সবজি চাষ বদলে দিয়েছে মিরসরাইয়ের বহু কৃষকের ভাগ্য। উৎপাদিত ফসল বিক্রি করেই এখন কৃষক ঘরে তুলছেন নগদ টাকা। শীত মৌসুমে ব্যবসায়ীরা আগ্রহের সঙ্গে ট্রাকে করে লাখ লাখ টাকার ফুলকপি, বাঁধাকপি, বেগুন, কুমড়া, লাউসহ বিভিন্ন সবজি দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন।সবজি চাষ করে এখন অনেকে স্বাবলম্বী হয়ে উঠেছেন। তাঁদের মধ্যে উপজেলার মধ্যম তালবাড়িয়া গ্রামের আবদুস সাত্তার, আমবাড়িয়া গ্রামের জেবল হোসেন ও বামনসুন্দর গ্রামের জাফর উদ্দিনের নাম আসে সবার আগে।আব্দুস সাত্তার জানান, তিনি দারিদ্র্যের কারণে বেশি পড়ালেখা করতে পারেননি। জীবিকার তাগিদে সম্পৃক্ত হন কৃষিকাজে। প্রায় এক যুগ ধরে এই কাজ নিয়েই চলে জীবনসংগ্রাম। একপর্যায়ে শুরু করেন সবজি চাষ।সবজি চাষের বদৌলতে বদলে গেছে তাঁর ভাগ্য। পরিবারের আর্থিক টানাপোড়েন অনেকটা কমে যায়। গত বছর শীত মৌসুমে দেড় একর জমিতে সবজি চাষ করে তিনি প্রায় দুই লাখ টাকা আয় করেছেন। এ বছর চাষ করছেন দুই একরে।বামনসুন্দর গ্রামের জাফর উদ্দিন গত বছর প্রায় দেড় একর জমিতে টমেটো চাষ করে প্রায় দেড় লাখ টাকা আয় করেছেন। এবারও তা-ই করছেন। ফলনও হয়েছে প্রচুর। ইতিমধ্যে বিক্রি শুরু করেছেন।মিঠানালা গ্রামের তবারক হোসেন জানান, আট বছর আগে রবিশস্য চাষাবাদ করতেন। তাতে খরচ উঠত না। কষ্টে দিন কাটত। সংসারে অভাব-অনটন লেগেই থাকত। পরে তিনি কুমড়া চাষ করে সফল হন।এরপর আর পেছনে তাকাতে হয়নি। চলতি বছর পাঁচ বিঘা জমিতে কুমড়া চাষ করেছেন। বিঘাপ্রতি খরচ হয়েছে ১৫ হাজার টাকা। এ পর্যন্ত খেত থেকে কুমড়া বিক্রি করে দুই লাখ ১০ হাজার টাকা পেয়েছেন।আরও এক লাখ টাকার কুমড়া বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। আট বছর ধরে কুমড়া চাষ করে দুই বিঘা জমি কিনেছেন, বাড়িতে ঘর তুলেছেন, দুই মেয়ের বিয়ে দিয়েছেন। ছোট ছেলে লেখাপড়া করছে।বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে উপজেলার করেরহাট, হিঙ্গুলী, জোরারগঞ্জ, মিঠানালা, ইছাখালীর চরাঞ্চল, দুর্গাপুর, তালবাড়িয়া, আমবাড়িয়া, খইয়াছরা, ওয়াহেদপুরসহ বিভিন্ন স্থানে হাজার হাজার একর জমিতে সবজি চাষ হয়েছে।উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা মো. আইউব আলী জানান, এ বছর এখন পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে প্রায় এক হাজার ৬৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষাবাদ হয়েছে। সবজি চাষে উদ্বুদ্ধ করতে তারা কৃষকদের প্রশিক্ষণ দেন।