সবচেয়ে পুরোনো চোখের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের দিনের কাঁকড়া, মৌমাছি কিংবা ফড়িংয়ের চোখের মতোই প্রাণীটির চোখ। তবে লেন্স ছিল না। প্রাণীগুলোর বিলুপ্তি ঘটেছে বহু বছর আগে। বিজ্ঞানীরা বলেছেন, এই প্রাণীগুলোর এক সদস্যের জীবাশ্মে পাওয়া চোখটি এখন পর্যন্ত সন্ধান পাওয়া সবচেয়ে পুরোনো চোখ।

জার্মানির কলোনিয়া বিশ্ববিদ্যালয় ও এস্তোনিয়ার তালিন বিশ্ববিদ্যালয় যৌথভাবে গবেষণাটি পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস প্রকাশিত সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস-এ এ বিষয়ক একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে।

বিজ্ঞানীরা বলেছেন, যে প্রাণীর জীবাশ্মের ওপর তাঁরা গবেষণা করেছেন, তার নাম স্কিমিডটিলাস রিটাই। এটি ট্রিলোবাইট প্রজাতির সদস্য। মাকড়সা ও কাঁকড়ার পূর্বপুরুষ এরা। ৫৪ কোটি বছর থেকে ২৫ কোটি বছর আগের মধ্যবর্তী সময়ের কথা এটি। ওই সময়টাকে বলা হয় প্যালিওজোয়িক যুগ।

জীবাশ্মটির সন্ধান মিলেছিল এস্তোনিয়ায়। এরপর এটি সংরক্ষণ করা হয়। গবেষণার সময়ই এতে একটি চোখের সন্ধান পান গবেষকেরা। সেই চোখ এখনকার মতো এতটা জটিল নয়। তবে জটিল চোখেরই আদিরূপ ছিল এটি। এতে ওমাটিডিয়া নামে ক্ষুদ্র ক্ষুদ্র দেখার কোষ ছিল, আজকের দিনের মৌমাছির চোখে যার সন্ধান মেলে।

কলোনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রিগিতে স্কোয়েনেমান বলেন, এই প্রাণীগুলো যে সময়ে বর্তমান ছিল, তারও ২০ থেকে ৩০ লাখ বছর পর জটিল চোখের গঠন উন্নত হতে শুরু করে।

স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউয়ান ক্লার্কসনও এই গবেষণায় সংশ্লিষ্ট ছিলেন। তিনি বলেন, ট্রিলোবাইট প্রজাতির ওই প্রাণীর দৃষ্টিশক্তি আজকের দিনের প্রাণীগুলোর তুলনায় দুর্বল ছিল। তবে তারা শিকারি এবং পথের বাধা শনাক্ত করতে পারত।