সবজির বাম্পার ফলন, দাম পাচ্ছে না চাষিরা
জেলার বিভিন্ন স্থানে এবার শীতাকালীন শাকসবজির আবাদ হয়েছে প্রচুর। ফলনও ভালো। তবে খরচের তুলনায় দাম তেমন পাচ্ছেন না কৃষকেরা। এ নিয়েপ্রতিনিধিদের পাঠানো দুটি প্রতিবেদন: বাঁশখালীর পাহাড়, সমতল ও উপকূলীয় এলাকায় প্রচুর সবজি আবাদ হয়েছে। ফলনও হয়েছে প্রচুর। তাই এলকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তেও সরবরাহ হচ্ছে। তবে হিমাগারের অভাবে যথাযথভাবে সংরক্ষণ করতে না পারার কারণে লাখ লাখ টাকার সবজি নষ্ট হয় বলে কৃষকদের অভিযোগ। উপজেলার কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, বাঁশখালীর ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে বর্তমানে তিন হাজর ৫০০ একর সমতল ও পাহাড়ের ঢালে ও উপকূলীয় এলাকায় সবজির আবাদ হয়। উপজেলার পুঁইছড়ি, নাপোড়া, শেখেরখীর, ছনুয়া, চাম্বল, শীলকূপ, গন্ডামারা, সরল, পৌরসভা, কাথারিয়া, বৈলছড়ি, কালীপুর, সাধনপুর, বাহারছড়া, খানখানাবাদ ও পুকুরিয়া এলাকায় শীতকালীন সবজির উল্লেখযোগ্য উৎপাদনে ভূমিকা রাখে। বাঁশখালীতে উৎপাদিত শীতকালীন সবজির মধ্যে রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা, লাউ, আলু, বেগুন, করলা উল্লেখযোগ্য। কালীপুর ইউনিয়নের সবজি চাষি মোস্তাফিজ জানান, ‘আমি ৬০ শতক জায়গার ওপর সবজির আবাদ করে চলতি মৌসুমে দেড় লাখ টাকা আয় করি।’ তবে গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুল্লাহ জানান, সবজির ফলন ভালো হলেও যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় চাষিরা নায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় চাষিরা জানান, যথাসময় বীজ, সার, কৃষি উপকরণ পেলে শীতকালীন সবজির ফলন ভালো হতো। সরকারি পৃষ্ঠপোষকতা ও সুযোগসুবিধা পেলে এলাকার মানুষ শীতকালীন সবজি উৎপাদনের প্রতি আরও উৎসাহিত হবে বলে তাদর ধারণা। উপজেলার কৃষি কার্যালয় আবদুল জলিল মন্ডল বলেন, কৃষি কার্যালয় উপসহকারীরা বাঁশখালীর প্রতিটি ইউনিয়নে কৃষকদের সেবা ও পরামর্শ দিয়ে থাকেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল জানান, যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় ও হিমাগার না থাকায় সবজিচাষিরা সবজির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। —আবু বকর, বাঁশখালীচন্দনাইশদক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়ায় এবার সবজির বাম্পার ফলন হয়েছে। কিন্তু প্রতিবছর শ্রমিক, সার, কীটনাশক, পানিসেচের দাম বৃদ্ধি এবং সবজির দাম বার বার ওঠানামায় সবজির ভালো ফলনের পরও চাষিরা লাভবান হচ্ছেন না। উপজেলা কৃষি সমপ্রসারণ বিভাগ সূত্র জানায়, চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার ২৭টি ইউনিয়নে বেগুন, মূলা, টমেটো, শিম, বরবটি, করলা, শসা, লাউ, কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, খিরাসহ বিভিন্ন জাতের সবজির চাষ হয়। স্থানীয় লোকজন জানান, দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী রেলওয়ে মাঠে বসে শাকসবজির বড় বাজার। পাইকারদের কাছে বিক্রির জন্য চাষিরা ভোর হতে বিভিন্ন উপজেলা থেকে এখানে সবজি নিয়ে আসেন। ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে সবজি কিনে প্রতিদিন ট্রাক, মিনি ট্রাক, টেম্পুসহ নানা যানবাহন বোঝাই করে বিভিন্ন স্থানে সবজি সরবরাহ করেন। ভোর থেকে দুপুর পর্যন্ত একটানা শাকসবজির বেচাকেনা চলে। তবে সবজি ব্যবসায়ী আবুল হোসেন জানান, ‘এ বছর চাষিরা সবজির দাম ওঠানামা করায় তেমন লাভবান হতে পারছেন না। প্রথমে বাজারে আনা এক ভার (৬০ কেজি) মূলার দাম ছিল ৮০০ থেকে ৯০০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়।সাতকানিয়া উপজেলা কালিয়াইশের সবজিচাষি সুলতান আহমদ জানান, এ বছর ৬০ শতক জমিতে বেগুন চাষ করতে তাঁর খরচ হয়েছে ৬৫ হাজার টাকা। ওই খেত থেকে আরও ২০ হাজার টাকার বেগুন বিক্রি করতে পারবেন বলে তিনি জানান। চন্দনাইশ উপজেলার বৈলতলীর টমেটোচাষি নুরুল ইসলাম জানান, এবার ৬০ শতক জমিতে টমেটো চাষে তাঁর খরচ হয়েছে ২০ হাজার টাকা। বাজারে এক ভার (৪৫ কেজি) টমেটো বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। তিনি আক্ষেপ করে বলেন, ‘ গত বছর এক ভার টমেটো বিক্রি হয়েছে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত। এ বছর টমেটোর দাম না থাকায় চাষের খরচও উঠবে না। ’ এ ছাড়া বর্তমানে খেত থেকে সবজি তুলে বাজারে আনতে খরচ হয় প্রতিভারে ৬০ টাকা। বর্তমানে কপি চাষে যা খরচ হয়েছে তাও তুলে আনা যাবে কিনা সন্দেহ করছেন চাষিরা। — এম এ রাজ্জাক, চন্দনাইশ