সবজান্তার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এবার টিম বি যাবে গ্রিসে। টিম এ মেক্সিকোতে যাবে। টিম ডি আটকে গেছে ওমানে। আর টিম এফ যুক্তরাষ্ট্র থেকে আমার সঙ্গে যাবে জার্মানিতে।’—পাঠক কী ভাবছেন? কোনো পর্যটক সদলবলে বিশ্বভ্রমণে বেরিয়েছেন? তা নয়। তবে বলতেই হবে, দলগুলো দুধের স্বাদ ঘোলে মিটিয়েছে। তাঁরা ডিজিটাল স্ক্রিনের মানচিত্রের মধ্যেই দেশগুলোয় ঘুরে বেড়িয়েছেন। আর জিও রাউন্ডের কুইজ মাস্টার ফাবিয়ান খানের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। বলছিলাম আইবিএ আন্তবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা-২০১২-এর কথা।২২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আয়োজন করেছে আইবিএ কমিউনিকেশন ক্লাব। সহ-আয়োজক প্রাইড। আন্তবিশ্ববিদ্যালয় এই কুইজ প্রতিযোগিতায় ১১টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে।প্রাথমিক রাউন্ডের পর চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভারসিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি দল—আইবিএ ও অর্থনীতি বিভাগ।জিও রাউন্ডের আগে হিট আউট ও টাইমলাইন রাউন্ডেই প্রতিযোগিতা জমে উঠেছিল। টাইমলাইন রাউন্ডের কুইজ মাস্টার ছিলেন আব্দুন নূর তুষার। তিনি একটা প্রশ্ন ছুড়ে দিতেই প্রতিযোগীদের ঝটপট উত্তর। তবে দর্শকেরাও বসে ছিলেন না। তাঁরাও যেন অদৃশ্য নিয়মে অংশ নিয়েছিলেন। একটা প্রশ্ন শুনেই তাঁদের মধ্যেও গুনগুন শুরু হয়ে যায়। সেই সঙ্গে কোনো একটা দলের পক্ষ নেওয়া তো ছিলই। তাঁদেরই কয়েকজন আরিফ, আদেল, ফাইজ, নাফিস। পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে। মোশন রাউন্ডের শেষে আরিফের উদ্বেগ প্রকাশ পায় ‘কী হলো রে? আমাদের টিম কত করল? যাক, কোনো ব্যাপার না। সামনের রাউন্ডগুলোয় কাভার করে দেব।’ অন্যরাও মাথা নেড়ে সায় দেয়।শেষ দুই রাউন্ডের আগে একটা বিরতি দেওয়া হয়। তখনই কথা বলার ফুরসত পান আয়োজকেরা। তাঁদেরই কজন নেওয়াজ, সামি, সুমাইয়া ও আকিফ। নেওয়াজ বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতা বলে কথা। আয়োজক হিসেবে একটা বাড়তি চাপ তো রয়েছেই। এ রকম একটা আয়োজন করতে পেরে আমরা খুব খুশি।’কুইজে বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, ভূগোলসহ আরও অনেক বিষয় ছিল। আর প্রশ্নগুলোও ছিল বেশ কঠিন। সেই প্রশ্নে ঝটপট উত্তর দিয়ে প্রতিযোগীরা প্রমাণ করেছেন, তাঁরা সত্যিকারের সবজান্তা। আর এই সবজান্তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ দল। আর রানার আপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ।চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন মাজহারুল ইসলাম, অন্তরা ইসলাম, জোবায়ের ইসলাম ভুঁইয়া, মুশফিক মোহাম্মাদ আবদুল্লাহ ও সামিয়ুল আলম।চ্যাম্পিয়ন দলের সদস্য মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা যাদের সঙ্গে প্রতিযোগিতা করেছি, তারা কোনো না কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন। তাই সবার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছি, এটা বেশ ভালো লাগছে।’দলের আরেক সদস্য অন্তরা ইসলাম জানান, ‘বেশ কঠিন লড়াই ছিল। তাই চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতিটা দারুণ।’দলের অন্য সদস্য জোবায়ের ইসলাম ভুঁইয়া বলেন, ‘টিমের মধ্যে আমাদের বোঝাপড়া বেশ ভালো ছিল। শেষ পর্যায়ে যখন টাইয়ে জিতেছি, সেই মুহূর্তটা তো সত্যিই অসাধারণ।’রানার আপ দলের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আশিক বিন ইউসুফ, ইরফান মোহাম্মাদ আবির, কামরুল হোসেন, আশিকুর রহমান ও সাদাত আনোয়ার।দলের সদস্য আশিক বিন ইউসুফ জানান, ‘রানার আপ আপ হয়েও খুব ভালো লাগছে। কারণ, লড়াইটা সত্যিই কঠিন ছিল। আর পুরো প্রতিযোগিতাটা খুব উপভোগ করেছি।’আরেক সদস্য ইরফান মোহাম্মাদ আবির বলেন, ‘আমাদের প্রস্তুতি অনেক কম ছিল। তবে এত দলের মধ্যে রানার আপ হব, ভাবিনি। সামনে নিশ্চয়ই আরও ভালো করব।’প্রতিযোগিতায় বিজয়ী যারাই হোক, উপস্থিত সবাই যে আয়োজনটা উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। তাই শেষ বেলায়ও সবার চোখে-মুখে ছিল তৃপ্তির ছটা। এ প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো।