সবজিতেই মাংসের স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জনপ্রিয় ফাস্টফুড বার্গারে মাংস না থাকলে কি চলে? কিন্তু স্বাস্থ্যের কথাও তো ভাবতে হবে। যদি শাকসবজি আর খাদ্যশস্যের তৈরি বার্গারেই মাংসের স্বাদ-গন্ধ মেলে, ভোজনবিলাসীরা নিশ্চয়ই খুশিতে আটখানা হবেন। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির একটি প্রতিষ্ঠান সেই সুখবরই দিয়েছে।
ইমপসিবল ফুডস নামের ওই খাবার প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি চালু করেছে মাংসবিহীন নতুন একধরনের বার্গার। এটি দেখতে একেবারে বিফ বার্গারের মতো। স্বাদে-গন্ধেও ঠিক একই রকম। ইমপসিবল ফুডসের প্রতিষ্ঠাতা ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্যাট্রিক ব্রাউন বলেন, তিনি বার্গারের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করেছেন পাঁচ বছর ধরে। সেই চেষ্টা বিফল হয়নি। সহযোগী একদল গবেষককে নিয়ে তিনি নিরামিষ বার্গারেই গরুর মাংসের স্বাদ-গন্ধ ও রং দিতে পেরেছেন।
ব্রাউন আরও বলেন, ‘আমরা কেবল কয়েক রকমের শাকসবজি একসঙ্গে মিশিয়ে একটি খাবার বানিয়ে তাকে বার্গার নাম দিয়ে দিইনি। কী কারণে বার্গার এত সুস্বাদু হয়, তা নিয়ে রীতিমতো গবেষণা করেছি। সয়াবিনের জিন ইস্টের মধ্যে স্থাপন করে বানিয়েছি হেম নামের একটি তরল উপাদান। এটির রং লালচে। পরে সেটা গাজানো হয় বা চোলাই করতে হয়। লালচে হেমের কারণেই বার্গারটির রং হয় মাংসের মতো, ঠিক যেন গরুর মাংসের টুকরো দিয়ে তৈরি।
সিলিকন ভ্যালির রেস্তোরাঁ জার্দানিয়েরের মালিক ত্রাসি দে জার্দা বলেন, তাঁরা মাংস-স্বাদের নিরামিষ বার্গারটি বিক্রি করছেন। ইমপসিবল ফুডস দাবি করছে, এই বার্গারটি স্বাস্থ্যের জন্য উপকারী। কারণ, এতে বিফ বার্গারের তুলনায় চর্বির পরিমাণ কম এবং ক্যালরিও কম। আর নেই কোনো কোলেস্টেরল।