পরিচালক (অ্যানফোর্সমেন্ট) পরিবেশ অধিদপ্তরপরিবেশ অধিদপ্তরের (ঢাকা) পরিচালক (অ্যানফোর্সমেন্ট) হিসেবে মোহাম্মদ মুনীর চৌধুরী প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছেন। পাহাড় কাটা রোধ, শিল্প দূষণ, ইটভাটার দূষণ, জলাশয় ভরাট করে যাঁরা পরিবেশের ক্ষতি সাধন করছেন তাঁদের বিরুদ্ধে নিয়মিত শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছেন। পরিবেশ দিবস উপলক্ষে এখানে মুনীর চৌধুরীর সাক্ষাৎকারটি তুলে ধরা হলো। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদকপ্রথম আলো: দেশের সার্বিক পরিবেশের অবস্থা কী? দূষণ কি আগের চেয়ে কমেছে?মুনীর চৌধুরী: শিল্পায়ন ও নগরায়ণ এবং জীবনের প্রাচুর্যতার জন্য মানুষ প্রকৃতি ও পরিবেশকে ধ্বংস করছে। দূষণকারী লোকজনের কারণে পরিবেশ ও প্রতিবেশের সীমাহীন ক্ষতি হয়েছে। পরিবেশ অধিদপ্তর আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর ভূমিকা পালন করতে পারছে না। ফলে দূষণ ও দখল অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। কিন্তু আগের যেকোনো সময়ের তুলনায় অধিদপ্তর এখন সক্রিয়। প্রায় প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে অ্যানফোর্সমেন্ট অভিযান চালিয়ে পরিবেশ সুরক্ষার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অধিদপ্তর। প্রথম আলো: চট্টগ্রামে আপনি দীর্ঘদিন পরিবেশ সুরক্ষায় কাজ করেছেন। এখনো মাঝেমধ্যে অভিযানে অংশ নেন। চট্টগ্রামের সার্বিক পরিবেশের অবস্থা সম্পর্কে বলেন।মুনীর চৌধুরী: চট্টগ্রামের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাহাড় কাটা রোধ, নদীদূষণ, অনিয়ন্ত্রিত ইটভাটা ও জলাশয় ভরাট। এ অবস্থা থেকে উত্তরণের জন্য অ্যানফোর্সমেন্ট অভিযান চলছে। পরিবেশের ক্ষতিসাধনের জন্য মোটা অঙ্কের জরিমানা করা হচ্ছে। এই ক্ষতিপূরণ আদায় পৃথিবীর উন্নত ও সভ্য দেশে বহুল প্রচলিত। এর মাধ্যমে দূষণকারী লোকজনের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে তাঁরা বিরত থাকেন। প্রথম আলো: পরিবেশদূষণের ফলে কী কী ক্ষতি হচ্ছে?মুনীর চৌধুরী: দূষণের কবলে পড়া অসহায় মানুষের কান্না প্রতিদিন পরিবেশ অধিদপ্তরে পৌঁছেছে। পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির কারণে কৃষক তাঁর জমি হারাচ্ছেন, জেলে তাঁর মাছ ধরার অধিকার হারাচ্ছেন আর সাধারণ মানুষ স্বস্তি ও শান্তি হারাচ্ছে। প্রথম আলো: পরিবেশ সুরক্ষায় চট্টগ্রামের আরেকটি বড় সমস্যা জাহাজভাঙাশিল্প। আপনি কী বলেন?মুনীর চৌধুরী: শিপব্রেকিং ইয়ার্ডে পরিবেশসম্মত ব্যবস্থা নিশ্চিত করার জন্য নীতিমালা প্রণয়ন করা হয়েছে। অভিযানও চালানো হচ্ছে।সচেতনতা কার্যক্রমও চলছে। তবে যেহেতু দেশের অভ্যন্তরীণ অবকাঠামোগত উন্নয়নে, বিশেষ করে রড তৈরির কাঁচামালা এখান থেকে আসে, তাই এই সেক্টরকে পুরোপুরি দূষণমুক্ত করা সময়ের প্রয়োজন। তবে বড় ধরনের দূষণের ঘটনা ঘটলে ছাড় দেওয়া হবে না। সমুদ্র, পরিবেশ ও প্রকৃতি রক্ষা করেই জাহাজভাঙাশিল্প চালাতে হবে। প্রথম আলো: পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সচেতনতার গুরুত্ব কতটা?মুনীর চৌধুরী: যত শাস্তিমূলক ব্যবস্থাই নেওয়া হোক না কেন উদ্যোক্তা শিল্পমালিক ও ব্যবসায়ীদের আইন মানার মানসিকতা থাকতে হবে। শুধু মুনাফা প্রাধান্য না দিয়ে পরিবেশ সুরক্ষার বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। পরিবেশদূষণ মূলত ব্যবসায়িক অনৈতিকতার অংশ। কোনো বিবেকবান ও মূল্যবোধসম্পন্ন ব্যবসায়ী তা করতে পারেন না।