১৯০৬ সালের ৩০ নভেম্বর একটি পোস্টকার্ড লিখেছিলেন সামুদ্রিক প্রাণীবিদ জর্জ পার্কার বিডার। তারপর বোতলে ভরে সেটি ফেলেন যুক্তরাজ্য উপকূলের কাছাকাছি উত্তর সাগরে। ১০৮ বছর ১৩৮ দিন পর বোতলটি জার্মানির নর্থ ফ্রিজিয়ান দ্বীপপুঞ্জের কাছে ভাসতে দেখেন দেশটির ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী মারিয়ান উইংক্লার।
পোস্টকার্ডটি এখন যুক্তরাজ্যের মেরিন বায়োলজিক্যাল অ্যাসোসিয়েশনের (এমবিএ) প্লেমাউথ ল্যাবরেটরির সংগ্রহে। প্রতিষ্ঠানটি বলেছে, এটি বিশ্বের সবচেয়ে পুরোনো বোতলবার্তা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছে। পুরোনো রেকর্ডটি ছিল ৯৯ বছর ৪৩ দিনের।
উইংক্লার বোতলটি খুলে দেখেন, পোস্টকার্ডটি ‘ইংল্যান্ডের এমবিএতে কর্মরত পার্কার বিডারের কাছে ফিরিয়ে দিলে এক শিলিং পুরস্কার মিলবে। তবে জানাতে হবে ঠিক কোন জায়গায় বোতলটি পাওয়া গেছে’। উইংক্লার সেই নির্দেশনা ঠিকমতোই পালন করেছেন বলে জানান এমবিএর মুখপাত্র গাই বেকার। তিনি বলেন, উইংক্লারের চিঠি পেয়ে এমবিএর অভ্যর্থনাকর্মী কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়ে যান।
পার্কার বিডার মোট ১ হাজার ২০টি বোতল ১৯০৪ থেকে ১৯০৬ সালের মধ্যে সমুদ্রে নিক্ষেপ করেছিলেন। এর অনেকগুলো উত্তর সাগরের দক্ষিণ অংশে ইংল্যান্ড উপকূলেই ডুবে যায়। আর বাকিগুলো ভাসতে ভাসতে ইউরোপের মূল ভূখণ্ডের দিকে চলে যায়। বিষয়টি পর্যবেক্ষণ করে তিনি সিদ্ধান্তে পৌঁছান, উত্তর সাগরের গভীরের স্রোত পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছিল।
এমবিএ এখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে। পার্কার বিডার এর প্রেসিডেন্ট ছিলেন ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত। ১৯৫৪ সালে ৯১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রতিশ্রুতির সম্মানে এমবিএ সম্প্রতি উইংক্লারকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি এবং পুরোনো এক শিলিংয়ের মুদ্রা পাঠিয়েছে।