অনলাইন যোগাযোগে মুখের নানা অভিব্যক্তির চিহ্ন বা ইমোজি ব্যবহারের রীতি এখন খুবই জনপ্রিয়। প্রত্ন-গবেষকেরা এবার প্রাচীনতম ইমোজির খোঁজ পেয়েছেন। ৩ হাজার ৭০০ বছরের পুরোনো একটি মৃৎশিল্পে আঁকা একটি হাসিমুখের ছবিকে তাঁরা এই স্বীকৃতি দিয়েছেন।
কলসির মতো একটি পাত্রে ওই ইমোজি আঁকতে প্রাচীন কোনো শিল্পী দৃশ্যত তিনবার তুলির আঁচড় দিয়েছিলেন—চোখজোড়ার জন্য দুটি বিন্দু এবং হাসির জন্য একটি বক্ররেখা।
আজকের তুর্কি ভূখণ্ডে সিরীয় সীমান্তের কাছে মাটি খুঁড়ে একটি প্রাচীন নগরের ধ্বংসাবশেষ উদ্ধারের সময় প্রত্নবিদেরা ওই মৃৎশিল্পের খোঁজ পান। ইতালির বোলোগনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নিকোলো মারচেত্তি এই তথ্য দিয়েছেন। মারচেত্তি বলেছেন, কলসিটি সম্ভবত শরবত পান করার জন্য বানানো হয়েছিল।
গবেষকদের মতে, খ্রিষ্টপূর্ব ছয় সহস্রাব্দের শুরু থেকে মধ্যযুগের শেষ অবধি কার্কেমিশ এলাকায় জনবসতি ছিল। এরপর এটি পরিত্যক্ত নগরে পরিণত হয়। পরে একপর্যায়ে নানা সংস্কৃতির মানুষ সেখানে যায়, যায়। ১৯২০ সালে তুর্কি সেনাবাহিনী সেখানে ফাঁড়ি স্থাপন করে।