সবচেয়ে বড় সমস্যা নিরাপত্তাহীনতা
গাদাগাদি করে একটা ঘরের সঙ্গে আরেকটা ঘর। স্যাঁতসেঁতে, অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশ। নেই বিশুদ্ধ পানির সরবরাহ বা উন্নত পয়োনিষ্কাশনব্যবস্থা। একটি বস্তির সাধারণ চিত্র এমনই। বস্তিতে রয়েছে নানা সমস্যা। এসব সমস্যা ছাপিয়ে বস্তিবাসীর জন্য বড় সমস্যা নিরাপত্তাহীনতা। বিশেষ করে বস্তির মেয়েশিশুরা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগে। বয়ঃসন্ধিকাল না পেরোতেই আশপাশের যুবকেরা তাদের উত্ত্যক্ত করা শুরু করে। উপায় না পেয়ে মা-বাবারা তাদের বিয়ে দিয়ে দেন বা বাসাবাড়িতে কাজ করতে পাঠান। এ রকম একজন শ্যামপুর বস্তির ১৪ বছরের খুশি (ছদ্মনাম)। বস্তির ছেলেরা উত্ত্যক্ত করা শুরু করায় তার মা তাকে এলাকার একটি বাসায় কাজ করতে পাঠান। কিন্তু সেখানেও মেলেনি নিরাপত্তা। শুরু থেকেই বাসার গৃহকর্তার ছেলে খুশির গায়ে হাত দেওয়ার চেষ্টা করত। একদিন খালি বাসা পেয়ে খুশিকে ধর্ষণ করে ছেলেটি। লজ্জা আর ভয়ে কাউকে কিছু জানায়নি খুশি। তবে কাজে যাওয়া বন্ধ করে দেয় সে। এত ভালো বেতনের কাজ সহজে জোটানো সম্ভব নয় ভেবে খুশির মা ওকে জোর করে আবার ওই বাসায় কাজে পাঠান। এদিকে খুশির বাবা আরেকটা বিয়ে করে আলাদা থাকেন। আটজনের সংসারে খুশি আয় না করলে যে চলবে না। এর পর থেকে মাঝেমধ্যে ধর্ষণের শিকার হতো খুশি। মাস তিনেক আগে খুব অসুস্থ হয়ে পড়লে খুশিকে চিকিৎসকের কাছে নেওয়া হয়, প্রকাশ পায় এত দিনের যৌন নির্যাতনের কথা। নিজেদের দারিদ্র্য আর সমাজের কথা ভেবে খুশির পরিবার আইনের আশ্রয় না নিয়ে চুপ হয়ে যায়।মিরপুরের বেড়িবাঁধ বস্তি, হাজারীবাগ বস্তি, মোহাম্মদপুর বস্তি, রায়েরবাজার বস্তি, শ্যামপুর বস্তি, গেন্ডারিয়া বস্তি, গেন্ডারিয়া রেললাইন বস্তি, আগারগাঁও বস্তি সরেজমিন ঘুরে খুশির মতো এমন অনেক যৌন নির্যাতনের ঘটনা জানতে পারেন এই প্রতিবেদক। বস্তির কিশোরীরা মূলত পোশাক কারখানায় কাজ করে। সেখানেও প্রতিনিয়ত তাদের যৌন হয়রানির শিকার হতে হচ্ছে। এ জন্য মেয়েদের কাজে পাঠিয়েও স্বস্তি পান না বলে জানান অভিভাবকেরা। তবু বেঁচে থাকার তাগিদে পাঠান। বস্তির মেয়েশিশু বা কিশোরীরা শুধু কর্মক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের শিকার হয়। স্বল্প আয়ের বস্তিবাসী বাবা-মা দুজনকেই কাজ করতে হয়। বাড়িতে একা থাকে মেয়েটি। বাড়ির কাজ বা ছোট ভাইবোনদের দেখাশোনা করে। এ সুযোগে বস্তির বখাটে, উচ্ছৃঙ্খল ছেলেরা মেয়েদের যৌন হয়রানি করে। যৌন নির্যাতনের শিকার এসব শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, তারা বিভিন্ন সমস্যায় ভোগে। এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল প্রথম আলোকে বলেন, যৌন নির্যাতনের ফলে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি দুই ধরনের সমস্যা হয়। তাৎক্ষণিক সমস্যা হলে কথা বন্ধ করে দেয়, বোকা বোকা আচরণ করে বা বুদ্ধি লোপ পায়, ভাবগ্রস্ত বা আবেগশূন্য থাকে এবং সেই সঙ্গে আত্মহত্যার প্রবণতা তৈরি হয়। এটা সাধারণত ২৮ দিন পর্যন্ত চলে। আর দীর্ঘমেয়াদি সমস্যা বিয়ের পরও চলতে পারে। সে ক্ষেত্রে বিষণ্নতা তো থাকেই। সেই সঙ্গে অবসাদগ্রস্ততা, দুঃস্বপ্ন দেখা বা হাউমাউ করে কান্না, পুরুষদের এড়িয়ে চলা ইত্যাদি প্রবণতা দেখা দেয়।নিরাপত্তার অভাবে বা যৌন নিপীড়নের ভয়ে বেশির ভাগ অভিভাবক মেয়েকে বাল্যকালেই বিয়ে দেন। অথচ কম বয়সে বিয়ে হলে মেয়েরা স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন দ্বারা বেশি নির্যাতনের শিকার হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছেও বস্তির মেয়েরা যৌন নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে অবগত আছেন স্বীকার করে মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক প্রথম আলোকে বলেন, শিশুদের অধিকার রক্ষায় আমরা নানা সচেতনতামূলক প্রোগ্রাম করছি, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকেও রেখেছি। তাদের কাছে অভিযোগ এলে তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেন বলে জানান তিনি। দারিদ্রের সুযোগে বস্তির মেয়েদের পাচার করার ঘটনাও ঘটছে। একটু ভালো থাকা, একটু ভালো খাওয়ার জন্য তারা সহজেই পাচারকারীদের ফাঁদে পড়ে। এদের সহায়তা করে সে বস্তিরই কিছু নারী। তবে প্রেমের সম্পর্ক করেও পাচারের শিকার হয় বস্তির মেয়েরা।