সবজান্তা সমীপেষু
একজন সরকারি কর্মকর্তার বৈশিষ্ট্য কী?
মো. সুজাউদ্দীন, ফটিকছড়ি, চট্টগ্রাম
অফিস রুমকে খুব সহজেই ঘুমের জায়গা ভেবে নিয়ে ঘুমিয়ে যাওয়া!
টম অ্যান্ড জেরি এবং আওয়ামী লীগ ও বিএনপির মেধ্য মিল কোথায়?
মো. নুহু ইসলাম, আফতাবনগর, পাবনা
উভয়ের পাত্র-পাত্রীরাই আমজনতাকে নিখাদ বিনোদন দেয়।
সবজান্তার আকার এত ছোট হয়ে আসছে কেন?
এম এইচ স্বাধীন, স্যার ইকবাল রোড, খুলনা
সবজান্তাও মাঝেমধ্যে বিটিভি দেখেন এবং পরিবার পরিকল্পনা গ্রহণ করেন।
এই বিভাগে সেরা প্রশ্ন কীভাবে নির্বাচিত হয়?
সুলতান মাহমুদ, শরীয়তপুর
এবার যেভাবে হলো, ঠিক সেভাবে।
আপনি নিজেকে কী মনে করেন?
এম এস লিটন, ফটিকছড়ি, চট্টগ্রাম
সবজান্তা!
বিএনপি-জামায়াত এখন কোন দিকে হাঁটছে?
জাকির হোসেন, রাজগঞ্জ কলেজপাড়া, যশোর
তাদের ডাকা হরতাল-অবরোধে বাধা যানজট থেকে বের হওয়ার রাস্তার দিকে!
বাংলাদেশে তিন দিন পর তদন্ত রিপোর্ট দাখিল করার কথা থাকলে তা তিন বছর পরেও হয় না কেন?
এম এ রাজ্জাক, ফতেপুর, ঝিনাইদহ
রাস্তার যানজট পেরিয়ে রিপোর্টের আসতে এক–আধটু সময় তো লাগবেই!
অনেকেই বলে, ‘দেশ গভীর সংকটে আছে’—এই সংকটটা আসলে কী?
এস এম শাহীন, ফুলবাড়ী, নহাটা, মাগুরা
সংকট–সমস্যা কাটিয়ে ওঠার সমাধানের সংকট।
সেরা প্রশ্ন
নেতা ও অভিনেতার মেধ্য পার্থক্য কী?
আবুল ফজল, মগবাজার, ঢাকা
একজনের ভোট ব্যালট বাক্সে, আরেকজনেরটা মুঠোফোনের এসএমএসে।
অভিনন্দন ফজল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।