অন্যান্য গাধার চেয়ে লম্বায় সাত ইঞ্চি বেশি। হরিয়ানা রাজ্যের এই চতুষ্পদ বাসিন্দার দাম ১০ লাখ রুপি। এটিই ভারতের সবচেয়ে দামি গাধা, প্রচারের সুবাদে রীতিমতো তারকা বনে গেছে।
সোনিপত জেলার রাজ সিং ওই গাধা প্রতিপালন করেন। নাম রেখেছেন টিপ্পু। অন্যান্য গাধার দাম ১ লাখ থেকে ২ লাখ রুপি পর্যন্ত হয়। কিন্তু ব্যতিক্রমী বলেই টিপ্পুর দামটা বেশি। এটা তো কোনো সাধারণ গাধা নয়, খচ্চর প্রজননের কাজে লাগে। উত্তর প্রদেশের এক ব্যবসায়ী ৫ লাখ রুপি পর্যন্ত দিতে চেয়েছিলেন টিপ্পুকে কিনে নিতে। কিন্তু গাধাটির জন্য রাজ সিং এর দ্বিগুণ দাম হাঁকছেন।
টিপ্পুর জীবনযাপন বেশ বিলাসবহুল, যা কিনা অন্য গাধা এবং অনেক মানুষকেও লজ্জায় ফেলে দিতে পারে। রাজ সিং বলেন, টিপ্পুর বেজায় খিদে। প্রতিদিন পাঁচ কেজি কালো ছোলা, চার লিটার দুধ এবং ২০ কেজি সবুজ ঘাস খায়। ছোলাই সবচেয়ে বেশি পছন্দ করে।
গাধাটার জন্য রাজ সিং প্রতিদিন অন্তত ১ হাজার রুপি খরচ করেন। অথচ ভারতের লাখো মানুষের দৈনিক উপার্জন আরও কম। টিপ্পুর জন্য প্রতিদিন সকাল-বিকেল হাঁটাহাঁটি বাধ্যতামূলক। রাজ সিং এটিকে প্রতিদিন মাস্তি করাতে খোলা জায়গায় নিয়ে যান। কখনো কখনো গাধাটি হামাগুড়ি দেয়।
রাজ সিং দাবি করেন, খচ্চর প্রজননকারীদের কাছে টিপ্পুর কদর অনেক। রাজস্থান, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড রাজ্য থেকে লোকজন টিপ্পুকে দেখতে আসে।
খচ্চর প্রজনন ও গাধা পালন রাজ সিং ও তাঁর ভাই রজনীশের পারিবারিক ব্যবসা। গত মাসে প্রয়াত তাঁদের বাবা ধরম সিং পাঁচ দশকের বেশি সময় এ কাজ করে আসছিলেন।