সবজান্তা সমীপেষু
প্রযুক্তি যদি কল্যাণের জন্য হয়, তাহলে বেশির ভাগ মা-বাবাই তাঁদের সন্তানদের ইন্টারনেট থেকে দূরে রাখতে চান কেন?
আসিম তকি, ঘোষপাড়া, ঠাকুরগাঁও
যাতে প্রযুক্তির কল্যাণের পাশাপাশি নিজেদের কল্যাণও কিছুটা হয়!
আমরা তো জানি, খোসার ভেতরে থাকে কলা। কিন্তু তার পরও কেন আমরা খোসা ছাড়িয়ে কলা খাই?
মো. হাসান, নতুন উপশহর, যশোর
কারণ, আমাদের পুষ্টির অভাব নেই (আপনি যে খোসা না ছাড়িয়েই খান, এটা জেনে আমরা আনন্দিত)।
ডিকশনারি আছে ডিকশপুরুষ নেই কেন?
মো. রোকনুজ্জামান, ফ্লোরেন্স কলেজ, ময়মনসিংহ
কারণ, ডিকশনারির ভেতরে কোথাও ‘ডিকশপুরুষ’ শব্দটি নেই।
আমরা স্বপ্নে যা দেখি, তা সত্যি হলে কেমন হতো?
রাশেদুল আলম, পার্বতীপুর, দিনাজপুর
স্বপ্নে যেমন হয়, তেমনই হতো।
আমদানি আছে, জামদানি আছে কিন্তু কাঁঠালদানি নেই কেন?
অলি ও তুলি, চিড়াকান্দি, হবিগঞ্জ
পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায়, তাই আলাদা কোনো ‘দানি’র দরকার হয় না।
সেরা প্রশ্ন
দূর আকাশের মেঘের গর্জন শুনতে পাই কিন্তু নিজের নাক ডাকার শব্দ শুনতে পাই না কেন?
শাহরিয়ার হোসেন, আদর্শ বিদ্যালয়, বাগেরহাট
আপনার আশপাশের লোকেরা তো ঠিকই শুনতে পায়! নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
অভিনন্দন শাহরিয়ার, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।