সবজি বেচে সংসারের হাল ধরলেন মুন্নী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ার বটতলী বাজারে সবজিবিক্রেতা মুন্নী আক্তার
লোহাগাড়ার বটতলী বাজারে সবজিবিক্রেতা মুন্নী আক্তার

কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাং এলাকার বাসিন্দা মুন্নী আক্তার মাত্র দুই বছর বয়সেই বাবাকে হারিয়েছেন। টাকার অভাবে লেখাপড়াও করতে পারেননি। ২০১০ সালে বিয়ের আট বছরের মাথায় স্বামী অসুস্থ হয়ে মারা যান। স্বামীকে বাঁচাতে প্রায় দুই লাখ টাকা ঋণও করেছিলেন তিনি। স্বামী মারা যাওয়ার পর তিন ছেলেকে নিয়ে অথই সাগরে পড়েছিলেন। তবে নিজের চেষ্টায় ঘুরেও দাঁড়িয়েছেন। শাকসবজি বিক্রি করে এখন সংসার চালাচ্ছেন এই অদম্য নারী।

সম্প্রতি লোহাগাড়ার বটতলী কাঁচাবাজারে কথা হয় মুন্নীর সঙ্গে। তাঁর ছোট দোকানে ফুলকপি, আলু, বেগুন, লালশাক, মুলাশাক, পালংশাকসহ নানান সবজি সাজানো। তাজা শাকসবজি কিনতে অনেক ক্রেতাই ভিড় করেছেন তাঁর দোকানে।

ক্রেতা সামলানোর এক ফাঁকে তিনি বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর মানুষের খেতে কাজ করেছি দিনমজুর হিসেবে। এ ছাড়া জ্বালানি কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করেছি। পরবর্তী সময়ে সবজি বিক্রি শুরু করি। এখন সংসার বেশ ভালোভাবেই চলছে।’

শুরুতে চকরিয়া উপজেলার হারবাং বাজারে সবজি বিক্রি করতেন তিনি। তবে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলায় বটতলী বাজারে ক্রেতা বেশি এবং সবজির দামও বাড়তি হওয়ায় এখন সেখানেই বসেন। আগে বসতে হতো রাস্তার ধারে। এখন বটতলী বাজারে একটি দোকানও হয়েছে।

মুন্নীর সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে সবজি বিক্রি শুরুর পর অনেকে অনেক কথা বলত। বাজে ব্যবহারও পেয়েছেন আশপাশের লোকজন থেকে। কিন্তু কিছুতেই হাল ছাড়েননি। ভরসা রেখেছেন নিজের ওপর। ভাবতেন একদিন স্বাবলম্বী হবেন।

মুন্নী জানান, শুরুর দিকে সবজি বেচে প্রতিদিন প্রায় দুই শ টাকা লাভ হতো তাঁর। এভাবে প্রায় তিন বছর রাস্তার ওপর সবজি বিক্রি করার পর বটতলী কাঁচা বাজারের ভেতর ২০ হাজার টাকা অগ্রিম দিয়ে দৈনিক ১১০ টাকা ভাড়ায় একটি দোকান নেন। এরপর আয়ও প্রায় দ্বিগুণ হয়েছে তাঁর। এখন দৈনিক দুই থেকে তিন হাজার টাকার সবজি বিক্রি করেন তিনি।

মুন্নী আকতার বলেন, ‘স্থানীয় একটি বেসরকারি সংস্থা থেকে সপ্তাহে ছয় শত টাকা কিস্তিতে ২০ হাজার ঋণ নিয়েছি। সকাল থেকে রাত পর্যন্ত বিক্রি করে প্রায় দৈনিক ছয় শ টাকার মতো আয় হয়। লাভের টাকা থেকে ঋণও শোধ করেছি। পাশাপাশি দুই ছেলেকেও স্কুলে পড়াচ্ছি।’

তিনি আরও বলেন, ‘যদি সহজ কিস্তিতে ঋণ পেতাম তাহলে আরও ভালো ব্যবসা করতে পারতাম। নিজের যেহেতু একটি বাড়ি নেই, তাই একটি জায়গা কিনে বাড়ি করারও স্বপ্ন রয়েছে।’

মুন্নী আক্তারের বড় ভাই আমির হোসেন বলেন, ‘ছোটবেলা থেকে আমার বোন পরিশ্রমী। কষ্ট করেছে বলে তাঁর এখন ভাত-কাপড়ের অভাব নেই।’ বটতলী কাঁচা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুল মালেক বলেন, ‘মুন্নী আক্তার নারী হওয়ার কারণে তাঁকে অনেক কথা শুনতে হতো। তবে আমরা সহযোগিতা করেছি বলে তিনি এখন সফল সবজিবিক্রেতা।’