
পৃথিবীতে নানা রকমের পতঙ্গ ছিল এবং আছে। এদের মধ্যে সবচেয়ে বড় কোনটি? এই প্রশ্নের উত্তর খুঁজেছেন যুক্তরাষ্ট্রের একদল প্রাণিবিদ।
কল্পনা করুন, একটি ড্রাগনফ্লাই বা ফড়িং আপনার ২৭ ইঞ্চির টেলিভিশন পর্দা যদি একেবারে ঢেকে দেয়, কেমন হবে? সান্টা ক্রুজে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদ ম্যাথু গ্রাহাম বলেন, এ পর্যন্ত যেসব বড় বড় পতঙ্গের ফসিল বা জীবাশ্ম পাওয়া গেছে, সেগুলো বিশালকায় ড্রাগনফ্লাই ও গ্রিফিনফ্লাইয়ের। তবে এদের শারীরিক গঠনে তফাত আছে।
গবেষকেরা বলছেন, ২৭ ইঞ্চি প্রশস্ত ডানার গ্রিফিনফ্লাই–ই এখন পর্যন্ত পৃথিবীতে বিচরণকারী বৃহত্তম পতঙ্গ। এদের বৈজ্ঞানিক নামের প্রথম অংশ মেগানিউরোপসিস। এই প্রাণীর সবচেয়ে বড় ফসিল মিলেছে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের ক্যানসাসে। সেগুলো প্রায় ৩০ কোটি বছরের পুরোনো। তুলনা করলে দেখা যায়, এখনকার ড্রাগনফ্লাইয়ের ডানার বিস্তার মাত্র ৮ ইঞ্চির মতো।
কেন এত বড় বড় পোকা ক্রমে সংকুচিত হয়ে গেল? পারড্যু বিশ্ববিদ্যালয়ের পতঙ্গবিদ টম টারপিন বলেন, প্রাগৈতিহাসিক যুগের বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা সম্ভবত অনেক বেশি ছিল। আর সেই বাতাসে শ্বাস নিয়ে বড় বড় পতঙ্গ বেঁচে ছিল। কিন্তু যখন অক্সিজেনের মাত্রা কমতে লাগল, তখন সেগুলোর পক্ষে কি আর টিকে থাকা সম্ভব?
পাখিদের উত্থানও পোকাগুলোর গুটিয়ে যাওয়ার একটা কারণ হতে পারে। ২০১২ সালের এক গবেষণা বলছে, জুরাসিক যুগের শেষ দিকে উড়তে সক্ষম প্রাণীদের মধ্যে পাখিদের দাপট বেড়ে গিয়েছিল। সেই তুলনায় পতঙ্গগুলোর সামর্থ্য ছিল কম।
এখনকার যুগের সবচেয়ে বড় ডানাওয়ালা পতঙ্গের আবাস দক্ষিণ আমেরিকার মধ্য ও উত্তরাঞ্চলে। এদের ডানার বিস্তার কখনো কখনো ১০ ইঞ্চির কাছাকাছি হয়ে থাকে। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের পতঙ্গবিদ কেটি প্রাডিক এ তথ্য দিয়েছেন। এশীয় অ্যাটলাস মথের ডানাগুলো প্রায় ৬২ বর্গইঞ্চিজুড়ে ছড়িয়ে থাকে, আর সেটা একটা ডিভিডির বাক্সের চেয়েও বড়।