সবচেয়ে মন্দ এবং সবচেয়ে ভালো সময়

শিক্ষার্থী ও তরুণদের জন্য লিখেছেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ভিনস্যান্ট চ্যাং।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক মাসে অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে, ‘আমাদের প্রজন্মটা কি দুর্ভাগা?’ আমার মনে পড়ে গেছে সেই সময়ের কথা, যখন আমিও ওদের বয়সী ছিলাম। এক গ্রীষ্মে বেশ কিছু বই পড়েছিলাম। আজ তিনটি বই পড়ার অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে চাই।

প্রথম বইটা উপন্যাস। চার্লস ডিকেনসের লেখা আ টেল অব টু সিটিজ। ফরাসি বিপ্লবের বিশৃঙ্খল, অশান্ত সময় এই উপন্যাসের পটভূমি। পুরোনো দিন তখন গত হয়েছে, নতুন দিন তখনো অজানা। তাই চার্লস ডিকেনস গল্পের শুরুতেই লিখেছেন, ‘এটা ছিল সবচেয়ে খারাপ সময়।’

দ্বিতীয় বইটি চীনা ভাষায় লেখা, এটাও উপন্যাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গল্প। উপন্যাসটির নাম ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়ায়—আ সং নেভার টু এন্ড (যে গানের শেষ নেই)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করার চার বছর আগেই জাপান চীনে আক্রমণ করেছিল, নিয়েছিল বেইজিংয়ের দখল। এই ঘটনার ঠিক আগে, বেইজিংয়ের তিনটি সেরা বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষা কার্যক্রম বেইজিং থেকে দূরে, কুনমিংয়ে সরিয়ে নেয়। কিছু শিক্ষার্থী সীমান্তের কাছাকাছি এত দূরের একটা শহরে যেতে রাজি হয়নি, ঝরে পড়েছিল তারা। তবে অধিকাংশ শিক্ষার্থীই রাজি ছিল। ধু ধু প্রান্তর, উঁচু পাহাড় বা স্রোতস্বিনী নদী তারা পাড়ি দিয়েছিল ট্রেন, বাস, নৌকায় চেপে, পায়ে হেঁটে। তারা যখন কুনমিংয়ে পৌঁছাল, সেখানে তখনো কোনো ক্যাম্পাস নেই, শ্রেণিকক্ষ নেই, ল্যাব নেই, স্টুডিও নেই। নতুন বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছিল ইউনাইটেড ইউনিভার্সিটি। সবার পরিচয় ছিল এক—ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থী। কেউ কেউ ভাবছিল, এটাই কি সবচেয়ে খারাপ সময়? আমরা কি একটা অভাগা প্রজন্ম? জানিয়ে রাখি, বইটির লেখকও ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

এই দুটো বইয়ের প্রসঙ্গে আমি আবার পরে ফিরে আসব।

যা কেউ শেখাবে না

তৃতীয় বইটি উপন্যাস নয়। ব্রিটিশ ইতিহাসবিদ আর্নল্ড টয়েনবির লেখা আ স্টাডি অব হিস্ট্রি। বইটির মূলভাব হলো: চ্যালেঞ্জের মুখোমুখি হলে নয়, বরং একটা সভ্যতা বা প্রতিষ্ঠান হারিয়ে যায় সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হলে। আমি একে বলি ‘চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ মোকাবিলা’র মূল কাঠামো। কোথা থেকে কেমন চ্যালেঞ্জ উদ্ভূত হবে, সেটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে নেই। কিন্তু প্রতিষ্ঠান নিশ্চয়ই তার মোকাবিলার কৌশল ঠিক করতে পারে। কীভাবে সে চ্যালেঞ্জ মোকাবিলা করছে, সেটিই হয়ে ওঠে প্রতিষ্ঠানটির পরিচয়।

‘চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ মোকাবিলা’র এই কাঠামো শুধু সভ্যতা বা প্রতিষ্ঠান নয়, ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন তুমি যখন শিক্ষানবিশি বা চাকরির জন্য সিভি তৈরি করো, হয়তো ধরে নাও সিজিপিএ ও ক্লাবের কার্যক্রমই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কারণ, এগুলোই তোমার আইকিউ (ইন্টেলিজেন্স কুয়োশেন্ট বা বুদ্ধিমত্তার মান) ও ইকিউ (ইমোশনাল কুয়োশেন্ট বা আবেগীয় মান)-এর প্রতিনিধিত্ব করে। আমরা জানি আইকিউ ও ইকিউ গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও বোধ হয় বেশি গুরুত্বপূর্ণ হলো একিউ—অ্যাডভার্সিটি কুয়োশেন্ট। জীবনের প্রতিকূল সময় তুমি কতখানি মোকাবিলা করতে পারো, বাধাকে কতখানি সুযোগে পরিণত করতে পারো, সেটিই প্রকাশ পায় একিউয়ের মাধ্যমে।

একিউ কেন এত গুরুত্বপূর্ণ? কারণ, কারও জীবনই নিরুপদ্রব নয় এবং কখন কেমন চ্যালেঞ্জ আসবে, তার ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। আরও একটা কারণ হলো, চ্যালেঞ্জ আর বাধাই আমাদের জীবনের সেরা শিক্ষক। ব্যর্থতা, অবনতি, চ্যালেঞ্জের মুখে পড়েই মানুষ সবচেয়ে ভালো শেখে। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি; গুগল, ফেসবুক, ইউটিউবের মতো প্রতিষ্ঠানের শুরু হয়েছে যেখানে, সেখানে ব্যর্থতার অভিজ্ঞতা না থাকলে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা তোমার পেছনে বিনিয়োগ করতে আগ্রহী হবে না। কারণ, তারা তোমার একিউ সম্পর্কে ধারণা পাবে না। ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর উদাহরণ কোথায় আছে? উত্তর, সবখানে, যদি তুমি মনোযোগ দিয়ে লক্ষ করো।

