব আলী চর দরবেশ ইউনিয়নে এবং সামছুদ্দিন খোকন, গিয়াস উদ্দিন, মাওলানা কলিম উল্লাহ, জহির উদ্দিন, সেলিম জাহাঙ্গীর ও মোশারেফ মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন চর চান্দিয়া ইউনিয়নে।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরী প্রথম আলোকে জানান, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত ২৮ জুন উপজেলায় প্রথম পর্বে চারটি ইউনিয়নে (ইউপি) নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সবার সহযোগিতা থাকলে এবারেও একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সমন্বয়ক মো. নুরুল্লাহ নূরী প্রথম আলোকে জানান, পাঁচটি ইউনিয়ন পরিষদের ৫১টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ১৪ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স এবং প্রতিটি ইউনিয়নে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) বিশেষ টিম মোতায়েন থাকবে। জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ব্যতিক্রম হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’