সবজান্তা সমীপেষু
বিশেষজ্ঞ এবং অজ্ঞের মধ্য পার্থক্য কী?
রোহিত রুদ্র, নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম
* ২ + ২ = ৪, এটা প্রমাণ করতে একজন বিশেষজ্ঞ কমপক্ষে তিন-চার পৃষ্ঠা খরচ করে ফেলেন, কিন্তু এটা করতে একজন অজ্ঞের আধা পৃষ্ঠাও খরচ হয় না।
বরফ থেকে ধোঁয়া ওঠে কেন?
সুস্মিত দাশ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম
* আগুনের মতো তারও যে ক্ষমতা আছে, সেটা প্রমাণের জন্য।
ক্ষমতা কী?
লিটন, ফটিকছড়ি, চট্টগ্রাম
* এই প্রশ্নের উত্তর সবজান্তা দেবেন না—এটাই ক্ষমতা।
অনলাইন গেমস আর হিন্দি সিরিয়ালের মধ্যে পার্থক্য কী?
মু. সুজাউদ্দিন, ফটিকছড়ি, চট্টগ্রাম * গেমসের চরিত্রগুলোকে আমরা চালাই আর সিরিয়ালের চরিত্রগুলো আমাদের চালায়।
আকাশের তারার সংখ্যা কেউ সঠিকভাবে বলতে পারে না কেন?
অনিক ভদ্র, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা
* কে বলল পারে না? সংখ্যাটা হলো ৯৮২৬৩৯৬৪৬১৮০৩৬৪৮৬৩৭২৮৭৩৮৫৫৩৪৭২৮৬! বিশ্বাস না হলে গুনে দেখুন।
স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না কেন?
নাঈম সরকার, কৈডালা, নাটোর
* কারণ, স্কুল পালালেও বাসায় শিক্ষকের অভাব নেই, সঙ্গে কোচিং তো আছেই!
সেরাপ্রশ্ন
বুদ্ধিজীবীদের মাথায় বুদ্ধি থাকে কিন্তু মৎস্যজীবীদের মাথায় মৎস্য থাকে না কেন?
সুস্মিতা চক্রবর্তী, মিরপুর, ঢাকা
* মাথায় জাল ফেলার মতো যথেষ্ট জায়গা নেই বলে।
অভিনন্দন সুস্মিতা, আপনি পাচ্ছেন
১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তাসমীপেষু
রস+আলো, প্রথমআলো,সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।