সবজান্তা সমীপেষু
টাকার পাগল ও ক্ষমতার পাগলের মধ্যে তফাত কী?
লিটন, ফটিকছড়ি, চট্টগ্রাম
কোনো তফাত নেই, এরা মাসতুতো ভাই।
সেলফি কী?
আহসান হাবিব, হারাগাছ, রংপুর
যে ছবিতে ফটোগ্রাফারের মাথা সবার সামনে থাকে, সেটাই সেলফি।
চাকরি ও বাকরির মধ্যে পার্থক্য কী?
আকাশ আহমেদ, কুমারখালী, কুষ্টিয়া
চাকরি খুঁজলে পাওয়া যায়, কিন্তু বাকরি খুঁজলে পাওয়া যাবে না।
শীতকালে এত পিঠা খাওয়া হয় কেন?
ফাতিমা ফেরদৌসী, কুষ্টিয়া
পিঠারা শীত সহ্য করতে পারে না, তাই পেটের ভেতরে রেখে একটু উষ্ণতা দেওয়া হয়।
পুলিশ ও আসামির মধ্যে মিল কোথায়?
মিনহাজুল হক
সাহেব বাজার, রাজশাহী
এই দুই পক্ষই একটা থানার অধীনে থাকে।
প্রথমবার দুজন দুজনকে দেখলাম, কথা হলো, তারপর?
লোপা
ঘোষপাড়া, মেহেরপুর
তারপর আর কী! কোনো একজন লগআউট হয়ে গেলাম।
সেরা প্রশ্ন
খালি মাঠে গোল দেওয়া কতটা সহজ?
রোকনুজ্জামান, কুষ্টিয়া
একদম খালি মাঠে গোল দেওয়া অসম্ভব। মাঠে একটা গোলপোস্ট লাগে।
অভিনন্দন রোকনুজ্জামান, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।
মাথা ঝিমঝিম করছে? কিংবা হাত নিশপিশ করছে অনবরত?
তাহলে আর বসে থাকবেন না। লিখে ফেলুন রস+আলোর জন্য মজার একটি লেখা, ক্যামেরায় বন্দী করুন আশপাশের বিচিত্র সব ছবি। পাঠিয়ে দিন রস+আলোর ই–মেইলে ([email protected]), ফেসবুক পেজে (facebook.com/Rosh.Alo) কিংবা ডাকযোগে। সঙ্গে লিখুন আপনার পুরো নাম–ঠিকানা এবং যা খুশি তা–ই!