সবজান্তা সমীপেষু
ক্যাঙারুর পেটে থলে থাকে কেন?
হিমু চন্দ্র শীল, কৈয়ারবিল, চকরিয়া
l ‘টানা পার্টি’ যেন হাত থেকে ব্যাগ বা থলে ছিনিয়ে নিতে না পারে, সে জন্য।
আমরা অন্যের দোষ ধরলেও নিজের দোষ ধরি না কেন?
শেখ ওসমান হায়দার, সিরাজগঞ্জ
l নিজের দোষগুলো অন্যরা যাতে ধরতে পারে, তাই।
প্রদীপের নিচে অন্ধকার থাকে কেন?
মাহমুদ হাসান, সরকারি মকসুদপুর কলেজ
l প্রদীপের নিচে কোনো প্রদীপ জ্বালানো হয় না বলে।
পানির নির্দিষ্ট আকার থাকে না কেন?
জারীন রোশনী, খান জাহান আলী রোড, খুলনা
l যেকোনো আকারের পাত্রে সহজেই যাতে পানি এঁটে যেতে পারে সে জন্য।
সমাজ থেকে প্রতিবাদের ভাষা হারিয়ে যাচ্ছে কেন?
মোহাম্মদ সাঈদ, যাত্রাবাড়ী, ঢাকা
l কে বলল হারিয়ে যাচ্ছে! আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি!
গণতন্ত্র নামের পায়রাটা কোথায় উড়ে গেল?
সাবের আহমেদ, কোতোয়ালি, ঢাকা
l যেখানে ইচ্ছা সেখানে গেছে, আপনি তাকে বন্দী করার তালে আছেন কেন?
সেরা প্রশ্ন
যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলে প্রথম সারিতে থাকে, প্রায় সব কোচিং সেন্টার তাদের নিজেদের শিক্ষার্থী দাবি করে কেন?
মো. খায়রুল ইসলাম, কুশমাইল, নওগাঁ
l মেধাবীরা তো এ দেশেরই সম্পদ, মানে সবারই!
অভিনন্দন খায়রুল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।