সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগে দক্ষতা
প্রথম আলো জবস্ ও এবিসি রেডিওর নিয়মিত আয়োজন ‘প্রথম আলো জবস্ হতে চাই, পেতে চাই’ অনুষ্ঠানে এসেছিলেন পারটেক্স গ্রুপের সিইও কে এম আলী। অতিথি শ্রোতা হিসেবে ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) থেকে নেফাউর, সোহেল ও তানভীর এবং নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে রাফসান। ওই সাক্ষাত্কারের নির্বাচিত অংশ ‘স্বপ্ন নিয়ে’র পাঠকদের জন্য।কথাবন্ধু: প্রথমে আপনার ক্যারিয়ারের চড়াই-উতরাইয়ের গল্পটা শুনব।কে এম আলী: আমার এসএসসি পর্যায়টা ছিল সাতক্ষীরা নলতা হাইস্কুল থেকে। সে সময় আমি পড়াশোনায় ভালো ছিলাম, তবে সিরিয়াস ছাত্র ছিলাম না। কিন্তু খুব ভালো পর্যবেক্ষক ছিলাম। যা দেখতাম তা গভীর থেকে দেখার চেষ্টা করতাম। যেকোনো জিনিস ভেতর থেকে দেখার প্রবণতা ছিল ছোটবেলা থেকে। আমি মনে করতাম না যে পরীক্ষার ফল দিয়ে জীবনের সবকিছু পরিমাপ করা যায়। এমনও হয়েছে, এসএসসি পরীক্ষার সময় প্রতিদিন রাতে সিনেমা দেখতাম। পরীক্ষার সময় তিন ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় দিতাম। একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এমনভাবে দিয়েও আমাকে প্রথম বিভাগে পাস করতে হবে। মানবিক বিভাগে পাস করাটা তখন কঠিন ছিল। সময় তখন ১৯৬৯ সাল। তো, আমি পাসও করলাম। কিন্তু এরপর মনে হলো, আমাকে সিরিয়াস হতে হবে। সেটাই শুরু। আমি তখন যশোর সরকারি এমএম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বোর্ডে সপ্তম স্থান নিয়ে পাস করি। আমার আগ্রহ ছিল অর্থনীতি ও ইংরেজি বিষয়ে। ১৯৭২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ইংরেজিতে। স্নাতকে আমি প্রথম স্থান অর্জন করি। কথাবন্ধু: আপনি দুটো বিষয় পছন্দ করেছিলেন, তার মধ্য থেকে একটা বিষয় পড়তে পেরেছেন।আলী: আমার উদ্দেশ্য ছিল, যা কিছু করব তাকে ভালোভাবে নিতে হবে। আমি মনে করি, এক্সট্রা অর্ডিনারি কিছু করতে গেলে তাকে পছন্দ করতে হবে। ওই বিষয়টাকে নিজের লক্ষ্য-আকাঙ্ক্ষা ধরে না নিলে ওই জায়গায় পৌঁছানো সম্ভব নয়।কথাবন্ধু: আপনি পড়লেন ইংরেজি সাহিত্যে, কিন্তু কাজ করছেন পারটেক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে। কখন ভাবলেন, এ-জাতীয় পেশায় কাজ করবেন?আলী: একটা সময় ছিল, যখন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বাংলাদেশ টোব্যাকো কোম্পানিকে বলা হতো স্ট্যান্ডার্ড অব এক্সিলেন্স। আমার ইচ্ছা ছিল এসব প্রতিষ্ঠানে কাজ করব। আমার বিষয়ের জন্য সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু আমার মধ্যে আত্মবিশ্বাস ছিল। যেহেতু আমি গভীরভাবে দেখেছি, জানার চেষ্টা করেছি, সুতরাং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমার মনে সাহস ছিল। প্রাতিষ্ঠানিক বিষয়টা সেখানে গুরুত্বহীন। এরপর চাকরির পরীক্ষা দিলাম, নির্বাচিত হলাম। তখন একটা স্তর মাত্র পার হলাম। সেটা কেবল শুরু। আমার মনে হয়, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আপনি নির্বাচন করতে পারেন যে পরে কী করবেন। কিন্তু আগেই যদি ঠিক করে ফেলেন আপনি কী করবেন, সেটা ভালো, তবে আপনাকে কোনো জিনিসের সামগ্রিক রূপ নেওয়ার যে ক্ষমতা তা দেবে না। বিশ্ববিদ্যালয়ে আপনি যদি কোনো সাধারণ বিষয়ে পড়ে আসেন, তারপর আপনি ইচ্ছানুযায়ী যেকোনো জায়গায় যেতে প্রস্তুত। আমার কথাগুলো অন্য রকম মনে হবে, তবে আমি মনে করি, সাধারণ বিষয়গুলোর প্রয়োজন আছে।