সবজি মাছের ভোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে পোলাও, মাংস তো খাওয়া হয়ই। তবে স্বাদে ভিন্নতা আনতে, অতিথি আপ্যায়নে মাছ–সবজিও রাঁধতে পারেন। ভিন্ন স্বাদের সবজি ও মাছের রেসিপি দিয়েছেন ফাতিমা আজিজ
.
.

ডাব সবজি

উপকরণ: ডাবের শাঁস মিহি করে বাটা ২ টেবিল চামচ, মাখন আড়াই টেবিল চামচ, পাঁচ ধরনের সবজি ২ কাপ, আদা বাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা-চামচ, লবণ ১ চা-চামচ অথবা স্বাদমতো, চিনি ১ চা-চামচ, তেঁতুলের ক্বাথ ১ টেবিল চামচ।

প্রণালি: সবজি ধুয়ে চারকোনা (কিউব) করে কেটে নিন। কড়াইয়ে মাখন গলিয়ে সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে তাতে আদা বাটা ও লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। এবার ডাবের শাঁসের পেস্ট ও চিনি দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে সামান্য ডাবের পানি দিয়ে কষিয়ে নিন। কয়েকবার ফুটে উঠলে তেঁতুলের ক্বাথ দিয়ে নেড়ে কাঁচা মরিচ দিয়ে চুলার আঁচ কমিয়ে ঢেকে দিন। ২ বা ৩ মিনিট পর চুলা বন্ধ করে দিন। ঢাকনা খুলে ১ চা-চামচ মাখন দিয়ে পুনরায় ঢেকে দিন। ১০ মিনিট পর পরিবেশন পাত্রে বেড়ে গরম গরম পরোটা, নান অথবা লুচির সঙ্গে পরিবেশ করুন। পোলাও বা খিচুড়ির সঙ্গেও খেতে ভালো লাগবে।

.
.

ফিশ শাশলিক

উপকরণ: ভেটকি, ডরে বা যেকোনো বড় মাছের ফিলে ৫০০ গ্রাম, সবুজ ক্যাপসিকাম (কিউব করে কাটা) ২টি, পেঁয়াজ (একেকটি পেঁয়াজকে কিউব করে ৪ টুকরা করে নিতে হবে) ২টি, টমেটো (বিচি ফেলে কিউব করে কেটে নিতে হবে) ২টি, টমেটো সস ২ টেবিল চামচ, লাল মরিচের সস (রেড চিলি সস) ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি, দুটি লাল মরিচের গুঁড়া, একটি কাঁচা মরিচসহ সরষে বাটা ১ চা-চামচ, কালো গোলমরিচের গুঁড়া আধা চামচ, লবণ আধা চা-চামচ, শাশলিক কাঠি প্রয়োজনমতো, মাখন বা সরষের তেল ২ টেবিল চামচ।

প্রণালি: মাছের টুকরা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ১ ইঞ্চি কিউব করে কেটে নিন। টমেটো সস, মরিচের সস, সরষে ও রসুন বাটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। একটি পাত্রে সস ও মসলার মিশ্রণ নিয়ে তাতে কিউব করে কেটে রাখা মাছ, গোলমরিচের গুঁড়া ও লবণ মিশিয়ে মেখে নিন। এবার কিউব করে কাটা সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটো ভালো করে মিশিয়ে ৩০ মিনিট ঢেকে রাখুন। একটি করে কাঠি নিয়ে তাতে একে একে প্রথমে মাছ তারপর পেঁয়াজ, টমেটো ও ক্যাপসিকাম গেঁথে নিন। এভাবে দুবার করে একেকটি কাঠিতে গেঁথে নিন। অর্থাৎ প্রতিটি কাঠিতে দুটো করে মাছ ও সবজির টুকরো থাকবে। অবশিষ্ট সস ও মসলার মিশ্রণ আলাদা করে রাখুন। প্যানে তেল বা মাখন গলিয়ে মাছের শাশলিকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ অল্প আঁচে ফ্রাই করে নিন। মাঝে মাঝে তেল বা মাখন ব্রাশ করুন। সোনালি রং না হওয়া পর্যন্ত এক-এক দিকে অল্প আঁচে ৮ থেকে ১০ মিনিট ফ্রাই করতে হবে। শাশলিক হয়ে গেলে পরিবেশন পাত্রে সাজিয়ে নিন। প্যানে অবশিষ্ট সসের মিশ্রণ ভালো করে জ্বাল দিয়ে শাশলিকের ওপর ঢেলে দিন।

.
.

