সবজিতে কি শর্করা আছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রায় সব ধরনের সবজিতেই কিছু না কিছু শর্করা আছে। তবে ডায়াবেটিসের রোগীর জন্য কোনটা খাওয়া ভালো আর কোনটা খারাপ, তা নির্ভর করে তার গ্লাইসেমিক সূচক বা ইনডেক্সের ওপর। কোনো একটা খাবার কত দ্রুত রক্তে শর্করা কতটা বাড়াতে পারে—তারই সূচক এটি। যেসব খাবারের গ্লাইসেমিক সূচক ৭০-এর ওপর, সেগুলোকে বলা হয় উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স বা হাই জিআই ফুড। আর যেসব খাবারের জিআই ইনডেক্স ৫৬ থেকে ৬৯, সেগুলো মধ্যম জিআই খাবার। আর এই সূচক ৫৫-এর নিচে হলে বলা হয় নিম্ন বা লো জিআই ফুড। যে খাবারের জিআই যত বেশি, তা ডায়াবেটিক রোগীর জন্য তত খারাপ।
বেশির ভাগ শাকসবজিতে আঁশের পরিমাণ বেশি বলে সেগুলো অন্ত্রে শোষিত হতে বেশি সময় লাগে, আর সেসবের পুষ্টি উপাদানগুলো ধীরে ধীরে রক্তে মেশে। ফলে অতি দ্রুত রক্তে শর্করা বাড়ায় না। তাই বেশির ভাগ ক্ষেত্রেই শাকসবজি খেলে আপনার রক্তের শর্করা বাড়ার কথা নয়। তবে এর কিছু ব্যতিক্রম আছে। আসুন জেনে নিই সেগুলো সম্পর্কে।
আলু: আলু একটি উচ্চমানের জিআইসম্পন্ন খাবার। অর্থাৎ এর জিআই ৭০-এর বেশি। শুধু তা-ই নয়, এর ক্যালরি মানও অনেক। আলুতে কেবল শর্করাই বাড়ে না, ওজনও বাড়তে পারে। মিষ্টি আলুতে প্রচুর আঁশ থাকা সত্ত্বেও এর জিআই ৭০-এর কাছাকাছি। তাই আলু খেতে হবে হিসাব করে।
মিষ্টিকুমড়া: মিষ্টিকুমড়া খেতে মিষ্টি; কেননা, এতে বেশ শর্করা আছে। এর জিআই ৬৫। তবে মিষ্টিকুমড়ায় আছে একই সঙ্গে প্রচুর ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘সি’। তাই একেবারে বাদ না দিয়ে বরং অন্যান্য সবজির সঙ্গে রান্না করে খাওয়া ভালো।
গাজর: অনেকের ধারণা গাজর মিষ্টি বলে বেশি খাওয়া চলবে না। তবে গাজরের জিআই মধ্যম মাত্রার—৪০ থেকে ৪৫। একটি গাজরে ৫ গ্রাম শর্করা আর ৩১ ক্যালরি শক্তি থাকে। প্রচুর বিটা ক্যারোটিন বা ভিটামিন ‘এ’ আছে গাজরে। তাই শর্করার ভয়ে গাজর একেবারে বাদ দেওয়া ঠিক নয়।
বিট: লাল বিটেও বেশ ভালো পরিমাণ শর্করা আছে। যদিও এটিও মধ্যম মাত্রার জিআইসম্পন্ন সবজি। আধা কাপ বিটে ৭ গ্রাম শর্করা আছে।

হরমোন ও ডায়াবেটিস বিভাগ, বারডেম হাসপাতাল।