সবজির দাম চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসের ব্যবধানে দুই দফা বন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় সবজিখেত ও বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। এর প্রভাব পড়েছে বাজারে। সবজির দাম বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ।
গত বৃহস্পতিবার বিকেলে চকরিয়া পৌর শহরের প্রধান কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি চিচিঙ্গা, ঝিঙে, করলা, বরবটি, ঢ্যঁাড়স ও পটোল বিক্রি হচ্ছে ৬০ টাকা করে। এ ছাড়া কাকরোল ৫০ টাকা, কাঁচা মরিচ ১০০ থেকে ১২০, গাজর ১০০ থেকে ১১০ টাকা, মিষ্টিকুমড়া ৩৫ থেকে ৪০, টমেটো ৯০ থেকে ১০০, কাঁচা পেঁপে ৫০, ক্ষীরা ৫০ থেকে ৬০ ও লাউ ৩০ থেকে ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।
বাজারে আসা ক্রেতা মনজুর আলম (৪৫) বলেন, ‘তরকারির দাম দ্বিগুণ হয়ে গেছে। এমনিতেই বন্যায় ক্ষতিগ্রস্ত এখন নিত্যপণ্যের দাম বেড়ে আরও কষ্ট পাচ্ছি।’
চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের রবিউল আলম, ছমি উদ্দিন, আশরাফ আলী, কবির হোসেনসহ অন্তত ১০ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, চকরিয়া উপজেলা সবজি চাষের জন্য বিখ্যাত। এ উপজেলার কৃষকেরা নিজেদের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় সবজি সরবরাহ দিয়ে থাকেন। এখন তাঁরা নিজেরাই সবজি কিনছেন চড়া দামে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ২২ থেকে ২৭ জুন পর্যন্ত পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ৪১১ হেক্টর রোপা আউশ, ১ হাজার ১২০ হেক্টর শাকসবজি, ৫৭ হেক্টর আমন বীজতলা, ৪৪ হেক্টর আউশ বীজতলা ও ৩৪ হেক্টর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়। এতে আর্থিক মূল্য ধরা হয়েছে ১৪ কোটি ৭১ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা। এ ছাড়া ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত আবারও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩৩২ দশমিক ৫ হেক্টর জমির ফসল। এর মধ্যে রোপা আউশ ৩৪ দশমিক ৫ হেক্টর, ২৫০ হেক্টর জমির শাকসবজি, ৬৭৯ হেক্টর জমির আমন বীজতলা ও ৩৬৯ হেক্টর জমির আমন আবাদ নষ্ট হয়। এতে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ১০ কোটি ৫১ লাখ ১৫ হাজার টাকা।
কাঁচাবাজারের বিক্রেতা আবদুর নূর বলেন, বন্যায় সবজিখেত ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অন্য এলাকা থেকে সবজি আনতে গিয়ে পরিবহন খরচ বেশি পড়ছে। এ কারণে সবজির দাম বেড়েছে।
বিমানবন্দর রোড ব্যবসায়ী সমিতির (কাঁচাবাজার আড়তদার সমিতি) সাধারণ সম্পাদক নুরুস শফি বলেন, দুবারের বন্যায় কৃষকদের কোমর ভেঙে গেছে। চকরিয়া উপজেলায় এখন কোনো খেতেই সবজি নেই। চট্টগ্রাম, দোহাজারী, ভৈরব, কুষ্টিয়া, পাবনা, মেহেরপুর ও বান্দরবান থেকে আড়তদারেরা সবজি নিয়ে আসছেন। পরিবহন খরচ বেশি হওয়ায় কাঁচাবাজারে এর প্রভাব পড়েছে।