কথাবন্ধু: আপনি যে মুহূর্তে চিন্তা করলেন আপনার ক্যারিয়ারটা গড়বেন, তখন কেন বিক্রয় ও বিপণনে?আলী: বিক্রয় ও বিপণনকে আমি দেখেছি কেবল পেশা হিসেবে নয়, এর যে জিনিসটা আমাকে টেনেছে সেটা হচ্ছে নলেজ অব কাস্টমার, নলেজ অব মার্কেট, নলেজ অব ট্রেড এবং নলেজ অব কমপিটিশন—এই চারটা বিষয়। এগুলো যদি থাকে তবে এই পেশায় আপনি সাফল্য পাবেন। এমন কিছু বিষয় থাকতে হয় যা আপনার আছে, অন্যের নেই। আপনি যদি রোদে না পোড়েন, বৃষ্টিতে না ভেজেন, তবে আপনি মার্কেটের পালসটাই ধরতে পারবেন না। যখন একটা বড় দায়িত্বে যাবেন, তখন আপনার ওই জ্ঞানটাই যদি না থাকে, তবে কীভাবে আপনি কাজ করবেন? কথাবন্ধু: সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়কে ক্যারিয়ার হিসেবে নিলে কতটা উন্নতি করা যাবে? ক্যারিয়ার-পথটা কেমন হবে?আলী: আমি মনে করি, বিক্রয় ও বিপণনে একটা রুট আছে, এবং সেটা মেনেই কাজ করা উচিত। কিন্তু দুর্ভাগ্য, আমাদের ক্ষেত্রে এটা ভালোভাবে মানা হয় না। তবে কিছু কিছু প্রতিষ্ঠান অবশ্য মানে। এই পেশায় সেলসের অভিজ্ঞতাটা আবশ্যক। যত বড় জায়গাতেই কেউ যেতে চাক, তাকে অবশ্যই শুরুটা করতে হবে সেলস থেকে। তবে এটাও ঠিক, সেলসে শুরু না করলে সফল হতে পারবেন না তা নয়, পারবেন, তবে সেটা নির্ভর করে আপনার সেলসের যোগ্যতার ওপর।রাফসান: বর্তমান প্রেক্ষাপটে ব্যবসা-সম্পর্কিত বিষয়ের ছাত্র ছাড়া সেলস অ্যান্ড মার্কেটিংয়ে অন্য বিষয়ের ছাত্রদের সুযোগ কতটা?আলী: এটাকে সমস্যা বলে মনে হয় না আমার। তোমার শুরুটা প্রয়োজন। এর জন্য বেসিক যে চরিত্রগুলো লাগে, সেগুলো আছে কি না তা দেখতে হবে। সেলসে আসতে গেলে বহির্মুখী হতে হয়, স্বপ্নবান হতে হয়, আর যে জিনিসগুলো লাগে তা থাকতে হয়। প্রত্যেক মানুষের গভীরে পৌঁছার ক্ষমতা থাকতে হবে। কেননা যেসব মানুষের সঙ্গে কাজ করবে, তারা প্রত্যেকেই কিন্তু কাস্টমার। আমি মনে করি, প্রাতিষ্ঠানিক শিক্ষাটাই কেবল একমাত্র এই পেশায় আসার মাপকাঠি নয়। তাই অন্য বিভাগের শিক্ষার্থীদেরও এ ক্ষেত্রে সুযোগ আছে।কথাবন্ধু: যারা অন্য বিভাগ থেকে এসেছে, তাদের ক্ষেত্রে পেশাদারি প্রশিক্ষণ দরকার কি?আলী: আমি বলব না যে দু-একটা প্রশিক্ষণ নিলেই আপনি পূর্ণতা পাবেন। এটা একটা চলমান প্রক্রিয়া। আপনি সব সময় শিখছেন; শিখতে হবে। নিজের উন্নতির জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। বাইরের দেশের কিছু প্রশিক্ষণ নিতে হবে। সেই সঙ্গে চোখের সামনে যা ঘটে তা নিয়ে ভাবতে হবে। কৌতূহল থাকতে হবে। এককথায়, গভীর পর্যবেক্ষক হতে হবে। প্রশিক্ষণের চেয়ে আপনার নিজের অভিজ্ঞতাটা অনেক বেশি জরুরি।তানভীর: একজন ভালো সেলসম্যান হতে হলে কী কী গুণ থাকা দরকার?আলী: প্রথমে আমি বলব, সহজভাবে যোগাযোগ করার ক্ষমতা থাকতে হবে। তার ভেতরে ইমোশনাল ভাব থাকবে, তাকে সত্ ও নিয়মানুবর্তী হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যোগাযোগক্ষমতা। কেউ যদি মনে করে, সিইও লেভেল পর্যন্ত যেতে চায়, তবে তাকে ইংরেজিতে উন্নত হতে হবে। সেলস অ্যান্ড মার্কেটিংয়ে জ্ঞান বাড়ানোর জন্য প্রচুর পড়াশোনা করতে হবে।