সবজান্তা সমীপেষু
মাঝেমধ্যে অকারণে মন খারাপ হয় কেন?
মো. সুমন আকন্দ
পীরগাছা, রংপুর
l মন বলে যে কিছু একটা আছে, সেটা মনে করিয়ে দেওয়ার জন্য।
জনসেবা আর জনসভার মধ্যে মিল কী?
এম এইচ স্বাধীন
স্যার ইকবাল রোড, খুলনা
l প্রথমটার জন্য ‘জন’ লাগে না, দ্বিতীয়টায় আবার না হলে চলে না।
প্রয়োজন না থাকার পরও মুঠোফোন কোম্পানিগুলো বারবার এসএমএস দিয়ে বিরক্ত করে কেন?
মো. মোকাদ্দেস হোসাইন
গ্রামপাঙ্গাসী, সিরাজগঞ্জ
l তাদের নেটওয়ার্ক চলছে কি না, তা পরীক্ষা করার জন্য।
চাঁদের পাশে হাজার হাজার তারা থাকে, সূর্যের পাশে থাকে না কেন?
রোহিত রুদ্র
চট্টগ্রাম
l সূর্যের অত গরম সহ্য করতে পারে না বলে।
বাইরে থেকে বাসায় ফিরলেই লোডশেডিং হয় কেন?
আয়না হক
উত্তরা, ঢাকা
l এক বনে দুই বাঘ থাকে না বলে।
রস+আলোর পৃষ্ঠাসংখ্যা বাড়ে না কেন?
মো. মাসুদ রানা
নওগাঁ
l রস+আলো ডায়েটে আছে তো, তাই।
বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদে কেন?
শামসুল আলম
বৈশাখী মোড়, পঞ্চগড়
l লাজুক তো, তাই সবার সামনে কাঁদতে লজ্জা পায়।
সেরা প্রশ্ন
আগামীকাল সকাল ১০টায় আমার গণিত পরীক্ষা, আমি এখন কী করব?
দীপ্ত সিংহ
চৌগাছা, যশোর
l কত সময় নষ্ট করলেন, সেটার হিসাব করুন, গণিতের প্র্যাকটিস হয়ে যাবে।
অভিনন্দন দীপ্ত, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।