সবখানে এত ভেজাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিষ্টিতে মাছি-তেলাপোকা। বিস্কুটে খাবার অনুপযোগী রাসায়নিক ও রং। বাজার সয়লাব মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে। পচা বাসী খাদ্যসামগ্রী বিক্রি তো আছেই। প্রতিদিন এসবই খাচ্ছে চট্টগ্রাম নগরবাসী! সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দীর্ঘ মেয়াদে ভেজাল খাদ্য গ্রহণে জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, পচা বাসি কিংবা রাসায়নিক মিশ্রিত খাদ্যদ্রব্য গ্রহণ করলে কিডনি, লিভার সংক্রান্ত নানা রোগ হতে পারে। এ ছাড়া উচ্চরক্তচাপ এবং তাৎক্ষণিকভাবে ডায়রিয়া হওয়ার আশঙ্কা থাকে। গর্ভবতী মায়েরা এই ধরনের খাবার খেলে বিকলাঙ্গ শিশু জন্ম নিতে পারে। তিনি আরও বলেন, নকল আর অনুমোদনহীন ওষুধের কারণে ক্যানসারের মতো জটিল রোগও হতে পারে। কারণ নকল ওষুধ শরীরের জন্য বিষ।
কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাজের হোসাইন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও পিউর ফুড অ্যাক্ট ১৯৫৯ থাকলেও উৎপাদনকারী কিংবা বিক্রেতারা এসব মেনে চলছেন না। মান তদারকির দায়িত্বে যাঁরা আছেন তাঁদের উদাসীনতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদি প্রতিদিন তদারক করা হতো তাহলে এই ধরনের ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো না।
নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযানে দেখা যায়, বিক্রি হচ্ছে পচা বাসি মিষ্টি ও রাসায়নিক মিশ্রিত বিস্কুট। কারখানার পিরবেশ অস্বাস্থ্যকর। পানীয়তে মেশানো হয়েছে অ্যালকোহল। অনুমোদনহীন ও নকল ওষুধের ছড়াছড়ি। এমনকি রোগ নির্ণয় কেন্দ্রে ব্যবহার করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক।
৪ জানুয়ারি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরের বোস ব্রাদার্স নামের মিষ্টির দোকানে গিয়ে দেখতে পান মিষ্টির পাত্রে তেলাপোকা আর মাছি ভাসছে। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মিষ্টি। পুরো কারখানা দুর্গন্ধযুক্ত। এই দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এর আগেও গত ১০ বছরে একই অপরাধে বোস ব্রাদার্সকে কয়েকবার জরিমানা গুনতে হয়েছে।
একই দিন নগরের এনায়েত বাজার এলাকার রয়েল বাংলা সুইটসকে ৫০ হাজার এবং দেওয়ানবাজারের ইকবাল সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নোংরা পরিবেশে সেখানে মিষ্টি এবং অন্যান্য সামগ্রী তৈরি করা হচ্ছিল। এর আগে গত বছর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রয়েল বাংলা সুইটসকে একবার জরিমানা করা হয়েছিল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, ‘মিষ্টির দোকানে পচা বাসি খাবার আর নোংরা পরিবেশ। ফার্মেসিতে অনুমোদনহীন, নকল ওষুধ। সবখানে ভেজাল। মানুষ যাবে কোথায়? আইন প্রয়োগ করে এভাবে কত দিন ব্যবসায়ীদের পরিবর্তন করা যাবে! এ জন্য দরকার নিজেদের শুভবুদ্ধি, মানবিকতা। এই ধরনের মিষ্টি কিংবা ওষুধ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে, এই বোধটা যত দিন না আসবে তত দিন পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হবে না। তার পরও আমরা আমাদের কাজ করে যাব।’
এদিকে নকল, অনুমোদনহীন বিদেশি ওষুধ এবং সরকারি ওষুধ রাখার দায়ে গত সাত মাসে নগরের ১৫৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়। সর্বশেষ ৪ জানুয়ারি নগরের ডিসি রোডে অ্যাপেক্স ফার্মেসি নামে একটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বন্ধ ফ্রিজে ইনজেকশন রাখা হয়েছিল দোকানটিতে। এ ছাড়া নকল এবং ভারতীয় ওষুধ বিক্রি করছিল তারা।
জেলা প্রশাসনের পাশাপাশি র্যা ব, বিএসটিআই, সিটি করপোরেশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তর ভেজাল এবং নকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। খাদ্যদ্রব্যে রাসায়নিক, রং ব্যবহারের দায়ে র্যা বের ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম গত শুক্রবার থাই ফুড প্রোডাক্ট নামে বেকারি সামগ্রী তৈরির প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন।
গত এক সপ্তাহে নগরের অন্যতম খাদ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান বনফুল অ্যান্ড কোম্পানিকে ১৫ লাখ এবং মধুবনকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ নুডলস এবং বিস্কুটের মোড়কের গায়ে নতুন করে মেয়াদ লিখে বাজারজাত করা হচ্ছিল বলে মধুবনের বিরুদ্ধে অভিযোগ। এ ছাড়া বনফুল থেকে পচা বাসি মিষ্টি জব্দ করা হয়। এসব প্রতিষ্ঠান নিষিদ্ধ ঘনচিনি ব্যবহার করছিল বলে ম্যাজিস্ট্রেট জানান।
ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্রের হাল : র্যা ব সম্প্রতি নগরের নামী কিছু হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রে অভিযান পরিচালনা করেছে। এসব কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (রাসায়নিক) ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা করার প্রমাণ মিলেছে। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে ডিপ্লোমা টেকনিশিয়ানের পরিবর্তে অষ্টম শ্রেণি পাস কর্মী দিয়ে পরিচালনা করা হচ্ছিল রোগ নির্ণয়ের কাজ। এই ধরনের নানা অভিযোগে নগরের মেট্রোপলিটন হাসপাতালকে ৮ লাখ ১০ হাজার, শেভরন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ লাখ, মেডিকেল সেন্টারকে দুই লাখ ৫০ হাজার, রয়েল হাসপাতালকে চার লাখ, সিএসসিআর হাসপাতালকে চার লাখ, ল্যাব এইডকে দুই লাখ এবং মেট্রো ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বেলভিউ এবং সেনসিভকেও একই কারণে জরিমানা গুনতে হয়েছে।
৭ জানুয়ারি নকল ওষুধ তৈরির দায়ে ফার্মিক ল্যাবরেটরি নামে একটি ওষুধ উৎপাদন কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা করে র্যা ব। একই প্রতিষ্ঠানকে আগেও একবার জরিমানা করা হয়েছিল।
জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক (উপসচিব) জুবায়ের আহমেদ বলেন, সবখানে ভেজাল। আমরা অভিযান করছি। আইন প্রয়োগ করছি। এতে কিছুদিন ভালো থাকে। আবার শুরু করে।