সবজান্তা সমীপেষু
শীতকালে বেশি সময় নিয়ে গোসল করা যায় না কেন?
মো. খায়রুল ইসলাম
কুশমাইল, নওগাঁ
l কারণ, শীতকালে মানুষের সময়ের দাম বেড়ে যায়।
কোকিল বসন্তে না ডেকে আষাঢ়ে ডাকলে কী হতো?
আয়ানুল হাসান
চকরিয়া গ্রামার স্কুল, চকরিয়া
l আষাঢ়ে গল্পের পাশাপাশি আষাঢ়ে গানও চালু হতো, সংস্কৃতি সমৃদ্ধ হতো।
কান টানলে মাথা আসে কেন?
আরাফাত শাহীন
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
l কান টানলে টাকা আসার কোনো উপায় নেই বলে।
এখন আগের মতো মানুষকে আর রেডিও শুনতে দেখা যায় না কেন?
মো. মোকাদ্দেস হোসাইন
গ্রামপাঙ্গাশী, সিরাজগঞ্জ
l অনেক দিন ব্যবহারের পর মানুষ বুঝতে পেরেছে, রেডিওতে কিছু দেখা যায় না। এ কারণে।
কোনো কারণ ছাড়াই বিদ্যুৎ আসা-যাওয়া করে কেন?
লিটন
ফটিকছড়ি, চট্টগ্রাম
l যাওয়া-আসাই বিদ্যুতের ধর্ম, এ জন্য।
সূর্য পুব দিকে ওঠে কিন্তু পশ্চিম দিকে অস্ত যায় কেন?
স্নিগ্ধ রাজবংশী
শালিখা, মাগুরা
l অনেক বছরের পুরোনো অভ্যাস এখনো ছাড়তে পারেনি বলে।
ফেসবুকের লাইক আর বাস্তবের লাইকের মধ্যে পার্থক্য কী?
এস এম ফজলে এলাহী
ফটিকছড়ি, চট্টগ্রাম
l একটা দিতে ইন্টারনেট লাগলেও অন্যটাতে লাগে না।
সেরা প্রশ্ন
ময়দা দিয়ে রুটি বানানোর সময় রুটি ফুলে ওঠে কেন?
মো. মাসুদ রানা, শরিয়ালা, নওগাঁ
l ময়দা যে রুটি হতে চলেছে, এই গর্বেই ফুলে ওঠে।
অভিনন্দন মাসুদ, আপনি পাচ্ছেন
১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।