সবচেয়ে বেশি কনটেইনারের ওঠা-নামা জানুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক সংকটের কারণে চলতি অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহনের হার কমছিল। এর পরও এই অর্থবছরের প্রথম সাত মাসের মধ্যে সর্বোচ্চসংখ্যক কনটেইনার ওঠানো-নামানো হয় গত জানুয়ারি মাসে। বন্দরের টার্মিনাল ব্যবস্থাপক এনামুল করিম প্রথম আলোকে বলেন, ‘এই অর্থবছরে মাসভিত্তিক কনটেইনার পরিবহনে এখন পর্যন্ত জানুয়ারি মাসে সবচেয়ে বেশি কনটেইনার ওঠানো-নামানো হয়েছে। এ সংখ্যা প্রায় এক লাখ ২১ হাজার একক কনটেইনার।বন্দর সূত্রে জানা গেছে, এর আগে এই অর্থবছরে সর্বোচ্চ কনটেইনার ওঠানো-নামানো হয়েছিল অক্টোবর মাসে। ওই মাসে এক লাখ ১৫ হাজার ৫৪৫ একক কনটেইনার ওঠানো-নামানো হয়। তবে এই বন্দরে সবচেয়ে বেশি কনটেইনার ওঠানো-নামানো হয় গত বছরের জানুয়ারি মাসে। ওই সময় এক লাখ ৪০ হাজার ৩০৪ একক কনটেইনার ওঠানো-নামানো হয়। বন্দরের পরিসংখ্যান অনুযায়ী, এই হার এখনো সর্বোচ্চ। প্রসঙ্গত, বন্দরের কনটেইনারে যত পণ্য পরিবহন হয়, এর মধ্যে বেশির ভাগই পোশাকশিল্পের পণ্য। কনটেইনারে মূলত পোশাকশিল্পের কাঁচামাল আমদানি হয় এবং প্রস্তুত পণ্য রপ্তানি হয়। এ ছাড়া কনটেইনারে আমদানি হয় ইলেকট্রনিকস সামগ্রী, মসলাজাতীয় পণ্য, শিল্পের মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি। পোশাকশিল্পের পণ্য ছাড়াও পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য ইত্যাদি পণ্য কনটেইনারে রপ্তানি হয়। বন্দর সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রথম সাত মাসে বন্দরে কনটেইনার ওঠানো-নামানো হয় আট লাখ ৬৭ হাজার ৫৪৫টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসাবে)। চলতি অর্থবছরের একই সময়ে ওঠানো-নামানো হয় প্রায় সাত লাখ ৭২ হাজারটি। অর্থাৎ জানুয়ারিতে বাড়লেও এখনো কনটেইনার পরিবহনে ঋণাত্মক প্রবণতা রয়ে গেছে।বন্দর সূত্রে জানা গেছে, কনটেইনার পরিবহনে ঋণাত্মক প্রবণতা শুরু হয় মূলত গত বছরের জুন মাস থেকে। এরপর ডিসেম্বর পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে। গত মাসে কনটেইনার পরিবহনের হার বাড়লেও অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে কনটেইনার ওঠানো-নামানোর প্রবৃদ্ধি। প্রসঙ্গত, দেশে সমুদ্রপথে কনটেইনারে পণ্য পরিবহনের প্রায় ৯৫ শতাংশই চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন করা হয়। অর্থাৎ বন্দরের কারণে কনটেইনার ওঠানো-নামানো কমবেশি হওয়ার সুযোগ নেই। বরং দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে বন্দরে কনটেইনার ওঠানো-নামানো কমবেশি হয়। প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনালে কনটেইনার ওঠানো-নামানোর ১৯টি জেটি রয়েছে। এর মধ্যে ১৬টি জেটিতে কনটেইনার ওঠানো-নামানো হয়। ১৯৭৭ সালে প্রথম এই বন্দরে কনটেইনারে পণ্য পরিবহন শুরু হয়।