মালাই সবজি নিরামিষ

উপকরণ: পেঁপে ২ কাপ, মিষ্টি কুমড়া ২ কাপ, ঝিঙে ২ কাপ, চিচিঙ্গা ২ কাপ, পটোল ২ কাপ, বেগুন ২ কাপ, আদা বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ দেড় চা-চামচ, চিনি ১ চা-চামচ, পোস্তদানা ১ টেবিল চামচ, কাজুবাদাম এক কাপের চার ভাগের এক ভাগ, খোসা ছাড়ানো কাঠবাদাম আধা কাপ (ঘন দুধ দিয়ে মসৃণ করে বেটে নিতে হবে), ক্রিম আধা কাপ, সয়াবিন তেল এক কাপের চার ভাগের এক ভাগ, ঘি ১ টেবিল চামচ, তেজপাতা ১টি, শুকনা মরিচ ৫টি, ভাজা পাঁচফোড়ন গুঁড়া ২ চা-চামচ। সব ধরনের সবজি কিউব করে কাটতে হবে। বেগুন বাদে সব সবজির বিচি ফেলে নিতে হবে।

প্রণালি: সবজি পানিতে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। ভালো করে ধুয়ে খোসা ফেলে কিউব করে কেটে নিন। বেগুন কেটে সামান্য পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রাখুন। এতে বেগুন থেকে কালো পানি বের হবে। ৩০ মিনিট পর পরিষ্কার পানিতে তুলে রাখুন। কড়াই বা প্যানে ১ থেকে দেড় কাপ পানি নিয়ে লবণ, পাঁচফোড়নের গুঁড়া, ক্রিম, দুধ দিয়ে বাটা বাদামের মিশ্রণ ও পোস্তদানা, তেল, তেজপাতা ও শুকনা মরিচ বাদে অন্যান্য মসলা নিয়ে তাতে প্রথমে মিষ্টি কুমড়া ও পেঁপে দিয়ে মাঝারি আঁচে ঢেকে কিছুক্ষণ রাখুন। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে বেগুন, চিচিঙ্গা ও পটোল দিয়ে নেড়ে আবারও ঢেকে পাঁচ মিনিট পর ঝিঙে দিয়ে নেড়ে আরও কিছুক্ষণ রান্না করুন। ৮০ ভাগ সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে পোস্তদানা ও বাদামের মিশ্রণ দিয়ে মিশিয়ে নাড়ুন। আরেকটি চুলায় কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ও শুকনা মরিচের ফোড়ন দিয়ে (মরিচ পোড়াবেন না, কিন্তু মরিচ ভাজার গন্ধ তেলে ছড়াবে) সবজি ঢেলে দিন। ক্রিম দিয়ে নেড়ে ভাজা পাঁচফোড়নের গুঁড়া ছিটিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে ঘি ঢেলে আলতোভাবে নেড়ে ঢেকে চুলা বন্ধ করে দিন। যেকোনো ধরনের পোলাও, পরোটা অথবা নানরুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

.
.

তেঁতুল চিংড়ি

উপকরণ

মাথা ও খোসা বাদ দিয়ে লেজসহ চিংড়ি মাছ ৪৫০ গ্রাম, শুকনা মরিচ ৬টি, সয়াবিন তেল ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, ব্রাউন সুগার ২ টেবিল চামচ, চিকেন স্টক ২ টেবিল চামচ, থাই ফিশ সস ১ টেবিল চামচ, তেঁতুলের ক্বাথ ৬ টেবিল চামচ, ভাজা রসুনের কুচি ১ টেবিল চামচ, কচি পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, ধনেপাতার কুচি ২টি, লবণ স্বাদমতো।

প্রণালি

ফ্রাইপ্যান গরম করে আঁচ কমিয়ে প্রথমে শুকনা মরিচ টেলে প্যানে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে থেঁতো করে নিন। তবে খেয়াল রাখতে হবে, মরিচ যেন পুড়ে না যায়। টেলে মরিচ থেঁতো করা হয়ে গেলে একটি শুকনা পাত্রে উঠিয়ে রাখুন। এবারে প্যানে তেল গরম করে মাঝারি আঁচে পেঁয়াজকুচি ২/৩ মিনিট অথবা হালকা সোনালি হওয়ার আগ পর্যন্ত ভাজুন। তারপর ব্রাউন সুগার, মুরগির স্টক অথবা পানি দিয়ে নেড়ে ফিশ সস, টেলে নেওয়া থেঁতো করা শুকনা মরিচ এবং অল্প ঘন তেঁতুলের ক্বাথ দিয়ে অল্প আঁচে অনবরত নাড়ুন। চিনি সম্পূর্ণ গলে মিশে কয়েকবার ফুটে উঠলে আঁচ সামান্য কমিয়ে দিন। এবার চিংড়ি মাছ, ভাজা রসুনের কুচি এবং বেরেস্তা ভালো করে ঝাঁকিয়ে বা টস করে মিশিয়ে নিন। চুলায় ৩/৪ মিনিট বা ৫ মিনিট রেখে ওপর থেকে ধনেপাতার কুচি ছিটিয়ে ঢেকে চুলা বন্ধ করে দিন। ২/৩ মিনিট পর পরিবেশন পাত্রে সাজিয়ে পরিবেশন করুন।

.
.

