শীতের সবজি গরম স্যুপ

মিষ্টি কুমড়ার স্যুপছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে থরে থরে সাজানো শীতের সবজি। সবুজ, লাল, কমলা, হলুদ সব রঙে রঙিন এখন সবজির বাজার। এই রং আর মিষ্টি-ঝাল স্বাদ নিয়ে আসা যায় গরম স্যুপের পেয়ালাতেও। রেসিপি দিয়েছেন ফারাহ্ সুবর্ণা।

আলু-ভুট্টার স্যুপ

আলু ভুট্টার স্যুপ
ছবি: খালেদ সরকার

উপকরণ: আলু ২ কাপ (খোসা ফেলে কিউব করে কাটা), ভুট্টার দানা ১ কাপ (মাঝারি আকারের ভুট্টা থেকে দানা খুলে নিন), মুরগির কিউব ১টা, ময়দা ১ টেবিল চামচ, তরল দুধ আধা কাপ, গোলমরিচ স্বাদমতো, মাখন দেড় টেবিল চামচ, লবণ স্বাদমতো, পানি প্রয়োজনমতো ও পেঁয়াজপাতা সাজানোর জন্য।

প্রণালি: মুরগির কিউব পানিতে মিশিয়ে তাতে আলু আর ভুট্টার দানা ভালোমতো সেদ্ধ করে নিন। সেই পানিতেই আলু আধা ভাঙা করে নিতে হবে। তারপর অন্য একটা পাত্রে মাখন গরম করে নিন। ময়দা ভেজে তরল দুধ মিশিয়ে ঘন সাদা সস তৈরি করে নিন। আস্তে আস্তে পানিসহ সেদ্ধ আলু-ভুট্টা, স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়া ভালোমতো মিশিয়ে নিন। ফুটিয়ে নিয়ে পছন্দমতো ঘনত্বে এলে নামিয়ে নিন। ওপরে পেঁয়াজপাতার কুচি আর অল্প লেবুর রস ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন।

বিট স্যুপ

বিটের স্যুপ

উপকরণ: বিট দেড় কাপ (খোসা ফেলে ছোট কিউব করে কাটা), পাকা টমেটো আধা কাপ (কিউব করে কাটা), পেঁয়াজ ১টি (মাঝারি আকারের পেঁয়াজ, কিউব করে কাটা), রসুন কিমা আধা চা-চামচ, মাখন দেড় টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া স্বাদমতো, লবণ স্বাদমতো, পানি প্রয়োজনমতো ও ক্রিম সাজানোর জন্য।

প্রণালি: অল্প মাখনে পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত ভাজুন। এরপর তুলে রাখুন। কেটে রাখা বিট ও টমেটো আধা লিটার পানিতে ভালোমতো সেদ্ধ করে নিন। কিছুটা ঠান্ডা করে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এবার একটা প্যানে মাখন গরম করে তাতে রসুন ও কিমা হালকা করে ভেজে নিন। ব্লেন্ড করে রাখা বিট ও টমেটো দিয়ে ফুটিয়ে নিন। সঙ্গে দিতে হবে স্বাদমতো লবণ ও গোলমরিচের গুঁড়া। যদি স্যুপ বেশি পাতলা বা ঘন মনে হয়, তাহলে প্রয়োজনমতো পানি দিয়ে পাতলা করে নিতে পারেন। অথবা আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে ঘন করেও নেওয়া যাবে। স্যুপ হয়ে গেলে পরিবেশন পাত্রে দিয়ে ওপরে ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

মটরশুঁটির স্যুপ

মটরশুঁটির স্যুপ

উপকরণ: মটরশুঁটি ২ কাপ, রসুন ২ কোয়া, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া অথবা কাঁচা মরিচ স্বাদমতো, পারমিজান চিজের গুঁড়া ১ টেবিল চামচ, লেবুর রস স্বাদমতো, চিনি আধা চা-চামচ, লবণ স্বাদমতো, জলপাই তেল ২ টেবিল চামচ ও ভেজিটেবল স্টক প্রয়োজনমতো।

