সবদিকে সুপ্রভা

রংপুর বন্ধুসভার সাহিত্য সম্পাদক সুপ্রভা হকের কৃতিত্ব। সে এ বছর শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কলেজ পর্যায়ে সেরা শিক্ষার্থীসহ আবৃত্তিতেও সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। সে বর্তমানে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল, কবিতা আবৃত্তি, সংগীত, বিতর্ক, বই পড়া, গল্প লেখা, নানা ধরনের খেলাধুলা, সাঁতার বিএনসিসিসহ আরও কিছু সামাজিক কর্মকাণ্ডে সুপ্রভা পারদর্শী হওয়ায় সেরা শিক্ষার্থী হিসেবে বিবেচিত হয়েছে। একই সঙ্গে সেরা আবৃত্তিকারও হয়েছে।
এর আগে সে তার নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে সেরা হয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথম সদর উপজেলায় প্রতিযোগিতা অংশ নেয়। সেখানে সেরা হয়ে জেলার প্রতিযোগিতায় সেরা হয়।
সুপ্রভা সেই ছোট্ট ক্লাস থেকে রংপুর বন্ধুসভার সঙ্গে যুক্ত। বন্ধুসভা আয়োজিত সব অনুষ্ঠানে মা-বাবার সঙ্গে উপস্থিত থাকত সে। তার নেতৃত্বে একসময় অনেক নতুন বন্ধুও বন্ধুসভায় কাজ করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে বন্ধুদের জন্য গলায় ঝোলানো পরিচিতির কার্ডগুলো অনুষ্ঠান শেষে তার কাছে ফেরত দিতেন বন্ধুরা। ছোট থেকেই এভাবে কাজ করতে করতে বড় হয়ে উঠছে। সেই সঙ্গে কৃতিত্বও অর্জন করে চলেছে একের পর এক।
প্রথম আলো-ডাচ্-বাংলা ব্যাংক গণিত উৎসবে অঞ্চলভিত্তিক আয়োজনে অংশ নিয়ে একাধিকবার বিজয়ী হয়েছে সুপ্রভা। বিজয়ী হয়েছে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উত্সবেও।