দক্ষিণ ইংল্যান্ডের ৯০ বছর বয়সের টেড ইংরাম ৬৮ বছর ধরে নিজ এলাকায় পত্রিকা বিলি করেন। আর পত্রিকা বিলি করেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তিনি। পেয়েছেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক পত্রিকা-বিক্রেতার খেতাব। এবার শুনুন তাঁরই গল্প...উইন্টারবর্ন গ্রামে ভাড়া করা একটা ট্রাক্টর চালাতেন টেড ইংরাম। মানুষের জমি চাষ করাই ছিল তাঁর কাজ। কিন্তু এই ট্রাক্টর-চালকের কাজ করে সংসারের অর্থনৈতিক টানাপোড়েন কাটছিল না কিছুতেই। কীভাবে সংসার চালাবেন, এ চিন্তা বারবার ঘুরপাক খায় মাথায়। কোনো কূলকিনারা খুঁজে পান না তিনি। লেখাপড়াটাও তেমন একটা করা হয়নি যে একটা ভালো চাকরি করবেন। উপায়ান্তর না দেখে নিজের এলাকায় জমি চাষ করার পাশাপাশি পত্রিকা বিক্রি করার সিদ্ধান্ত নেন। এতে বাড়তি কিছু অর্থ রোজগার হবে, এ আশায় ১৯৪২ সালে মাত্র ২২ বছর বয়সে পত্রিকা বিক্রি করা শুরু করেন টেড।এর জন্য অল্প কিছু মূলধন জোগাড় করেন তিনি। নিজের একটা বাইসাইকেলও আছে। ব্যস, আর সমস্যা কোথায়। শুরুতে ২৬টি পরিবারের সঙ্গে কথা বলে শুধু তাদেরই পত্রিকা দেওয়ার উদ্দেশ্যে খুব ভোরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন তিনি। পত্রিকা নিয়ে এসে বাড়ি বাড়ি বিলি করেই আবার একটু খেয়েদেয়ে চলে যেতেন মাঠে। কারণ, শুধু পত্রিকা বিলি করলে তো আর পেটে খাবার জুটবে না। তাই মাঠের কাজে অবহেলা করতেন না এতটুকু।পরবর্তী সময়ে শুরুর সেই ২৬টি পরিবারেই শুধু পত্রিকা বিলি করতেন না টেড ইংরাম, সেই গণ্ডি পেরিয়ে একসময় পুরো গ্রামেই পত্রিকা বিলি করা শুরু করলেন তিনি। সেই যে শুরু করেছিলেন, আর থামেননি।সাইকেলের চাকা ঘোরার সঙ্গে সঙ্গে টেডের বয়সটাও এখন বেড়ে গেছে অনেক। এখন নব্বইয়ের ঘরে পা রেখেছেন তিনি। সব কাজ এখন আর আগের মতো আনন্দ নিয়ে করা হয় না তাঁর। তবে পত্রিকা বিলি করতে এখনো মনে বেশ জোর পান তিনি। এর মধ্যে শরীরে একবার অস্ত্রোপচার হয়েছে। তাই সাইকেলটা এখন আর তেমন একটা চালানো হয় না। জমানো সব টাকা সম্বল করে একটা গাড়ি কিনেছেন তিনি। সেই গাড়িতে করেই এখন পত্রিকা বিলি করেন টেড ইংরাম।তাঁর এই পত্রিকা বিলির ৬৮ বছরে ইচ্ছাকৃত একটি দিনও ছুটি কাটাননি তিনি। তবে অনিচ্ছাকৃতভাবে গ্রামবাসীকে মাত্র দুই দিন পত্রিকা দিতে পারেননি টেড। সে কারণে এখনো অনুশোচনায় ভোগেন। এই দুই দিনের এক দিন ছিল প্রচণ্ড তুষারপাত, যে কারণে বাইরে বের হওয়াটা অসম্ভব ছিল। আর এক দিন হলো—যেদিন টেডের স্ত্রী বেটি মারা যান। টেড শুধু তাজা খবরই সবার হাতে তুলে দেন না, রাখেন পাড়া-প্রতিবেশীর খোঁজখবরও। ‘পত্রিকা বিলি করাটা এখনো আমার দারুণ লাগে। কারণ, এতে গ্রামবাসীর খোঁজখবরও রাখা হয়। আমি প্রতিদিন পত্রিকা দিয়ে তাঁদের সঙ্গে টুকটাক গল্পগুজব করি। সময়টা আমার বেশ ভালোই কেটে যায়। এ ছাড়া প্রতিদিন সকালে আমি কখন পত্রিকা নিয়ে যাব, সে অপেক্ষায় সবাই থাকে। আমি তো তাদের অকারণে হতাশ করতে পারি না।’শরীরটা এখন খুব একটা ভালো যাচ্ছে না টেড ইংরামের। তাই ধীরে ধীরে কমিয়ে দিয়েছেন পত্রিকা বিলির মাত্রা। এখন মাত্র ১০টি পরিবারে সপ্তাহে ছয় দিন পত্রিকা বিলি করেন তিনি। এতেই তাঁর সংসার চলে যায়। ছেলেমেয়ে, নাতিপুতিসহ পরিবারে এখন তাঁর ১০ জন সদস্য। ছেলেমেয়েরা সবাই প্রতিষ্ঠিত। তাই এখন তাঁর সাতসকালে ঘুম থেকে ওঠার তাড়া নেই, তাগিদ নেই মাঠে যাওয়ারও। নেই ধ্যানমগ্ন হয়ে জীবিকার সন্ধান করার ব্যস্ততা। তাই অবসরজীবনটা এই পত্রিকা বিলি করেই এখন উপভোগ করছেন ৯০ বছরের টেড ইংরাম।টেড ইংরামের ৫০ বছর বয়সী মেয়ে অ্যাঞ্জেলা ম্যাথিউস বলেন, ‘বাবার জীবনে মনে হয় কখনো অবসর শব্দটি আসবে না। বাবা আসলে নতুন পত্রিকা মানুষের হাতে তুলে দেওয়ার আনন্দ থেকে কিছুতেই বঞ্চিত হতে চান না।’টেড ইংরামের কাজ ও ব্যবহারে মুগ্ধ তাঁর পত্রিকার ক্রেতারা। কেউই তাঁকে ছাড়তে চান না। অনেক পরিবারই আছে, যারা ১৯৪২ সালে টেড ইংরামের কাছ থেকে পত্রিকা নেওয়া শুরু করেছিল এবং এখনো তাঁর কাছ থেকেই পত্রিকা নিচ্ছে। তাদেরই এক পরিবার হচ্ছে জুডি ও চার্লস নরম্যানের পরিবার। জুডি ও নরম্যান বলেন, ‘টেড একসময় আমাদের বাগানে ঘাস কাটতেন; পাশাপাশি তিনি পত্রিকা বিক্রি করা শুরু করলেন। তাঁর আচরণ আর মুখের হাসিই তাঁকে এত দূর নিয়ে আসার পেছনে কাজ করেছে। এর পরও টেডের কর্মনিষ্ঠা ছিল প্রবল।’গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেলেও কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে তাঁর এই রেকর্ডের কথা জানায়নি। গিনেস বুকে নাম ওঠানোটা টেড এখনো ঠিক বিশ্বাস করতে পারেন না। এসব রেকর্ডের প্রতি মনে হয় না তাঁর খুব আগ্রহ আছে। যদি শরীর ঠিক থাকে, তাহলে ১০০ বছর বয়স পর্যন্ত পত্রিকা বিলি করতে চান টেড ইংরাম।ওয়েবসাইট অবলম্বনে: আবু হেনা