সবজান্তা সমীপেষু
হলুদ সাংবাদিকতা আছে, কিন্তু মরিচ সাংবাদিকতা নেই কেন?
হিমু চন্দ্র শীল, কৈয়ারবিল, চকরিয়া
* মরিচের দাম বেশি বলে।
বিড়ালকে বাঘের মাসি বলে কেন?
সুস্মিত দাশ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম
* বাঘ বিলুপ্ত হয়ে গেলে যাতে বিড়ালকে দিয়ে প্রক্সি দেওয়ানো যায়।
মশা ও মেয়রের মধ্য মিল কী?
আশীষ শীল, চট্টগ্রাম
* মশা ও মেয়র—উভয়েই জনগণের তোপের মুখে থাকে।
মানুষ পশু হতে পারে, কিন্তু...?
অলি, তুলি ও মিলি, মিরপুর, ঢাকা
* চাইলেই সবজান্তা হতে পারে না।
বর্ষাকালে ব্যাঙ ডাকে না কেন?
খাইরুল ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ
* কারণ, ব্যাঙরা এখন গ্রুপ চ্যাট করে!
গত রাতে বাড়িতে চোর ঢুকেছিল, ধরতে পারলাম না কেন?
এস এম শাহীন, ফুলবাড়ী, মাগুরা
* চোর চলে যাওয়ার পর আপনার বুদ্ধি খুলেছিল বলে।
সেরা প্রশ্ন
বিদ্যুৎ বোর্ডের বিদ্যুতের জন্য বিল দিতে হলেও আকাশের বিদ্যুতের জন্য বিল দিতে হয় না কেন?
স্নিগ্ধ রাজবংশী
শালিখা, মাগুরা
* আকাশের বিদ্যুৎ দিয়ে ফ্যান, লাইট কিছু চালানো যায় না বলে!
অভিনন্দন স্নিগ্ধ, আপনি পাচ্ছেন
১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো
প্রথম আলো
সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।