বিশ্ববিদ্যালয়ে তুমি সিজিপিএ বাড়ানো শেখো, আর এটা এক অর্থে তোমার আইকিউ বাড়ায়। ইকিউ তুলে ধরার জন্য তুমি ক্লাবে অংশগ্রহণ কিংবা নেতৃত্ব দিতে পারো। কিন্তু একিউ কীভাবে উন্নত করতে হয়, বিশ্ববিদ্যালয় তোমাকে সেই শিক্ষা দেবে না। আদতে পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষা দেওয়া হয় না। কারণ, কীভাবে সফল হতে হয়, সব পাঠ্যক্রম সেই শিক্ষা দেওয়ার জন্যই তৈরি। কীভাবে ব্যর্থ হতে হয়, সেটা কেউ শেখায় না। অতএব ব্যর্থ হয়েই তুমি একিউর উন্নতি করতে পারবে। সুতরাং নিজেই নিজেকে শেখাও। কিন্তু কীভাবে?

হৃদয়ের ডাকে সাড়া দাও

প্রথমত, নিজের কাছে স্বচ্ছ হও। তোমার আগ্রহ, তোমার হৃদয়ের ডাক (মা-বাবার নয়, তোমার বন্ধু কিংবা বান্ধবীর নয়) শোনো; আবেগ, শৃঙ্খলার সঙ্গে সেই ডাকে সাড়া দাও। ঠিক করে নাও তোমার কম্পাস। সাগর যতই উত্তাল হোক, ঝড় যতই তীব্র হোক, তুমি যেন পথ না হারাও। দ্বিতীয়ত, পৃথিবীর ব্যাপারে কৌতূহলী থেকো। যেন তুমি এমন একটা দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারো, যেটা ব্যতিক্রম, যার পরিসর বড়। তাহলে তুমি চ্যালেঞ্জগুলো যথাযথভাবে মোকাবিলা করতে পারবে, প্রয়োজনে সামনে এগোনোর পথ খুঁজে নিতে পারবে।

আর এভাবেই তোমার একিউ ধীরে ধীরে উন্নত হবে। হৃদয়ের ডাক শোনো, আবেগ ও শৃঙ্খলার সঙ্গে সেই ডাকে সাড়া দাও, দৃষ্টির পরিসর বড় করো আর তোমার পথ ঠিক করে নাও। যেন যেকোনো চ্যালেঞ্জ যথাযথভাবে মোকাবিলা করতে পারো। সংক্ষেপে, তুমি কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করছ, সেটাই তোমার একিউ।

এবার সেই প্রশ্নে ফিরি—তোমাদের প্রজন্ম কি দুর্ভাগা? এটাই কি সবচেয়ে খারাপ সময়? প্রশ্নের উত্তর আমি সেই বই দুটোতে পাই—আ সং নেভার টু এন্ড এবং আ টেল অব টু সিটিজ।

ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। কুনমিংয়ে নেমে আসতে পারত রাতের আঁধার। হয়তো তারা দুর্ভাগা ছিল। হয়তো সেটাই সবচেয়ে খারাপ সময় ছিল। কিন্তু আ সং নেভার টু এন্ড বইতে এক শিক্ষার্থীর লেখা কবিতায় পাওয়া যায়, ‘আহা রাত্রি, একটা সম্পূর্ণ নতুন দিন!’ তিনি রাতটাকেই দিনে বদলে দিয়েছিলেন। দুজন অ্যালামনাই পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন। উপন্যাসটির লেখকও পরে ইয়েল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন, অধ্যাপক হয়েছেন। এমনকি ইউনাইটেড ইউনিভার্সিটির অনেক প্রাক্তন শিক্ষার্থী পরে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, অধ্যাপক বা ২০ শতকের চীনের চিন্তাবিদ হয়েছেন। আমার কাছে এটাই চীনের উচ্চশিক্ষার সেরা সময়, যদিও ইউনাইটেড ইউনিভার্সিটির অস্তিত্ব ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত।

আর আ টেল অব টু সিটিজ? চার্লস ডিকেনস গল্পটা শুরু করেছেন এভাবে: ‘এটা ছিল সবচেয়ে ভালো সময়। এটা ছিল সবচেয়ে মন্দ সময়।’ আর তিনি লেখাটা শেষ করেছেন এই উক্তি দিয়ে—‘আমি যা করে এসেছি, তার চেয়ে এখন যা করছি, সেটা বহু বহু গুণে ভালো।’ এটা নিঃসন্দেহে সবচেয়ে ভালো সময়, কারণ, গল্পে আমরা দেখি—জীবন আর ভালোবাসা, দুটির ক্ষেত্রেই পরীক্ষা দিতে হয় আর দিন শেষে আরও উন্নত হয়।

তোমাদের বয়সে বই তিনটা পড়ে এই ছিল আমার শিক্ষা। শিক্ষার্থীদের যদি কিছু বলতে হয়, আমি অনুরোধ করব খোঁজো—তোমার চোখে নায়ক কারা? তাঁরা কীভাবে প্রতিকূল অবস্থা থেকে উঠে এসেছেন, কীভাবে দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করেছেন, অপ্রীতিকর পরিবেশ কীভাবে পাড়ি দিয়েছেন? আমি আশা করব, ২০, ৩০ বা ৪০ বছর পর যখন তোমরা এই মহামারির সময়টায় ফিরে তাকাবে, মনে হবে এটাই ছিল তোমাদের সেরা সময়ের শুরু।

ইংরেজি থেকে অনূদিত