সবজান্তা সমীপেষু
বিমানবন্দরে উদ্ধারকৃত সোনা আর বিশ্বকাপ ট্রফির সোনা কি একই?
ফমিন, লালবাগ, ঢাকা
না, একই নয়। বিশ্বকাপ ট্রফির সোনা হজম হয়, বিমানবন্দরেরগুলো সব সময় হয় না।
অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ, এটা প্রযুক্তির কোন ধরনের ব্যবহার?
আরাফাত হোসেন, ধানমন্ডি, ঢাকা
নিঃসন্দেহে দুর্ব্যবহার!
একটা ব্যাডমিন্টনের নেটে কতগুলো ফুটো থাকে?
প্রত্যয় রসুল, স্টেশন রোড, কুষ্টিয়া
একটা ভলিবলের নেটে যতগুলো ঠিক ততগুলোই।
আপনি সবজান্তা সমীপেষু কিন্তু সবজান্তা শমসের নন কেন?
চয়ন বালা, জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
দুনিয়ায় অনেক সবজান্তা শমসের আছে কিন্তু সবজান্তা সমীপেষু একজনই!
রস+আলো হঠাৎ আকারে বেড়ে গেল কেন?
মোশাহিদুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা
আপনাদের ভালোবাসার ডোজ রোজ রোজ খেয়ে আকারে বেড়ে গেছে!
আতপ চাল আর টিনের চালের মধ্যে পার্থক্য কী?
শামীম হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর
টিনের চাল টিভিতে মডেলিং করে। আতপ চাল করে না।
সেরা প্রশ্ন
কাপড়কে এত অত্যাচার করা হয় কেন? ধোলাই করা হয়, পানিতে চুবিয়ে রোদে পোড়ানো হয় আবার গরম লোহার ছ্যাঁকাও
দেওয়া হয়!
সালাউদ্দিন, ফুলবাড়ী গেট, খুলনা
কারণ, কাপড় কিনতে আমাদেরও অনেক কষ্ট করতে হয়! রোদে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, মাঝেমাঝে ধোলাই, বকাও খেতে হয়। শোনেননি ‘পাখি’ নামের একটি কাপড়ের জন্য সংসারও ভেঙেছে? মানে ছ্যাঁকাও খেতে হয়। তো প্রতিশোধ বলে একটা ব্যাপার আছে না?
অভিনন্দন সালাউদ্দিন, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।