সবজান্তা সমীপেষু
ছেঁড়া কাঁথায় ঘুমিয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায় আর নকশি কাঁথায় ঘুমিয়ে?
তুলি, চিড়াকান্দি, হবিগঞ্জ
* নকশি কাঁথার আরামে ঘুম এত ভালো হয় যে স্বপ্নই দেখা যায় না।
চাঁদে বুড়ি থাকে, বুড়ো থাকে না কেন?
আজম খান, সাভার, ঢাকা
* বুড়ি শুধু চরকাই কাটে, তাই বিরক্ত হয়ে বুড়ো অন্য এক চাঁদে চলে গেছে।
রক্তের রং লাল কেন?
মো. সুমন আকন্দ, চণ্ডীপুর, রংপুর
* রক্ত খুবই লাজুক বলে লজ্জায় লাল হয়ে থাকে।
মানুষ খাবার চিবিয়ে খায় কেন?
মো. মুক্তাদির ইসলাম, জামালপুর
* রোজ রোজই খেতে হয়, তাই বিরক্ত হয়ে খাবারের ওপর রাগ ঝাড়তেই চিবিয়ে খায়।
রাজার বুদ্ধি বেশি নাকি গোপাল ভাঁড়ের?
মো. সামসুল হক, বেড়া, পাবনা
* যিনি বা যাঁরা গোপাল ভাঁড়ের গল্পগুলো লিখেছিলেন, তঁাদের।
মুঠোফোনে কথা বলার সময় সময় দ্রুত চলে যায় কেন?
মো. আবু তাহের মিয়া, রংপুর
* দুপক্ষের আবোলতাবোল কথা সহ্য করতে না পেরে।
ব্যাচেলর ডিগ্রি আছে, বিবাহিত ডিগ্রি নেই কেন?
আনন্দ, শাহিবাগ, শ্রীমঙ্গল
* বিবাহিত জীবনে প্রতিদিনই মানুষের কয়েক ডিগ্রি জ্বর উঠে যায়, তাই আর কোনো ডিগ্রি নেওয়ার সুযোগ হয় না বলে।
সেরা প্রশ্ন
সব গান সহ্য হলেও মশাদের গান অসহ্য লাগে কেন?
আসমিতা বিনতে এনাম
তেঁতুলতলা, ফরিদপুর
* এই গানের বিনিময়ে রক্ত দিতে হয় বলে।
অভিনন্দন আসমিতা, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।