সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কের এই হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​বিমানবন্দর সড়কে কিছু​দূর অন্তর বড় বড় গর্ত। এসব গর্তে পানি জমে থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে গাড়ি চলাচল। ছবিটি গত রোববার ​সল্টগোলা এলাকা থেকে তোলা l সৌরভ দাশ
​বিমানবন্দর সড়কে কিছু​দূর অন্তর বড় বড় গর্ত। এসব গর্তে পানি জমে থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে গাড়ি চলাচল। ছবিটি গত রোববার ​সল্টগোলা এলাকা থেকে তোলা l সৌরভ দাশ

সড়কে একটু পরপর সৃষ্টি হয়েছে গর্ত, খানাখন্দ। কোথাও কোথাও গর্তের গভীরতা ছয় ইঞ্চিরও বেশি। এসব এড়াতে গাড়িচালকদের সতর্ক দৃষ্টি। গর্তের সামনে এসে কমে আসে গাড়ির গতি। পেছনে বাড়ে গাড়ির জট।
নগরের বন্দরটিলা এলাকায় গেলে বিমানবন্দর সড়কের এমন চিত্র চোখে পড়ে। শুধু বন্দরটিলা নয়, এই সড়কের একাধিক স্থানে এমন অবস্থা বিরাজ করছে। সম্প্রতি টানা বৃষ্টিতে সড়কের অবস্থা আরও নাজুক হয়েছে।
বৃষ্টির জন্য সড়ক সংস্কারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই তত্ত্বাবধায়ক প্রকৌশলী। গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে বিমানবন্দর সড়কের এ করুণ চিত্র দেখা যায়। এই সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন। সড়ক ব্যবহারকারী বিদেশি বিনিয়োগকারী, দেশি-বিদেশি পর্যটক, প্রবাসীসহ নগরের হাজারো বাসিন্দার ভোগান্তি এখন চরমে উঠেছে।
গুরুত্বপূর্ণ সড়কটির দুই পাশে বন্দর, জেটি, বিমানবন্দর, ইপিজেড, তেলের শোধনাগার ও স্থাপনা, বোট ক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় স্থাপনা রয়েছে। এ ছাড়া নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত, ১৫ নম্বর ঘাট, নেভাল অ্যাভিনিউ ও প্রজাপতি পার্কের মতো পর্যটন স্পটে যাওয়ার জন্য এই সড়ক ব্যবহার করতে হয়।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সল্টগোলা এলাকায় উড়ালসড়কের পাশে বিমানবন্দর সড়কের এক দিকে পানি জমে রয়েছে। উড়ালসড়কের নিচে ও পাশের সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। অনেক জায়গায় পিচ উঠে গেছে।

ইপিজেড এলাকায়ও অসংখ্য গর্ত l প্রথম আলো
ইপিজেড এলাকায়ও অসংখ্য গর্ত l প্রথম আলো

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের লোকজন ইট, বালু ও বিটুমিন দিয়ে এসব গর্ত অস্থায়ীভাবে ভরাট করে দিচ্ছেন। তবে পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। পানি যাওয়ারও জায়গা নেই। পানি জমে রাস্তায় গর্ত সৃষ্টি হয়েছে। প্রতিবারই ইট-বালু দিয়ে কোনো রকম ভরাট করে দেওয়া হয়। কিন্তু বৃষ্টি হলেই আবার তা ধুয়ে যায়। সৃষ্টি হয় খানাখন্দ।
সল্টগোলা এলাকা পার হয়ে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) মূল প্রবেশদ্বারের সামনে গিয়ে দেখা যায়, সড়কের এই অংশেও অসংখ্য খানাখন্দ।
ইপিজেড–গেট থেকে বন্দরটিলার দিকে যাওয়ার সময় দেখা যায়, সড়কে একটু পরপর গর্ত, অনেক জায়গায় পিচঢালাই উঠে গেছে।
সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ দুলাল বলেন, এই ভাঙা রাস্তায় গাড়ি চালাতে খুব কষ্ট হয়। ঈদের আগে থেকে রাস্তার অবস্থা খারাপ। এখন বৃষ্টিতে আরও খারাপ হয়েছে।
মোহাম্মদ দুলাল বলেন, সড়কের খানাখন্দে পড়ে যাতে দুর্ঘটনা না ঘটে, তাই চালকদের সারাক্ষণ সতর্ক থাকতে হয়। এ জন্য গর্তগুলো এড়াতে গাড়ি চালাতে হয় ধীরে ধীরে। এতে তখন পেছনে গাড়ির জট পড়ে যায়।
এদিকে এই সড়কের সঙ্গে সংযুক্ত বারিক বিল্ডিং সড়কেরও একই অবস্থা বিরাজ করছে। এই সড়কের বারিক বিল্ডিং মোড় থেকে বন্দরের ২ নম্বর জেটি পর্যন্ত অংশে অসংখ্য গর্তের দেখা মেলে।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টির সঙ্গে পেরে উঠছি না। টানা বৃষ্টি লেগেই আছে। তারপরও ফাঁকে ফাঁকে সড়কের গর্ত ও খানাখন্দগুলো ঠিক করে দিচ্ছি। কিন্তু বৃষ্টিতে তা নষ্ট হয়ে যাচ্ছে। আর সড়ক সংস্কারে আমাদের চেষ্টার কমতি নেই।’
প্রকৌশলী এয়াকুব নবী জানান, জাইকার অর্থায়নে নগরের বিমানবন্দর সড়কের সল্টগোলা থেকে কাঠগড় পর্যন্ত নতুন করে পিচঢালাই করা হবে। ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ দেওয়ার জন্য ই-দরপত্র দেওয়া হয়েছে।
করপোরেশনের আরেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, বৃষ্টির জন্য সংস্কারকাজ করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি বন্ধ হলে ও রোদ উঠলেই আবার সড়ক সংস্কারের কাজ শুরু হবে।