সবজান্তা শমসের
ডিসেম্বর মাস। বার্ষিক পরীক্ষা শেষ করে পাঁচ বছরের সিনিয়র জনিদা তখন প্রাইমারি শেষ করে হাইস্কুলে ভর্তির পথে। নেতা হিসেবে না মানলেও সে আমাদের সঙ্গে এমন ভাব করত, যেন মোস্ট সিনিয়র হিসেবে তাকে নেতা মানাই উচিত! এমন ঠান্ডার দিনে সূর্যি মামা উঠলে কোমল রোদে সে আমাদের ডেকে নিয়ে মাস্টারের মতো ক্লাস নিত আর এমন মুড নিত যেন সবজান্তা শমসের! ‘জানিস বিকাশ, এই যে সূর্যের রোদ, এতে আছে ভিটামিন। কী ভিটামিন বল তো?’ অশেষটা ছিল ভীষণ ছটফটে, তার ঝটপট উত্তর, ‘ভিটামিন-ডি।’ মনে হলো জনিদা একদমই খুশি হয়নি, কারণ আমরা এটা জানি বলে তার পাণ্ডিত্য কিছুটা হলেও খর্ব হলো! ‘আচ্ছা, বল তো অশেষ, ভিটামিন ডি শরীরে কেমনে ঢুকে?’ কাঁচুমাঁচু করে অশেষের উত্তর, ‘জানি না, দাদা।’ ‘এ জন্যই বলি, অল্পবিদ্যা ভয়ংকরী। এই যে দেখ, তুই যদি কাপড় দিয়ে সম্পূর্ণ শরীর ঢেকে রাখিস, তাহলে কিন্তু ভিটামিন ডি তোর শরীরে প্রবেশ করতে পারবে না। আবার ঠান্ডার দিনে কাপড় খুললেই ঠান্ডা খাবি। এ জন্য আমি একটা পদ্ধতি বের করেছি, তোরা যদি সূর্যের দিকে মুখ হাঁ করে থাকিস, তাহলে অনেক বেশি ভিটামিন তোদের শরীরে প্রবেশ করবে!’ এই বলে দাদা ব্যস্ত হয়ে পড়ল পদ্ধতিটা দেখাতে। কিন্তু কিছুক্ষণ পরেই কাউকে কিছু না বলেই দাদা উঠে দিল দৌড়। আমরাও গেলাম পিছু পিছু। কলপাড়ে গিয়ে দেখি দাদা অনবরত বমি করছে আর বলে যাচ্ছে, ‘শালার কাউয়া, হাগু দেওয়ার আর জায়গা পেলি না।’ ফজলুল হক হল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।