সবজান্তা সমীপেষু
আন্দোলন আর তীব্র আন্দোলনের মধ্যে পার্থক্য কী?
জুনিয়র হাসান, খান মার্কেট, বগুড়া
আন্দোলন হলো বাস্তবতা, তীব্র আন্দোলন হলো স্বপ্ন।
বাংলাদেশের ট্রেনগুলো দোতলা করা হচ্ছে না কেন?
ফরিদ আহমেদ, উত্তরা, ঢাকা
এমনিতেই তো দোতলা, দেখেন না ঈদ এলেই ছাদ ভর্তি হয়ে যায় মানুষে।
রুপালি ও সোনালি পর্দার সঙ্গে ঘরের জানালার পর্দার পার্থক্য কী?
সুরমা, ষোলঘর, সুনামগঞ্জ
রুপালি ও সোনালি পর্দায় নায়ক–নায়িকা থাকে, জানালার পর্দায় থাকে ময়লা।
সুখ পাখি আসলে কী?
দুলী আক্তার, ঢাকা
যে পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ নয়।
Love–এর পাস্ট টেন্স ও ফিউচার টেন্স কী হবে?
পণ্ডিত রণজিৎ ঠাকুর, জজকোর্ট এলাকা, হবিগঞ্জ
পাস্ট টেন্স: লোভ, ফিউচার টেন্স: লোকসান।
আমাদের সবার উচিত অন্যকে সহযোগিতা করা। তাহলে অন্যরা কী করবে?
আসলাম, ধুনট, বগুড়া
সমস্যায় পড়বে এবং আপনি তাদের সহযোগিতা করে যাবেন।
সেরা প্রশ্ন
কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটার পর
তদন্ত কমিটি গঠন করা হয়। আগে করা হয় না কেন?
বিজয় কৃষ্ণ মণ্ডল, শ্যামনগর, সাতক্ষীরা
দেশ থেকে দুর্ঘটনা বিলুপ্ত হয়ে যাওয়ার ভয়ে।
অভিনন্দন বিজয়, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।