সবচেয়ে কম গাছ সরকারি ব্যবস্থাপনার বনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে বন আছে চার রকমের। এগুলো হচ্ছে সরকারি ব্যবস্থাপনাধীনে সংরক্ষিত, রক্ষিত এবং ব্যক্তিমালিকানাধীন ও জনগণের যৌথ ব্যবস্থাপনাধীন বন। তবে গাছের সংখ্যা সবচেয়ে কম সরকারি ব্যবস্থাপনাধীন সংরক্ষিত ও রক্ষিত বনে। সরকারি কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। রাঙামাটি জেলা প্রশাসন সূত্র জানায়, ব্যক্তিমালিকানাধীন কী পরিমাণ বনজ ও ফলদ বাগান রয়েছে তা জানানো সম্ভব নয়। এ ব্যাপারে এ পর্যন্ত কোনো জরিপও চালানো হয়নি। তবে ব্যক্তিমালিকানাধীন ভূমিতে প্রচুর গাছ রয়েছে। বন বিভাগের রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক (সিএফ) সফিউল আলম চৌধুরী সরকারি সংরক্ষিত বন ধ্বংস হয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি, লোকবলের অভাবসহ নানা কারণে সংরক্ষিত বন রক্ষা সম্ভব হয়নি। প্রায় ২৫ বছর ধরে বন বিভাগের লোকজন রাজনৈতিক পরিস্থিতির কারণে ঠিকমতো পাহারা পর্যন্ত দিতে পারেনি।’ রাঙামাটি সার্কেলের আওতাধীন কাচালং, রেংখ্যং, মাইনি ও সীতাপাহাড়সহ কিছু ছোট ছোট সংরক্ষিত বন রয়েছে বলে তিনি জানান।তবে পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা বলেন, ‘রাষ্ট্রীয় নীতিমালা ও ব্যবস্থাপনায় জনগণের সম্পৃক্ততা না থাকা ও বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির কারণে সংরক্ষিত বন রক্ষা সম্ভব হচ্ছে না।’ তাঁর মতে, ‘রক্ষিত বন আসলে বন নয়, এগুলো বাগান। এসব বাগান থেকে সরকার কিংবা সাধারণ জনগণ লাভবান হচ্ছেন না, বরং ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’ তবে বন বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা লাভবান হচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। জানা যায়, ১৮৬০ সালের আগে পার্বত্য চট্টগ্রামের প্রায় এলাকাই ছিল প্রাকৃতিক বন। ১৮৬০ সালের দিকে সরকার বন বিভাগের মাধ্যমে রাঙামাটি জেলার কাপ্তাইয়ের সীতা পাহাড়ে প্রথম সংরক্ষিত বন সমপ্রসারণের কাজ শুরু করে।বন বিভাগের বিভিন্ন নথিতে জানা যায়, প্রাকৃতিক বন কেটে তৎকালীন বার্মা (মায়ানমার) থেকে আনা সেগুনের বীজ রোপনের মাধ্যমে সংরক্ষিত বনস্থাপনের কাজ শুরু হয়। পর্যায়ক্রমে পার্বত্য চট্টগ্রামে চারটি বড় ও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা নিয়ে প্রায় আট লাখ একর জায়গায় সংরক্ষিত বন সমপ্রসারণ করা হয়। ৮০-এর দশকের শেষ ও ৯০-এর দশকের প্রথম দিকে তিন পার্বত্য জেলার ৮৬টি মৌজায় আরও দুলাখ ১৮ হাজার একর ভূমিতে বন সমপ্রসারণের ঘোষণা দেওয়া হলে পার্বত্য চট্টগ্রামে অসন্তোষ দেখা দেয়।এদিকে বিভিন্ন গবেষণায় দেখা যায়, পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সম্পদকে ব্যক্তিমালিকানাধীন ও বাণিজ্যিক পণ্য হিসেবে ব্যবহার শুরু হয় বিংশ শতাব্দীর শুরু থেকে। পরবর্তীকালে ১৯৬০ সালে পানিবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে নির্মাণ করা হয় বাঁধ। এতে প্রায় ৭০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে পার্বত্য চট্টগ্রামের ৪০ শতাংশ প্রথম শ্রেণীর ধানি জমিসহ হাজার হাজার একর বন ধ্বংস হয়ে যায়। পরবর্তীকালে ১৯৭৯ সাল থেকে সরকারি উদ্যোগে সমতল থেকে পার্বত্য চট্টগ্রামে আরও কয়েক হাজার মানুষ পুনর্বাসনের ফলে বনের ওপর চাপ সৃষ্টি হয়। অপরদিকে কাপ্তাই বাঁধ নির্মাণের পরবর্তীসময়ে সমতল জমির অভাবে স্থানীয় আদিবাসীরা ফলদ ও বনজ বাগান গড়ে তোলার দিকে মনোযোগ দেয়। এ ছাড়াও ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি বলে ১৯৬৫ সালের ৩ আগস্ট তৎকালীন জেলা প্রশাসকের একটি সার্কুলারের (স্মারক নং-২৩৮৪/৪০) ভিত্তিতে স্থানীয় লোকজন বিভিন্ন মৌজায় গ্রামীণ সাধারণ বন সংরক্ষণ শুরু করেন।ওই সার্কুলারে বলা হয়, মৌজাস্থিত লোকজন তাঁদের পারিবারিক ব্যবহারের জন্য বনের গাছ-বাঁশ বা যে কোনো সম্পদ সংগ্রহ করতে পারবেন। এসব বন ১০০ একর বা তারও বেশি এলাকা নিয়ে গঠন করা যাবে। এসব বন গড়ে ওঠে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে। ফলে গ্রামীণ সাধারণ বনে এখন সবচেয়ে বেশি প্রজাতির গাছ-বাঁশ ও বনৌষধি রয়েছে বলে সরকারিভাবেও স্বীকার করা হয়। গ্রামীণ সাধারণ বন নিয়ে ২০০৬ সাল থেকে কাজ করছে বেসরকারি সংস্থা টংগ্যা। সংস্থার সাধারণ সম্পাদক ধীমান খীসা জানান, রাঙামাটি ও বান্দরবান জেলায় দুই শতাধিক গ্রামীণ সাধারণ বন রয়েছে। এসব বন জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদে ভরপুর। একেকটি বনের আয়তন ১০ থেকে ৫০০ একর বা তারও বেশি। এসব বন থেকে বড় ধরনের কোনো বনজ সম্পদ পাচারের প্রমাণ নেই বলে তিনি জানান।