
পথের পাশের লাল টেলিফোন বুথটিই হয়ে উঠল জাদুঘর। ইংল্যান্ডের পশ্চিম ইয়র্কশায়ারের ওয়্যারলি শহরের অধিবাসীরা এই অভিনব জাদুঘর বানিয়েছেন। সেটার নামও দেওয়া হয়েছে সে এলাকার নাম অনুসারে—ওয়্যারলি জাদুঘর। মজার বিষয় হলো, এই জাদুঘর নির্মাণ করা হয়েছে একটি অব্যবহৃত টেলিফোন বুথে। উদ্যোক্তারা বলছেন, এটিই বিশ্বের সবচেয়ে ছোট জাদুঘর। বিশ্বের সবচেয়ে খুদে জাদুঘরের তকমা পেতে ওয়্যারলি কমিউনিটি অ্যাসোসিয়েশন সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অফিসে দলিল-দস্তাবেজ জমা দিয়েছে। ওয়্যারলিবাসীর অপেক্ষা এখন আনুষ্ঠানিক স্বীকৃতির।
ব্রিটিশ টেলিকমিউনিকেশনের (বিটি) সারা দেশের এমন ৬৫ হাজার টেলিফোন বুথ রয়েছে, যেগুলো কিনা সে দেশের মাত্র ৭ শতাংশ মানুষ এখন ব্যবহার করেন। তাই হয়তো বিটি কর্তৃপক্ষ তাদের বুথটি জাদুঘরের জন্য ছেড়ে দিতে ‘বাগড়া’ দেয়নি। এই কমিউনিটি জাদুঘরে স্থান পেয়েছে ইয়র্কশায়ারের পুরোনো ঐতিহাসিক ছবি ও সে এলাকার মানুষের সংগ্রহে থাকা বিভিন্ন স্মারক। নগর মেয়র ক্যালডারডেল হাজির হয়ে গত সপ্তাহে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এই জাদুঘরের। সেখানে প্রদর্শিত বেশির ভাগ স্মারক তিন মাস পরপর পরিবর্তন করা হবে বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।
এই জাদুঘর নিয়ে ডব্লিউসিএর চেয়ারম্যান এলিনা বেইলি বলেন, ‘মানুষের কাছ থেকে আমরা বিস্ময়কর প্রতিক্রিয়া পাচ্ছি। তাঁরা যখন জাদুঘরের ভেতরে গিয়ে দেখছেন বিশ্বাস করতে পারছেন না। এটা আমাদের জন্য দারুণ উৎসাহের।’
ডেইলি মেইল অবলম্বনে সজীব মিয়া