একবার বার্কলের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ ওকগাছের বন কেটে শরীরচর্চার কেন্দ্র তৈরির উদ্যোগ নেয়। তখন একদল প্রকৃতিপ্রেমী গায়ের জামাকাপড় খুলে গাছের ডালে বসে প্রতিবাদ জানায়। প্রায় ১৬ মাস ধরে চলে তাদের এই গাছের ডালে উপবেশন ধর্মঘটের অভিনব আন্দোলন। সেখানেই খাওয়া, ঘুম আর বর্জ্যত্যাগ! উৎসাহী লোকজন ঘটি-বাটিতে খাবার নিয়ে যায়, বৃক্ষারোহীরা দড়িতে বেঁধে তা তুলে নেয়, আর অন্য পাত্রে বর্জ্য নামিয়ে দেয়। বিশ্বখ্যাত সাপ্তাহিক দি ইকোনমিস্ট-এ (মে ২২, ২০০৮) এই খবর পড়ার পর থেকে খুব ইচ্ছে ছিল ক্যালিফোর্নিয়ায় গিয়ে একবার দেখে আসি বন-পাহাড়-নদী আর সমুদ্রের সৌন্দর্য। তাই স্যানডিয়েগোতে এসেই বেরিয়ে পড়লাম প্রকৃতির অপার সৌন্দর্য দর্শনে।স্যানডিয়েগো শহরটা উত্তর-দক্ষিণে ছড়ানো। পুবে উঁচু পাহাড় আর পশ্চিম সীমানা ঘেঁষে প্রশান্ত মহাসাগর। সারা বছরই রাতে শীত-শীত, দিনে গরম-গরম। তাপমাত্রা আট-দশ থেকে ২০-২৫ ডিগ্রি সেলসিয়াস। মাঝেমধ্যে বৃষ্টি। সেটা খুব কম। ছবির মতো সাজানো শহর।আপনার যদি সুযোগ হয় কোনোদিন, একবার ঘুরে আসবেন স্যানডিয়েগো। ওখান থেকে গাড়িতে ছয়-সাত ঘণ্টার দূরত্বে সিকোয়া ন্যাশনাল পার্ক। সেখানে আছে পৃথিবীর সবচেয়ে বড় গাছ। আমরা সন্ধ্যায় রওনা দিয়ে, বনের পাশে এক হোটেলে রাত কাটিয়ে, পরদিন পৌঁছে গেলাম সেই পাহাড়ঘেরা সিকোয়া গাছের ঘন বনে। এই বিশেষ জাতের গাছের বৈশিষ্ট্য হলো, খুব দ্রুত বাড়ে, অনেক বছর বাঁচে আর বাকল এত পুরু যে বনে আগুন লাগলেও এদের তেমন কিছু হয় না।পাহাড়ি আঁকাবাঁকা পথে এগিয়ে যাচ্ছি। এক পাশে উঠে গেছে খাড়া পাহাড়ের দেয়াল, অন্য পাশে গভীর খাদ। পথে পথে জলপ্রপাত, পাহাড়ি খড়স্রোতা নদী, আর গহিন বন তো আছেই। থেমে থেমে যাচ্ছি আর সৌন্দর্য উপভোগ করছি। কোনো গাইড নেই। নেই কোনো বাধ্যবাধকতা। যার যেদিকে খুশি, যাও। অনেকে বনে ঢুকে তাঁবু খাটিয়ে থাকছে। শুধু কিছুু সতর্কবাণী। বন রক্ষা কর্তৃপক্ষ বলছে, আমাদের তিনটা কাজ— কেউ যেন বনের ক্ষতি না করে, কেউ যেন মানুষের ক্ষতি না করে আর মানুষ ও বন যেন পরস্পরের ক্ষতি না করে। হারিয়ে যাও বনে, কোনো সমস্যা নেই। ১৫ মিনিট পরপর বাস আসছে। কোনো টাকা লাগবে না, একদম ফ্রি! বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চষে বেড়াও। নেই ছিনতাই, দস্যুতা। শত শত পর্যটক ঘুরছে। হাসিমুখে। বছরে গড়ে ৪০ লাখ মানুষ আসে এই ন্যাশনাল পার্কে।