প্রণালি: ভেজিটেবল স্টকে মটরশুঁটি ও রসুন দিয়ে ভালোমতো সেদ্ধ করে নিন। নামানোর আগে ধনেপাতাকুচি মিশিয়ে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিন। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এবার প্যানে জলপাই তেল দিয়ে ব্লেন্ড করা মটরশুঁটি দিয়ে দিন। এবার স্বাদমতো লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া বা কাঁচা মরিচকুচি, পারমিজান চিজের গুঁড়া ও লেবুর রস মিশিয়ে ফুটিয়ে নিন। ঘন হলে এলে পরিবেশন পাত্রে ঢেলে নিতে হবে। নামিয়ে ওপরে একটু জলপাই তেল আর নতুন কুটে নেওয়া গোলমরিচের গুঁড়া ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন। এই স্যুপের সঙ্গে টোস্টেড ব্রেড বা গার্লিক ব্রেড দারুণ লাগে।

মুরগি-বাঁধাকপির স্যুপ

মুরগি-বাঁধাকপির স্যুপ

উপকরণ: মুরগির বুকের মাংস ১ কাপ (কিউব করে কাটা), বাঁধাকপি ২ কাপ (কিউব করে কাটা), গাজর আধা কাপ (কিউব করে কাপ), রসুন কিমা আধা চা-চামচ, লাইট সয়া সস ১ চা-চামচ, সাদা গোলমরিচের গুঁড়া স্বাদমতো, চিনি ১ চা-চামচের ৩ ভাগের ১ ভাগ অংশ, লবণ স্বাদমতো, মাখন ১ টেবিল চামচ,

পানি প্রয়োজনমতো, সাদা ভিনেগারে ভেজানো কুচি করে কাটা কাঁচা মরিচ পরিবেশনের জন্য।

প্রণালি: প্যানে মাখন দিয়ে তাতে রসুন কিমা হালকা ভেজে নিন। তাতে কিউব করে কাটা মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। গাজর আর স্বাদমতো লবণ দিয়ে দিন। প্রয়োজনমতো পানি দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। মুরগি আর গাজর সেদ্ধ হয়ে গেলে তাতে বাঁধাকপি দিয়ে দিন। অল্প কিছুক্ষণ সেদ্ধ করে লাইট সয়াসস, স্বাদমতো সাদা গোলমরিচের গুঁড়া, চিনি, লবণ দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলতে হবে। ঝাল বেশি পছন্দ হলে কাঁচা মরিচকুচিও দেওয়া যেতে পারে রান্নার সময়। পরিবেশনের সময় ওপরে ভিনেগার-কাঁচা মরিচকুচির মিশ্রণ ছড়িয়ে পরিবেশন করতে হবে।

মিষ্টিকুমড়ার স্যুপ

উপকরণ: পাকা মিষ্টিকুমড়া ৩ কাপ, পেঁয়াজ ১টা (মাঝারি আকারের), রসুন ২ কোয়া, ঘন নারকেল দুধ ১ কাপ, সাদা গোলমরিচের গুঁড়া স্বাদমতো, লবণ স্বাদমতো, মাখন ২ টেবিল চামচ, ক্রিম পরিবেশনের জন্য।

প্রণালি: প্রি-হিটেড ওভেনে একটা ট্রেতে অল্প মাখন মাখিয়ে নিন। খোসা ছাড়ানো চাক করে কাটা মিষ্টিকুমড়া, বড় করে কাটা পেঁয়াজ আর রসুনের কোয়া ছড়িয়ে দিয়ে উল্টেপাল্টে লালচে করে গ্রিল করে নিতে হবে ২০–২৫ মিনিটের জন্য। ওভেন না থাকলে প্যানে মাখন দিয়ে দিন। কুমড়ার টুকরাগুলো কম আঁচে ক্যারামেলাইজ করে নিন। কুমড়া একটু ঠান্ডা হলে নারকেল দুধ আর প্রয়োজনমতো পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তারপর প্যানে ঘি গরম, তাতে ব্লেন্ড করা মিষ্টিকুমড়া দিয়ে দিন। স্বাদমতো লবণ, সাদা গোলমরিচের গুঁড়া মিশিয়ে দিন। ফুটিয়ে নামিয়ে নিয়ে ওপরে অল্প ক্রিম ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।