 স্টাফড কোরাল

১ম ধাপ: উপকরণ: আস্ত কোরাল বা ভেটকি মাছ (১ কেজি ওজনের) ১টি, লবণ ১ চা-চামচ + ১ চা-চামচ, কালো গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ।

প্রণালি: মাছের আঁশ ছাড়িয়ে নিন। এবার দুই পাশের কাটা মুখের সামান্যটুকু কেটে নিন। পেটের কাছে পাথালে করে কেটে ভেতরের সব ময়লা বের করে পরিষ্কার করে নিন। ভালো করে ধুয়ে ১ চা-চামচ লবণ মেখে ৩০ মিনিট রেখে আবার ভালো করে ধুয়ে কিচেন পেপার দিয়ে মুছে নিন। মাছের পেটের ভেতরে ও অন্য কোনো অংশে কোনোক্রমেই পানি থাকতে পারবে না।

 ২য় ধাপ: উপকরণ: গরু অথবা মুরগির মাংসের কিমা ২৫০ গ্রাম, লবণ সিকি চা-চামচ + সিকি চা-চামচ, তেজপাতা ১টি, যেকোনো সিজেনিং সস সিকি চা-চামচ, মাখন ১ টেবিল চামচ, পেঁয়াজ মিহি স্লাইস করে কাটা আধা কাপ, পেঁয়াজের রস ২ টেবিল চামচ, আদার রস ১ টেবিল চামচ, রসুন বাটা সিকি চা-চামচ, কাঁচা মরিচের কুচি আধা টেবিল চামচ, পুদিনা পাতার কুচি ১ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ অথবা স্বাদমতো, লেবুর রস আধা টেবিল চামচ।

প্রণালি: মাংসের কিমা সিকি চা-চামচ লবণ ও তেজপাতা দিয়ে সেদ্ধ করে নিন। ফ্রাইপ্যানে মাখন গলিয়ে পেঁয়াজ সোনালি করে ভেজে লবণ ও চিনি দিয়ে নাড়ুন। আদা, পেঁয়াজের রস এবং রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা কিমা, ধনেপাতার কুচি, পুদিনা পাতার কুচি, কাঁচা মরিচের কুচি ও লেবুর রস দিয়ে মিশিয়ে নাড়ুন। এবার চুলা থেকে নামিয়ে একটি ছড়ানো প্লেটে বেড়ে ফ্যানের নিচে রাখুন। ঠান্ডা হতে দিন।

 ৩য় ধাপ: উপকরণ: মাখন আধা টেবিল চামচ, টমেটো পিউরি ১ কাপ, পেঁয়াজের রস ১ টেবিল চামচ + সিকি কাপ, আদার রস ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, ঝুরি করা পনির ২ টেবিল চামচ, লবণ আধা চা-চামচ, দুধ ৫ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ।

প্রণালি: একটি বড় প্যানে মাখন গলিয়ে টমেটো পিউরি দিয়ে নেড়ে আদা ও পেঁয়াজের রস এবং রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। ঝুরি করা পনির, লবণ ও চিনি দিয়ে নাড়ুন। একটি বাটিতে দুধের সঙ্গে ময়দা গুলিয়ে নিয়ে টমেটোর মিশ্রণের ওপর ঢেলে ভালো করে মিশিয়ে নাড়ুন। মাছের পেটের ভেতরে রান্না করা ঠান্ডা কিমার মিশ্রণ সাবধানে ভরে মাছের পেটের কাটা অংশটুকু হাত দিয়ে চেপে দুটো টুথপিক গেঁথে বন্ধ করে দিন। এবার টমেটো ও পনিরের মিশ্রণে পুর ভরা মাছ খুব সাবধানে বিছিয়ে দিয়ে মৃদু আঁচে রান্না করুন। মাঝে মাঝে চারপাশ থেকে টমেটো ও পনিরের মিশ্রণ নিয়ে মাছের ওপরে দেবেন। মাছ সেদ্ধ হওয়ার জন্য মাছের চারপাশে ও ওপরে কিছুক্ষণ পরপর পেঁয়াজের রস দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে চারপাশে টমেটোর মিশ্রণ ও পেঁয়াজের রস দিয়ে ঢেকে রান্না করুন।

 ৪র্থ ধাপ: উপকরণ: টক দই আধা কাপ, সরষে বাটা অথবা গুঁড়া ৪ চা-চামচ, ঝুরি করা পনির আধা কাপ, ধনেপাতার কুচি সিকি কাপ, লবণ আধা চা-চামচ, চিনি ১ চা-চামচ।

প্রণালি: একটি বাটিতে টক দই ফেটে নিয়ে তাতে সরষে গুঁড়া, ঝুরি করা পনির, ধনেপাতার কুচি, লবণ ও চিনি মিশিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফেটে নিন। এবার মাছ সেদ্ধ হয়ে এলে পনির ও দইয়ের সস ওপর থেকে ঢেলে একবারে মৃদু আঁচে ১৫ মিনিট ঢেকে রান্না করুন। তারপর চুলার আঁচ বন্ধ করে আরও ১০ মিনিট দমে রাখুন। তারপর পরিবেশন পাত্রে খুব সাবধানে উঠিয়ে মনের মতো সবজি মাখনে ভেজে সাজিয়ে পরিবেশন করুন।