দুপুরের দিকে আমরা এসে গেলাম সবচেয়ে বড় গাছটার কাছে। ঢালু পথ এঁকেবেঁকে গিয়ে পৌঁছেছে গাছের কাছে। এই কাছে যাওয়ার মধ্যেও আর্ট আছে। একবারে নয়। ধাপে ধাপে কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে। সেখান থেকে সেই ঐতিহাসিক গাছটি বিভিন্ন কোণ থেকে দেখে দেখে এসে গেলাম গাছের একেবারে গোড়ায়। পাথরঘেরা একটা সুন্দর বেদির ওপর দাঁড়িয়ে আছে গাছটা। ছোট একখণ্ড পাথরে খোদাই করে লেখা আছে গাছের ইতিবৃত্ত। আমেরিকার গৃহযুদ্ধের একজন জেনারেলের নামে গাছটির নাম দেওয়া হয়েছে ‘জেনারেল শারম্যান ট্রি’। এর উচ্চতা ২৭৫ ফুট, অর্থাৎ প্রায় ৩০ তলা ভবনের সমান উঁচু। গুঁড়ির পরিধি প্রায় ১০৯ ফুট, ব্যাস প্রায় ৩৭ ফুট। বয়স আনুমানিক ২৩০০ থেকে ২৭০০ বছর। গাছটি সোজা উঠে গেছে। প্রথম বড় ডালটির উচ্চতা ১৩০ ফুট। গাছটির মাথা ভেঙে যাওয়ায় কয়েক বছর ধরে আর লম্বা হচ্ছে না, কিন্তু কাণ্ডের পরিধি বাড়ছে। পৃথিবীর অন্য কোনো গাছ হয়তো এর চেয়ে লম্বা হতে পারে, কিন্তু তাও একে সবচেয়ে বড় গাছ বলে ধরা হয় এ জন্য যে, ডালপালা বাদ দিয়েই এ গাছের কাণ্ডের আয়তন ৫২ হাজার ৫১৩ ঘনফুট, পৃথিবীর আর কোনো গাছের এত বিশাল কাণ্ড নেই।পৃথিবীর সবচেয়ে বড় গাছটির নিচে দাঁড়িয়ে আমরা ভাবছিলাম, আরও ছায়া, আরও বাতাস, আরও অক্সিজেন দেওয়ার ও কার্বন ডাই-অক্সাইড শুষে নেওয়ার কী বিশাল আয়োজন প্রকৃতির হাতে রয়েছে!পরদিন আমরা গেলাম পাশের বিস্তীর্ণ বনাঞ্চল ইওসেমেটি ভ্যালিতে। অতুলনীয়, অবিশ্বাস্য সৌন্দর্যের সম্ভার এখানে। একাধিক জলপ্রপাত, পাহাড়ি খরস্রোতা নদী, পাহাড়ের গা-জুড়ে গ্রানাইট পাথরের দেয়াল, ঘন বন, বুনো ফুল আর প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়া নীল আকাশ। জলপ্রপাত যে দুভাবে দেখা যায়, সে অভিজ্ঞতা এবারই প্রথম হলো। একবার পাহাড়ের গা বেয়ে বেয়ে কিছুটা ওপরে উঠে দেখলাম, কত উঁচু থেকে অঝোর ধারায় পানি পড়ছে। আবার ট্যুরিস্ট বাসে আরও উঁচুতে উঠে ওপর থেকে দেখলাম, সেই একই জলপ্রপাতের পানি কীভাবে নিচে ধাপে ধাপে ঝরে পড়ছে।কিংস রিভার নামের পাহাড়ি খরস্রোতা নদীটি কলকল শব্দে বয়ে চলেছে। এ রকম অনেক নদীই দেখেছি বিভিন্ন দেশে। কিন্তু এখানে নদীর অবস্থানটি বৈশিষ্ট্যপূর্ণ। চারপাশে আকাশছোঁয়া গ্রানাইট পাথরের দেয়াল। তার কোল বেয়ে কলকল ধ্বনিতে মুখরিত নদীর প্রবাহ। পাহাড়, পাথর, নদী আর বনের এক অপূর্ব সমাবেশ।ন্যাশনাল পার্ক থেকে স্যানডিয়েগো ফেরার পথটিও ছিল চমৎকার। রাতে ছিলাম সৈকতশহর কারমেলের এক কুটিরে। পরদিন সকালে প্রশান্ত মহাসাগরের তীর ঘেঁষে আমাদের ফেরার পথ। প্রায় ৩০০ মাইল লম্বা এই পথ এঁকেবেঁকে লস অ্যাঞ্জেলেস হয়ে চলে গেছে দক্ষিণে। ‘দ্য বিগ সারের’ ওপর দিয়ে চলে যাওয়া ‘প্যাসিফিক কোস্ট হাইওয়ে ওয়ান’ নামে পরিচিত এই সৈকতসড়কটি নির্মিত হয় প্রায় ১০০ বছর আগে। পুবে পাহাড়, পশ্চিমে মহাসাগর। ঢেউ আছড়ে পড়ছে পাহাড়ের পাদদেশে, কঠিন শিলাখণ্ডে। ফেনিল সাগর, উত্তাল বাতাস আর ঢেউয়ের গর্জনে আমরা হারিয়ে গেলাম।পাঁচ দিন প্রকৃতির একদম ভেতরে ডুবে ছিলাম। কেউ যদি দূরে কোথাও যেতে চান, আসবেন ক্যালিফোর্নিয়ার সিকোয়া আর ইওসেমেটি ভ্যালিতে।