সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিল্ড (Build) করার পরও একটি দালানকে বিল্ডিং (Building) বলা হয় কেন?
অর্পণ দাশগুপ্ত, শ্যামলী, ঢাকা
 দালানেরাও বডি বিল্ডার হতে চায় বলে।

সত্যিই যদি বিয়ের বয়স কমানো হতো, তাহলে কী হতো?
মাহফুজুর রহমান খান, মেলান্দহ, জামালপুর
 দেশে প্রেমিক–প্রেমিকার সংখ্যা কমে যেত।

অভিনয়শিল্পীরা অভিনয় করেন কিন্তু অভিদশ করেন না কেন?
এবিএম আহসান হাবিব, হারাগাছ, রংপুর
 সবকিছুতেই দশে দশ দেওয়া যায় না বলে।

আমাদের ক্রিকেট বলটা খুঁজে পাচ্ছি না, আপনি কি দেখেছেন?
ইকবাল হোসেন, তারাকান্দা, ময়মনসিংহ
 হ্যাঁ, দেখেছি। দোকানে।

কথায় আছে—খুঁটির জোরে ভেড়া নাচে। কিন্তু কেন?
রাসেল ইসলাম, ক্যান্টনমেন্ট কলেজ, যশোর
 খুঁটি হলো ভেড়ার আপন মামা, তাই।

হিন্দি সিরিয়াল আর বাস্তব জীবনের পার্থক্য কী?
শহিদুল আলম, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম
 হিন্দি সিরিয়ালে আজ পর্যন্ত কেউ সবজান্তার কাছে প্রশ্ন করেনি।

সেরা প্রশ্ন
সবজান্তা কেন ইবোলা ভাইরাসের ওষুধ নিয়ে ভাবছেন না?
জাকারিয়া ইসলাম, শালিখা, মাগুরা
 অত ভাবাভাবির কিছু নেই। ইবোলা ভাইরাসের ওষুধ একটাই—অ্যান্টিভাইরাস।

অভিনন্দন জাকারিয়া, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।