সবজান্তা সমীপেষু
সবজান্তা যদি নিউটন হতেন, তাহলে কী হতো?
জারীন রোশনী, খানজাহান আলী রোড, খুলনা
সব প্রশ্নের উত্তর সূত্রের মাধ্যমে দিতেন।
এই গরমে মুহূর্তের মধ্যে ঠান্ডা হওয়ার সহজ উপায় কী?
আবুল ফজল, মগবাজার, ঢাকা
কাউকে বলুন আপনাকে ভয় দেখাক, ভয়ে একেবারে ঠান্ডা হয়ে যাবেন।
ম্যাট্রিক ও বায়োমেট্রিকের মধ্যে পার্থক্য কী?
সম্পদ পোদ্দার বলরাম, শেরপুর, বগুড়া
ম্যাট্রিকের রেজাল্টের জন্য মিষ্টি খাওয়াতে হতো, বায়োমেট্রিকের রেজাল্টের জন্য মিষ্টি খাওয়াতে হয় না।
কী করলে আমি বিল গেটসের মতো ধনী হতে পারব?
মো. ইনামুল হক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা
সবজান্তার কাছে এই প্রশ্ন না করে বিল গেটসের মতো কাজ করলে।
পাখিরা ওঠানামার জন্য এয়ারপোর্ট ব্যবহার করে না কেন?
অলি ও তুলি, চিড়াকান্দি, হবিগঞ্জ
পাখিদের মধ্যে কোনো সোনা চোরাচালানকারী নেই বলে!
টিকটিকির রক্তের রং সাদা কেন?
নাঈম সরকার, কৈডালা, নাটোর
টিকটিকির রক্তে সম্ভবত কার্বাইড দেওয়া হয় না, এ কারণে লালও হয় না!
সেরা প্রশ্ন
তর্কে জেতার সহজ উপায় কী?
মোহাম্মদ সাঈদ, যাত্রাবাড়ী, ঢাকা
সব সময় নিজের থেকে বেশি জানে, এমন মানুষের সঙ্গে তর্ক করা। কারণ, কম জানা মানুষের সঙ্গে তর্ক করে কেউ জিততে পারে না!
অভিনন্দন সাঈদ, আপনি পাচ্ছেন
১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ
কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।