সবজান্তা সমীপেষু
অধিকাংশ সড়ক সংস্কারের কাজ বর্ষাকালে শুরু হয় কেন?
সুদিপ্ত কুমার নাগ, পুলিশ লাইন, খুলনা
সংস্কারের সময় যেসব ময়লা জমে, সেসব
যেন ধুয়ে যায়।
আদর্শ ছেলে কাকে বলে?
মুঈনুদ্দিন ইশতিয়াক, পলিটেকনিক ইনস্টিটিউট, কুড়িগ্রাম
যে ছেলে বড়দের সঙ্গে কথা বলার সময় মাথা নিচু করে থাকে (প্রকারান্তরে মুঠোফোনে ইন্টারনেট ব্রাউজ করে)।
এখন সময়টা কিসের?
মো. সাজু, মিরপুর, ঢাকা
সময় সব সময় ঘড়ির।
মেয়র পদপ্রার্থীদের এখন আর রাস্তা ঝাড়ু দিতে দেখা
যাচ্ছে না কেন?
জুনিয়র হাসান, খান মার্কেট, বগুড়া
জনগণ সেই দায়িত্ব ফিরে পেয়েছে বলে।
বিয়ের অনুষ্ঠানে অতিথিদের দাওয়াত দিতে কার্ড ব্যবহার করা হয় কেন?
আবুল ফজল, মগবাজার, ঢাকা
এখনো বিয়ের ইভেন্টের লিংক হাতে হাতে দেওয়া যাচ্ছে না বলে।
ছেঁড়া কাঁথায় শুয়ে যদি লাখ টাকার স্বপ্ন দেখা যায়, তাহলে নকশিকাঁথায় শুয়ে কত টাকার স্বপ্ন দেখা যাবে?
সালমান মির্জা, শ্যামলী, ঢাকা
হাজার টাকার, নকশিকাঁথা কিনতে খরচা আছে না!
সেরা প্রশ্ন
বাজেট ঘোষণা করার সময় অর্থমন্ত্রী ব্রিফকেস নিয়ে যান কেন?
করুণাময় চক্রবর্ত্তী, জজকোর্ট, হবিগঞ্জ
বাজেট বক্তৃতা যেন ব্রিফ (সংক্ষিপ্ত) হয়, সেই আশায়।
অভিনন্দন করুণাময়, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।